নাট্যকার সেলিম আল দীনের নবম প্রয়াণবার্ষিকী ছিল গতকাল ১৪ জানুয়ারি। শিকড়সন্ধানী এই নাট্যজন স্মরণে শুরু হলো চার দিনব্যাপী সেলিম আল দীন স্মরণ উৎসব। তাঁর রচিত নাটকের ওপর সেমিনার ও তাঁর রচিত তিনটি নাটক দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। নাট্যকারের সহধর্মিণী সদ্য প্রয়াত বেগমজাদী মেহেরুন্নেসাকে উৎসর্গ করা হয়েছে উৎসবটি। যৌথভাবে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার।
গতকাল সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার। মূল প্রবন্ধ পাঠের আগে বেগমজাদী মেহেরুন্নেসাকে শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় এক মিনিটের নীরবতা। এরপর মেহেরুন্নেসাকে স্মরণ করে অভিনয়শিল্পী শিমূল ইউসুফ গেয়ে শোনান ‘দীর্ঘ জীবন পথ’ গানটি। নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন নাট্যকার সাধনা আহমেদ, আবৃত্তিশিল্পী আশরাফুল আলমসহ বিভিন্ন নাট্য সংগঠনের কর্মীরা।
আজ রোববার এই স্মরণ উৎসবের দ্বিতীয় দিন। তবে আনুষ্ঠানিকভাবে আজ উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে।