
নাট্যকারের ৬৬তম জন্মবার্ষিকী। তিনি বেঁচে থাকলে হয়তো অন্যভাবে উদ্যাপন করা হতো উৎসব। তাঁর না থাকা জুড়ে তাই খানিকটা শূন্যতা থেকে যায়। তবে জন্মবার্ষিকীতে এতটুকুও মলিন ছিলেন না তিনি। পরম মমতা নিয়ে যে চরিত্রগুলোকে সৃষ্টি করেছেন, তারাই তাঁকে অমর করে রাখে।
গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ছিল সেলিম আল দীনের নাটকের চরিত্রগুলোর পুনর্মিলনী। ছয়টি নাটকের চরিত্র ও নাট্যাংশ নিয়ে মঞ্চস্থ হয় একটি বিশেষ নাটিকা। ‘পুতুল তোমার জনম কি রূপ’ নামের নাটিকাটিতে একক অভিনয় করেছেন শিমূল ইউসুফ। তাতে দেখা মেলে হাতহদাই নাটকের চুক্কুনীর, যৈবতী কইন্যার মন নাটকের কালিন্দীর, চাকা নাটকের গায়েনের, হরগজ-এর বর্ণনাকারীর। এতে যুক্ত হয় বিনোদিনী নাটকের সূচনাংশ ও ধাবমান নাটকের বন্দনাংশ।
নাট্যকার সেলিম আল দীনের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা থিয়েটার আয়োজন করেছে চার দিনের ‘সেলিম আল দীন জন্মোৎসব’। এই উৎসবের অংশ হিসেবে এই নাটক। আজ একই মিলনায়তনে সন্ধ্যা সাতটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চস্থ করবে সেলিম আল দীনের লেখা নাটক স্বর্ণবোয়াল।