সেলিম আল দীনকে নিয়ে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিম আল দীনকে নিয়ে নাটক। সেলিম আল দীনের লেখা থেকে তৈরি নাটক। ১৮ আগস্ট তাঁর জন্মদিন। এ নিয়ে হচ্ছে উৎসব। উৎসব মাথায় রেখেই স্বপ্নদল মঞ্চে আনছে নাটকটি। তারই মহড়া চলছিল শিল্পকলা একাডেমীর সাততলায়। ১৯৯৩ সালের ১৫ ডিসেম্বরআজকের কাগজ পত্রিকার উপসম্পাদকীয় কলামে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে সেলিম আল দীনের একটি লেখা ছাপা হয়েছিল। সেই লেখাই এ নাটকের ভিত। ১৮ আগস্ট তাঁর জন্মদিনে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। কুশীলবদের সবাই পরেছেন সবুজ জামা আর লাল পাজামা। ঢোল, মন্দিরাসহ নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন কয়েকজন। তাঁদেরই বাদ্যানুষঙ্গে শুরু হলো নাটকটি। শুরুতেই নাচ। চারজন মেয়ে নেচে-গেয়ে পুণ্যশ্লোকে স্মরণ করল সেলিম আল দীনকে। শীতের নকশিপিঠা খাওয়া, নানা ধরনের উৎসবের পথ ধরে এগোতে থাকে নাটকটি। সেলিমের সাদত কলেজের স্মৃতিরও নাট্যানুবাদ হয়ে যায়। চলে আসে মুক্তিযুদ্ধ। সেলিমের বন্ধু আবুল কালাম আজাদ নিহত হয় যুদ্ধে। বন্ধু রফিকের কথা আসে। আসে শামসুর কথা। সেই শামসু, যে অন্য অনেকের সঙ্গে দেশ ছেড়ে পালানোর সময় হঠাৎ খবর পায়, মিলিটারি আসছে এবং খবর পেয়ে উন্মাদের মতো ব্যবহার করতে থাকে। কে কল্পনা করতে পারবে এই শামসুর পরিণতি? না, ভীতু এই মানুষটি আত্মহত্যা করেনি কিংবা নাম লেখায়নি রাজাকার বাহিনীতে। যুদ্ধশেষে মুক্তিযোদ্ধা হয়ে বীরদর্পে ফিরে আসে শামসু। ভীতু মানুষের মনেও যুদ্ধ জ্বালিয়ে দেয় মুক্তির জ্বলন্ত শিখা, সে কথা এ ঘটনার মাধ্যমেও স্টষ্ট হয়ে ওঠে আবার।ফেস্টুনে লেখা স্মৃতি নামের নাটকটি মূলত এভাবেই এগিয়ে যেতে থাকে।ভিন্ন ভিন্ন কিছু ছবি ফুটে ওঠে নাটকে। এর মধ্যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতার দৃশ্যটি দেখা যায়। হাত বাঁধা এক বাঙালিকে হত্যা করার সময় তাঁর কণ্ঠে উঠে আসে ‘জয় বাংলা’ স্লোগান। চোখ থেকে সরতে চায় না একটি মেয়েকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্যটি। যারা অভিনয় করছে, তাদের কেউই একাত্তর দেখেনি, যুদ্ধের বিভীষিকার সঙ্গে সরাসরি পরিচিত নয়, কিন্তু এসব দৃশ্যে অভিনয় করার সময় অনুভূতি কী হবে, তা কাউকে বলে দিতে হয় না।মহড়াকক্ষের প্রতিধ্বনির কারণেই কিনা কে জানে, সংলাপগুলো ঠিকভাবে শোনা যাচ্ছিল না, উচ্চারণের কিছু সমস্যাও কানকে আরাম দিচ্ছিল না। তা নিয়েও একসময় কথাও হলো। এ দুই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে না পারলে দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছানো যাবে না। সংলাপ প্রক্ষেপণে সাবলীলতা না থাকলে নাটক উপভোগ করা কঠিন হয়ে পড়ে। বর্ণনাত্মক এ নাটকটির সংলাপ এখনো ঠিকভাবে ঠোঁটে উঠে আসেনি, তাই অবধারিতভাবেই নাটকটির দুই নির্দেশকের একজন সামাদ ভুঁঞা করছিলেন প্রম্পটারের কাজ। অন্য নির্দেশক রওনক লাবণী অভিনয় করছেন, গাইছেন, নাচছেনও।সেলিম আল দীনের লেখাটির নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন। কিছু গান যুক্ত করা হয়েছে পরে। সব মিলে সেলিম আল দীনকে তুলে আনার চেষ্টা করছে স্বপ্নদল। স্বপ্নদল এর আগে নয়টি নাটক এনেছে মঞ্চে। তার সবগুলোর নির্দেশকই ছিলেন জাহিদ রিপন। এবার তিনি পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।