
পরীক্ষণ থিয়েটারের প্রবেশ টানেলের মুখে সেলিম আল দীনের ছবি। সেটার নিচে জ্বলন্ত প্রদীপ আর ফুলের পাপড়ি। টানেলের ভেতরে ঝুলছিল কাগজের পাখি, দেয়ালে সাঁটা সেলিম আল দিনের নাটকগুলোর নাম। নাট্যাচার্য চলে যাওয়ার পরে বহু নাটক লেখা হয়েছে, হচ্ছে ও হবে। কালের দেয়ালে সেগুলোর নাম লেখা থাকবে কি না, এখনই সে কথা অনুমান করা যায়।
‘সেলিম আল দীনের প্রয়াণের পর অনেক নাটক মঞ্চে এসেছে। তাঁর মতো প্রবল ক্ষমতা নিয়ে কেউ আর নাটক লিখছে বলে আমার মনে হয় না। নাটকের আঙ্গিক অনেক সময় দুর্বল হয়, হতে পারে, কিন্তু রচনা দুর্বল হলে নাট্য আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।’ সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৬-এর শুরুতে গেল সন্ধ্যায় কথাগুলো বললেন নাসির উদ্দীন ইউসুফ। গতকাল মঙ্গলবার মঙ্গলদীপ জ্বালিয়ে চার দিনের এই উত্সব উদ্বোধন করেন উত্সবের এই উপদেষ্টা। এ আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদি মেহেরুন্নেসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক ও উত্সবের আহ্বায়ক মো. কামরুল হাসান খান।
মেহেরুন্নেসা বলেন, ‘বাঙালির প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে নাট্যচর্চা করেছেন সেলিম আল দীন। সে ধারা অব্যাহত থাকলেই এই স্মরণ অনুষ্ঠান সার্থক হবে।’
উত্সব উদ্বোধনের পর পরীক্ষণ থিয়েটার হলে শুরু হয় সাভারের নাট্যসংগঠন ‘বুনন থিয়েটার’-এর নাটক নক্সী কাঁথার মাঠ। কবি জসীমউদ্দীন রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন আনন জামান। চার দিনের এই উত্সবে বিভিন্ন নাট্যদলের সাতটি নাটক দেখানো হবে। আজ বিকেল পাঁচটায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হবে জালালপুর থিয়েটারের নাটক সময়ের সংলাপ, সন্ধ্যা সাতটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনা কবি। যৌথভাবে এ উত্সবের আয়োজন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ঢাকা বিভাগ ও ঢাকা থিয়েটার।