সেলিম আল দীনের জন্মদিনে স্বপ্নদলের প্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১৮ আগস্ট নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীনের ৬১তম জন্মদিন। এই উপলক্ষে স্বপ্নদল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘সেলিম আল দীন জন্মোৎসব ২০১০’। রাজধানীর শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে চার দিনব্যাপী এই উৎসব শুরু হবে ১৮ আগস্ট বুধবার এবং শেষ হবে ২১ আগস্ট শনিবার।‘প্রাচ্যমঞ্চের পার্থ হে তুমি, পুণ্যশ্লোক সেলিম আল দীন’ এই স্লোগানকে সামনে রেখে উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে প্রতিদিন মঞ্চায়ন হবে সেলিম আল দীনের নাটক। থাকবে তাঁর জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা ও সেমিনার। এ ছাড়া থাকবে পোস্টার, আলোকচিত্র, পুস্তক ও ভিডিওচিত্র প্রদর্শনী। নাট্যাচার্যকে নিয়ে লেখা উৎসব-সংগীত পরিবেশিত হবে প্রতিদিন।উৎসবের প্রথম দিন ১৮ আগস্ট বুধবার বিকেল সাড়ে চারটায় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা। থাকবে ‘সেলিম আল দীনের জীবন ও শিল্পকর্ম’ নিয়ে আলোচনা সভা। রামেন্দু মজুমদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন কামাল লোহানী, এস এম মহসিন, নাসির উদ্দিন ইউসুফ, লিয়াকত আলী লাকী ও গোলাম সারোয়ার। স্বপ্নদলের প্রযোজনায় সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অবলম্বনে নাটক ফেস্টুনে লেখা স্মৃতি। নাটকটির নাট্যরূপ দিয়েছেন ড. জাহারাবী রিপন। নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঁইয়া ও রওনক লাবণী।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় উৎসবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের নাটক পুত্র। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন।উৎসবের তৃতীয় দিন ২০ আগস্ট শুক্রবার বিকেল তিনটায় থাকবে ‘সেলিম আল দীনের নাটক: মুক্তিযুদ্ধ ও প্রতিবাদী চেতনার কথাচিত্র’ শিরোনামের সেমিনার। প্রবন্ধ উপস্থাপন করবেন ড. জাহারাবী রিপন। মূল আলোচক থাকবেন নাসির উদ্দিন ইউসুফ। সন্ধ্যা সাড়ে সাতটায় নাটক থাকবে স্বপ্নদলের হরগজ। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।উৎসবের শেষ দিন ২১ আগস্ট শনিবার মঞ্চস্থ হবে নিমজ্জন। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ। প্রযোজনা ঢাকা থিয়েটার। উৎসবে সমাপনী বক্তব্য দেবেন শিমুল ইউসুফ।