সেলিম আল দীন স্মরণ উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থিয়েটার প্রয়াত বরেণ্য নাট্যকার সেলিম আল দীনকে নিয়ে দুই দিনের স্মরণ উত্সবের আয়োজন করেছে। এ উত্সবে সেমিনার, স্মারক বক্তব্য ও নাটক মঞ্চস্থ হবে। আজ থেকে শুরু হয়ে এ উত্সব চলবে আগামীকাল পর্যন্ত। আজ সকালে সেলিম আল দীনের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সেমিনার হল উদ্বোধন করা হবে। এরপর তাঁর কবরে ফুল দেওয়া হবে। পরে তাঁর জীবনী নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে, তা পাঠ করবেন অধ্যাপক লুত্ফর রহমান। সন্ধ্যায় জাহাঙ্গীরনগর মুক্তমঞ্চে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছেলেমেয়েরা পরিবেশন করবেন সেলিম আল দীনের বিখ্যাত নাটক প্রাচ্য। নাটকটির নির্দেশনা দিচ্ছেন ইউসুফ হাসান অর্ক। এর আগে সকাল নয়টায় ঢাকা থিয়েটারের কর্মীরাসহ ঢাকার বিভিন্ন দলের নাট্যকর্মীরা শিল্পকলা একাডেমী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসযোগে রওনা হবেন। পরদিন ১৫ জানুয়ারি বেলা ১১টায় শিল্পকলার কনফারেন্স হলে সেলিম আল দীনের ওপর স্মারক বক্তব্য দেবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিষয় থাকছে ‘উচ্ছেদের শোক, বিচ্ছেদের কষ্ট ও সংস্কৃতির কাজ’। এটি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সন্ধ্যায় ঢাকা থিয়েটার পরিবেশন করবে ধাবমান নাটকটি। এটি নির্দেশনা দিয়েছেন শিমুল ইউসুফ।দুই দিনের স্মরণ উত্সব প্রসঙ্গে ঢাকা থিয়েটারের কর্ণধার নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘অধ্যাপক সেলিম আল দীন আমাদের নাটকের নতুন জীবন দিয়ে গেছেন। তাঁর চিন্তাধারার মধ্য দিয়ে আমাদের নব নাটকের সূচনা হয়েছে। তাঁকে স্মরণের মধ্য দিয়ে আমরা নতুন করে এগিয়ে যাওয়ার সাহস পাই।’