সেলিম আল দীন স্মরণোৎসব শুরু
সেলিম আল দীনের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীতে আজ শুক্রবার ‘সেলিম আল দীন স্মরণ-২০১১’ শুরু হচ্ছে। তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে স্মরণ শোভাযাত্রা এবং সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন।বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন অধ্যাপক মুস্তফা নূর-উল ইসলাম। তার পরই সেলিম আল দীনের কথা ও সুরে ফাহমিদা নবীর আকাশ ও সমুদ্র অপার... সিডির মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী এবং ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। অ্যালবামটির মোড়ক উন্মোচনের পরই সেলিম আল দীনকে উৎসর্গ করে স্বপ্নদলের সংগীত-কোরিওগ্রাফিতে ‘পুণ্যশ্লোক হে সেলিম আল দীন’ পরিবেশন করা হবে। এ ছাড়া থাকবে ঢাকা থিয়েটারের নাটক ধাবমান, প্যান্টোমাইন মুভমেন্টের (চট্টগ্রাম) পরিবেশনায় নাটক প্রাচ্য।পরদিন শনিবার থাকবে সেলিম আল দীনের নাটকে সংলাপ ও সংগীতের দ্বৈতাদ্বৈতবাদিতা নিয়ে সেমিনার। এতে মূল প্রবন্ধ পড়বেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়া সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে স্বপ্নদল পরিবেশন করবে নাটক ফেস্টুনে লেখা স্মৃতি। থাকছে স্বপ্নদলের হরগজ এবং দ্যাশবাংলা থিয়েটারের জুলান নাটকটিও।উৎসবের শেষ দিন থাকবে কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিবেশনায় সেলিম আল দীনের দিনলিপি থেকে পাঠ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের কেরামতমঙ্গল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী স্টুডিও হলের পরিবেশনায় পুত্র।সেলিম আল দীন স্মরণ-২০১১ নিয়ে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বললেন, ‘অন্যবার ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার এই উৎসবের আয়োজন করলেও এবার এর সঙ্গে যুক্ত হয়েছে অন্য সংগঠনগুলোও। আমরা চাই সেলিম আল দীন স্মরণ উৎসব আস্তে আস্তে সারা দেশে ভালোভাবে উদ্যাপিত হোক। এবারের উৎসবের মাধ্যমে আমরা সেটাই আশা করছি।’সেলিম আল দীন স্মরণ-২০১১ অনুষ্ঠানমালার আয়োজন যৌথভাবে করেছে বাংলাদেশ শিল্পকলা একডেমী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার।