সেলিম আল দীনের ‘পুত্র’ মঞ্চস্থ
সকালে ছিল মেঘ-রোদের লুকোচুরি। দুপুর থেকে তুমুল বৃষ্টি। রাজপথে সারা দিন যানজট লেগেই আছে। কিন্তু ওই বৈরী পরিবেশেও অনুষ্ঠানে লোকজনের কমতি ছিল না। ভেতরে তো ছিলই, শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারের বাইরের মেঝে আর দোতলার লবিতেও ছিল চোখে পড়ার মতো মানুষের উপস্থিতি। শিল্পকলা একাডেমী ও নাটকের সংগঠন স্বপ্নদল আয়োজিত সেলিম আল দীনের জন্মোত্সবের গতকাল ছিল দ্বিতীয় দিন।পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের বাইরে চলছে ব্যতিক্রম এক প্রদর্শনী। সেখানে আছে সেলিম আল দীনের সাড়া জাগানো সব নাটকের স্থিরচিত্র ও পোস্টার। আগ্রহভরে দর্শক দেখছে সেগুলো। সন্ধ্যার পর মিলনায়তনে মঞ্চস্থ হলো শিল্পকলা একাডেমী প্রযোজিত নাটক পুত্র।সেলিম আল দীনের সর্বশেষ রচনা পুত্র। পুত্র হারানো এক দম্পতির অবিশ্রান্ত বিলাপ ও স্মৃতিমন্থনতার উপাখ্যান এ নাটক।মাইট্যাল সিরাজ ও তার স্ত্রী যমুনাপারের মেয়ে আবছা। তাদের পুত্র মানিক আমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। নিয়ম অনুযায়ী ধর্মীয় কৃত্যহীন লাশ মাটিতে পুঁতে ফেলতে হয় এবং সেই আমগাছটিও কেটে ফেলতে হয়। এ ঘটনার দুই বছর পর এক প্রবল শীতের রাতে কিছুটা উষ্ণতা পেতে এ দম্পতি আমগাছটির শেকড় তুলে এনে আগুন জ্বালায়। একদিকে পুড়ে নিঃশেষ হয়ে আসতে থাকে আমগাছটির শেকড়, অন্যদিকে বাবা-মায়ের অন্তরে পুত্র হারানোর যন্ত্রণা যেন দ্বিগুণ তীব্রতায় জ্বলতে থাকে। মৃত পুত্রের জন্য উদ্বেগ, আশঙ্কা, ভীতি এবং কখনো কখনো ক্ষোভের মধ্য দিয়ে তারা জীবিত পুত্রের অপূর্ণ সব ইচ্ছা-আকাঙ্ক্ষার স্মরণ করতে করতে একসময় গাছের শেকড়কেও পুত্র ভাবতে শুরু করে।নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন। নাটকের দুটি চরিত্রে অভিনয় করেছেন এনামতারা সাকী ও বাকার বকুল।আমার রঙে আমার মাধানমন্ডির দৃক গ্যালারির প্রদর্শনীর দেয়ালজুড়ে শিশুদের আঁকা ছবি। সেই ছবিগুলোর পাশে ঝুলছে ছবির সঙ্গে মিলিয়ে টি-শার্ট, শার্ট, ফতুয়া ব্যাগসহ নানা রকমের জিনিস। বাচ্চাদের আঁকা নিয়ে বাচ্চাদের জন্য যেমন জিনিস আছে, তেমনি তাদের মায়েদের জন্যও রয়েছে শাড়ি, ব্যাগসহ আরও নানা কিছু। পুরো আয়োজনে ফুটে উঠেছে মা ও সন্তানের চিরন্তন মেলবন্ধনের চিত্র।এ বছরের মা দিবসে ‘রঙ’ আয়োজন করেছিল শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী ‘আমার রঙে আমার মা’। সেই প্রতিযোগিতার নির্বাচিত ২০টি ছবি এবং পুরস্কৃত ছয়টি ছবি অবলম্বনে তৈরি হয়েছে শিশুদের জন্য পোশাক ও উপহারসামগ্রী। সেসব নিয়েই দৃক গ্যালারিতে চলছে প্রদর্শনী। ১৬ আগস্ট শুরু হওয়া প্রদর্শনী প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া জাগায়। বড়দের হাত ধরে ছোটরাও আসে সেখানে। প্রদর্শনী গতকাল শেষ হয়।আনোয়ার হোসেনের একক চিত্র প্রদর্শনীঢাকা আর্ট সেন্টারে প্রবীণ আলোকচিত্রী আনোয়ার হোসেনের একক চিত্র প্রদর্শনী শুরু হবে আজ। বিকেল চারটায় ‘বিকজ অব ইউ’ শিরোনামের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা আর্ট সেন্টারের চেয়ারম্যান রামেন্দু মজুমদার। আলোকচিত্রী আনোয়ার হোসেনের একক চিত্র প্রদর্শনীতে থাকছে বাংলাদেশ, ভারত, ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে তোলা সাম্প্রতিক সময়ের বেশ কিছু আলোকচিত্র।