সেলিম এখন সিদ্দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল স্টেশন থেকে দূরের একটা গ্রাম। নয়াপাড়া। সময়টা গত শতকের ষাটের দশক। জমিদারি প্রথা তত দিনে বিলুপ্ত হয়েছে। জোতদারেরা সমাজে মাথা চাড়া দিয়ে উঠছে। নানা উপায়ে তারা নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার চেষ্টা করে। ভাটি অঞ্চলের তেমনই একজন জোতদার সিদ্দিকুর রহমান। কোনো অক্ষরজ্ঞান নেই। প্রকৃতির কাছ থেকে সে শিক্ষিত হয়েছে। এই যেমন সে বিশ্বাস করে, ঝড়ের আগে যদি পাখিরা অনেক বেশি কিচিরমিচির করে, নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে, তাহলে বুঝতে হবে, তা ভয়াবহ কোনো ঘটনার আলামত। এমনই নানা বিশ্বাস নিজের ব্যক্তিগত জীবনেও প্রয়োগ করে সে। সিদ্দিকুর রহমানকে সবাই ভয় পায়, কিন্তু বাড়ির লজিং মাস্টার এর ব্যতিক্রম। তার কাছে এলেই কেমন যেন বদলে যায় সিদ্দিকুর রহমান। নিজের বিশ্বাসকে মাস্টারের আধুনিক শিক্ষার সঙ্গে যাচাই করে নেয় সে। হুমায়ূন আহমেদের লীলাবতী উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র এই সিদ্দিকুর রহমান। বিটিভির একসময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক অয়োময়-এর মীর্জা সাহেবের সঙ্গে কোথায় যেন তার একটা মিল খুঁজে পাওয়া যায়। শহীদুজ্জামান সেলিম বললেন, ‘মীর্জা সাহেবের সঙ্গে সিদ্দিকুর রহমানের মিল আছে শুধু এক জায়গাতেই; আর তা হলো প্রভাব ও প্রতিপত্তি বিস্তারের দিক থেকে। দুজনের ব্যক্তিত্ব আলাদা। মানুষ হিসেবেও দুজন দুই রকম।’অয়োময় ধারাবাহিকে মীর্জা সাহেবের চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর। আর লীলাবতী নাটকে সিদ্দিকুর রহমানের চরিত্রটি করছেন শহীদুজ্জামান সেলিম।চরিত্রটির জন্য একেবারে অন্য রকম সাজ নিতে হয়েছে তাঁকে। সেলিম বললেন, ‘নাটকটির পরিচালক অরুণ চৌধুরীর সঙ্গে চরিত্রটির ব্যাপারে অনেক আগেই আলোচনা হয়েছে। এরপর উপন্যাসটা পড়ে আমি নানাভাবে সিদ্দিকুর রহমানকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। তার সাজ-পোশাক কেমন হবে; চলাফেরা, সংলাপ বলার ধরন—সবকিছু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছিলাম। মহম্মদ আলী নামের একজনকে আমার সাজ তৈরির দায়িত্ব দিই। তিনি কয়েক ধরনের সাজ তৈরি করেন। সেসব সাজ নিয়ে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে মহড়া করেছি। পরে সেগুলো নিয়ে পরিচালক ও অন্যদের সঙ্গে আলোচনা করেছি। এভাবেই সিদ্দিকুর রহমানের সাজ চূড়ান্ত করা হয়।’নাটকের চরিত্রটির সঙ্গে সেলিমের বয়সের পার্থক্য ২৫ বছর। জানালেন, এ ক্ষেত্রে বয়স বাড়িয়ে চলাফেরা ও কথাবার্তার মধ্যে একটা ভারিক্কি ভাব আনতে হয়েছে। তা ছাড়া একই দিনে সিদ্দিকুর রহমানের তিন বয়সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। হ্যাঁ, নাটকে তাঁর তিনটি বয়সই দেখানো হয়েছে। শুরুতে প্রথম স্ত্রী আয়নাকে যখন বিয়ে করে নিয়ে আসেন, পরেরটি দ্বিতীয় স্ত্রী রোমেলাকে বিয়ের সময় এবং তৃতীয় ও শেষটি তিনি লীলাবতীর বাবা।এ তো গেল সাজের কথা। নাটকে সেলিমের সংলাপ বলার ধরনটাও একেবারে আলাদা। সেটা কীভাবে হলো? তিনি বললেন, ‘ভাটি অঞ্চলের মানুষজন যেভাবে কথা বলে, সেই ঢং আমি আয়ত্ত করেছি। সংলাপ বলার সময় ব্যাপারটা পুরোপুরি মাথায় ছিল। আর হুমায়ূন আহমেদের সংলাপে একটা জাদুকরী ব্যাপার আছে। যদি কোনো শিল্পী ভালো করে তা বলতে পারেন, তাহলেই যথেষ্ট। যেমন কাহিনি, তেমনি সংলাপ।’অভিনয় করতে গিয়ে পুরো নাটকে নিজের কাছে নাকি খুব ভালো লেগেছে শেষ দৃশ্যের আগেরটি। একটা খুন হয়েছে। ওই অপরাধে পুলিশ গ্রেপ্তার করে সিদ্দিকুর রহমানকে। তার হাতে হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো হয়। লীলাবতী তার সামনে এসে দাঁড়ায়। মেয়ের কাছে খুনের দায় স্বীকার করে সে। ওই সময় এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেলিম বললেন, ‘ওই দৃশ্যে সবাই কেঁদেছি। কিন্তু তার জন্য কৃত্রিম কিছু ব্যবহার করতে হয়নি। চরিত্রের সঙ্গে সবাই মিশে গিয়েছিল। এ দৃশ্যটি আমার কাছে খুব ভালো লেগেছে।’জানালেন, পুরো দুই মাস সিদ্দিকুর রহমানের সঙ্গে মিশে ছিলেন তিনি। শুধু নিজের অভিনয়ই নয়, পরিচালনা না করলেও খেয়াল রেখেছেন ধারাবাহিকের অন্য সব চরিত্রের দিকে। প্রতিদিন কাজের শেষে রাতে সব শিল্পীর সঙ্গে বসতেন পরের দিনের দৃশ্যগুলো নিয়ে। একপ্রস্থ মহড়াও হয়ে যেত।শনিবার সন্ধ্যায় ড্রিম ফ্যাক্টরি অফিসে কথা হলো শহীদুজ্জামান সেলিমের সঙ্গে। আলাপের শুরুটা হয়েছিল লীলাবতী নাটকের সিদ্দিকুর রহমানকে নিয়ে। তখন তিনি সেখানে শায়লা নাটকের সম্পাদনার কাজ করছিলেন। জানালেন, এবার ঈদের জন্য তৈরি করছেন নাটকটি। তাঁর অন্য নাটকটি হলো ঝামেলা নন স্টপ। প্রথমটিতে তিনি অভিনয় করেছেন, সঙ্গে আছেন তারিন। আর দ্বিতীয়টিতে অভিনয় করেছেন জীতু আহসান ও সানজিদা প্রীতি। ঈদের জন্য এ দুটি নাটকই এবার পরিচালনা করছেন। আর অভিনয় করছেন কয়েকটিতে। এর মধ্যে আছে আলভি আহমেদের কক্ষপথের মন, সালাহউদ্দিন লাভলুর অঙ্কুরের স্বপ্ন, ইফতেখার ফাহমির ব্রেকিং নিউজ, জয়ের স্বার্থপর, শহিদুল জহিরের গল্প অবলম্বনে অনিমেষ আইচের নাটকসহ আরও কয়েকটি।এ ছাড়া নাসরীন জাহানের সামান্থা উপন্যাস থেকে নিজের একটি ধারাবাহিকের জন্য চিত্রনাট্য তৈরির কাজ করছেন। তাঁর কাছে প্রশ্ন ছিল, এটা তাঁর পরিচালনায় কততম ধারাবাহিক হবে? বললেন, ‘আমি তো খুব বেশি কাজ করিনি। এই ১০ কিংবা ১২টা হবে, হয়তো। কখনো হিসাব করা হয়নি।’