
সেলিম আল দীনের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় গতকাল ছিল নাটক ও নাটক থেকে পাঠ।
হরগজ: নাট্য সংগঠন স্বপ্নদল আয়োজিত চার দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব’-এর তৃতীয় দিনে গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে ছিল সেলিম আল দীনের হরগজ নাটকের মঞ্চায়ন।
নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
মানিকগঞ্জ জেলার হরগজ গ্রামে ১৯৮৯ সালে সংঘটিত প্রলয়ংকরী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন এই নাটক রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সেই ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। কাব্যিক এ প্রযোজনায় শেষাবধি হরগজ যেন উদ্ধারকারী দলের সামনে রূপান্তরিত হয় বিশ্বব্যাপী ভাঙা মানবভুবনের রূপক হিসেবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুকন্যা, শরীফ, ইমন, রেজাউল, সামাদ, শিশির, শাওন, শাহীন, মিতা, মোস্তাফিজ, নাবলু, মনির, জেবু, মাধূরী, সাইদ, হিটলার, রিমু, জাহিদ প্রমুখ।
প্রদর্শনীতে অতিথি ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী। আজ উৎসবের শেষ দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় স্টুডিও থিয়েটারে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদি কাব্যনাট্য চিত্রাঙ্গদা প্রযোজনার মঞ্চায়ন।
পাঠ: ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিঃশেষ ছায়াপথ’ স্লোগান নিয়ে সেলিম আল দীন ফাউন্ডেশনের সেলিম স্মরণে তিন দিনের অনুষ্ঠানমালায় গতকাল সন্ধ্যায় ছিল তাঁর নাটক থেকে পাঠ। সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার নিমজ্জন ও দিনলিপি থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। আজ সমাপনী দিনে ঢাকা থিয়েটার নাট্যশালার মূলমঞ্চে মঞ্চস্থ করবে ধাবমান। নাটকটির নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ।
এলআরবির ব্লুজ সন্ধ্যা
দেশের অন্যতম প্রধান জনপ্রিয় ব্যান্ড দল এলআরবির সংগীতসন্ধ্যা রয়েছে কাল শুক্রবার ভারতীয় হাইকমিশনের গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে। ব্লুজ গান পরিবেশন করবেন দলের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।