সেলিম আল দীন স্মরণে স্বপ্নদলের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৪ জানুয়ারি প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের তৃতীয় প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে স্বপ্নদল আয়োজন করেছে ‘স্মরণে নাট্যভাষে নাট্যাচার্য সেলিম আল দীন’ শিরোনামে অনুষ্ঠানমালা। কাল শুক্রবার ফরিদপুর থেকে শুরু হচ্ছে এ অনুষ্ঠানমালা।জানা গেছে, কাল সন্ধ্যা ছয়টায় ফরিদপুরের অম্বিকা ময়দানে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’র নাট্যরূপ ‘ফেস্টুনে লেখা স্মৃতি’। পরদিন শনিবার বিকেল তিনটা ও সন্ধ্যা ছয়টায় জসীমউদ্দীন হলে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের আরেকটি নাটক ‘হরগজ’। এ দুটি নাটকই মঞ্চস্থ করবে স্বপ্নদল। আরও থাকছে সেলিম আল দীনের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা, আলোকচিত্র, তথ্য ও পুস্তক প্রদর্শনী এবং সেলিম আল দীনকে নিবেদিত কোরিওগ্রাফি ও সংগীত পরিবেশনা।‘স্মরণে নাট্যভাষে নাট্যাচার্য সেলিম আল দীন’ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা।সেলিম আল দীনের ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ অবলম্বনে ফেস্টুনে লেখা স্মৃতির নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন, নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঁঞা ও রওনক লাবণী। আর ‘হরগজ’ নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।স্বপ্নদল সূত্রে আরও জানা গেছে, ১৪ জানুয়ারি সেলিম আল দীনের প্রয়াণ দিবসে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে স্বপ্নদল আয়োজন করেছে ‘স্মরণে নাট্যভাষে নাট্যাচার্য সেলিম আল দীন’ শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠান। ওই দিন নানা আয়োজনের মধ্যে থাকছে শোভাযাত্রা, আলোচনা, স্মৃতিচারণা, ফেস্টুনে লেখা স্মৃতির প্রদর্শনী, সেমিনার, নবীন নাট্যকর্মীদের সঙ্গে মতবিনিময়, কোরিওগ্রাফি ও সংগীত পরিবেশনা, তথ্যচিত্র-আলোকচিত্র প্রদর্শনী এবং ‘হরগজ’ নাটকের প্রদর্শনী।