সেলিম ভাই প্রেরণা ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আল দীন (১৮ আগস্ট ১৯৪৯–১৪ জানুয়ারি ২০০৮)
সেলিম আল দীন (১৮ আগস্ট ১৯৪৯–১৪ জানুয়ারি ২০০৮)
নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৭তম জন্মবার্ষিকী আজ। তাঁর স্মরণে লিখেছেন সেলিম আল দীনের দীর্ঘদিনের নাট্যসারথি অভিনেত্রী শিমূল ইউসুফ

নিজের কোনো চরিত্রকে মেরে ফেলে প্রার্থনায় বসতেন সেলিম আল দীন। হত্যাকাণ্ডের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতেন। শিশুর মতো সরল এই মানুষটিকে প্রথম দিন দেখে আমি বুঝিনি যে, তিনি কতটা প্রতিভাবান। এত সংবেদনশীল মানুষ, যে কি না নিজের চরিত্রগুলোকে নিজের ভেতরে ধারণ করে তাঁদের হয়ে হাসতেন, কাঁদতেন, উল্লাস করতেন।

১৯৭৪ সালে অন্য একটি অঙ্গন থেকে আমি থিয়েটারে যোগ দিই। তত দিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে ঢাকা থিয়েটার। একদিন মহড়ায় এলেন সেই দলের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম আল দীন। আমি সংগীতের মানুষ, জানতাম না কে তিনি, কীই-বা তাঁর কাজ। এত বড় একজন লেখক একসময় আমার বন্ধু, বড় ভাই, পিতা অথবা সন্তানের মতো হয়ে গেলেন। লেখক সেলিম আল দীনকে চিনলাম শকুন্তলা হাতে আসার পর। রামায়ণ থেকে শকুন্তলাকে নিয়ে একেবারে নিজস্ব ভাষায় তিনি একটি নাটক লিখলেন। তাঁর ধ্রুপদি চিন্তা ও বাংলা ভাষার দক্ষতা দেখে আমি চমকে উঠি। ঢাকা থিয়েটারের সবার মতামত নিয়ে তিনি নাটকটিকে সম্পাদনা করলেন। শেষ পর্যন্ত নাটকটিকে প্রস্তুত করতে পাণ্ডুলিপিকে প্রায় ১৬ বার সম্পাদনা করলেন তিনি। সেটা ছিল শুরুর দিকের কথা।

শিমূল ইউসুফ
শিমূল ইউসুফ

সেলিম ভাইয়ের নাটকগুলো পরে আমি সম্পাদনার দায়িত্ব নিই। তিনি যখন লিখতেন, সেটা হয়ে যেত প্রায় ৫ থেকে ৬ কখনো ৯ ঘণ্টার নাটক। সেটাকে মঞ্চ-উপযোগী করতে কাটাছেঁড়ার সাহস করেছিলাম। তিনি সেটা মেনেও নিয়েছিলেন। এর অবশ্য কারণও ছিল। তাঁর লেখার প্রথম পাঠক ছিলাম আমি ও বাচ্চু (নাসির উদ্দীন ইউসুফ)। দিন-রাত এক করে আমরা তাঁর নতুন গল্প শুনতাম। কখনো কখনো এমনও হয়েছে, গল্প শুনতে শুনতে রাত পেরিয়ে গেছে। পড়ার সময় বিশেষ বিশেষ চরিত্রের ক্ষেত্রে তাঁর অভিব্যক্তি আমার নজরে আসত। দলের সবাই মিলে যখন নাটকগুলো পড়া হতো, তখন সব চরিত্র সবাইকেই পড়তে হতো। পাণ্ডুলিপি সবার মুখস্থ হয়ে গেলে পরে চরিত্র বণ্টন করা হতো।
আমি একই সঙ্গে গানের মানুষ ও আর্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ফলে সেলিম ভাইয়ের বিশেষ চরিত্রগুলো ধারণ করাটা আমার জন্য সহজ হতো। রং ও সুর সহজে মানুষকে প্রভাবিত করে। আমি চরিত্রকে একটা রং ও সুরের ছাঁচে ফেলে দিতে পারতাম সহজে। সেলিম ভাইয়ের বর্ণিল চরিত্রগুলো তাতে হয়ে উঠত মূর্ত। তা ছাড়া প্রথম পাঠক হওয়ায় তাঁর চরিত্রায়ণগুলো ধরে ফেলা আমার জন্য বেশ সহজই ছিল।
সেলিম ভাইয়ের উচ্চতাভীতি ছিল। সেটা জানলাম ১৯৮৫ সালে যখন আমরা কীত্তনখোলা নিয়ে কলকাতা যাই তখন। ঢাকার প্রথম কোনো নাটক সেবার দেশের বাইরের কোনো মঞ্চে উঠছে। সেলিম ভাই কিছুতেই জানালার পাশে বসতে চাইছিলেন না। তাঁকে বসতে দিতে হলো আমার ও বাচ্চুর মাঝখানে, যেন তিনি জানালা দিয়ে পড়ে যাবেন! দুর্ভাগ্যজনকভাবে ওই বিমানের ইঞ্জিনেই আগুন ধরে গিয়েছিল। চালক দারুণ দক্ষতার সঙ্গে বিমানটিকে দ্রুত মাটিতে নামিয়ে এনেছিলেন। দেখলাম নিচে দমকল ও অ্যাম্বুলেন্স প্রস্তুত। সেলিম ভাই বিমানের সিঁড়ি লাগানো পর্যন্ত অপেক্ষা না করে লাফিয়ে নেমে যেতে চাইলেন, তাঁর সঙ্গে যোগ দিলেন অভিনেতা আফজাল হোসেন। ভীষণ ভয় পেয়েছিলেন তাঁরা। পরের বিমানে কলকাতা যেতে রাজিই হচ্ছিলেন না। আমি আর বাচ্চু মিলে বোঝালাম—মরলে সবাই একসঙ্গে মরব। এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করার পর তিনি রাজি হলেন। বকা দিলে শিশুর মতো কাঁচুমাচু করে বলতেন, ‘আমার সঙ্গে এমন করছিস কেন তোরা?’
তবে তাঁর রাগ ছিল প্রচণ্ড। প্রায়ই অভিশাপ দিতেন। বলতেন, ‘ধ্বংস হয়ে যাবি!’ আমাকেও বেশ কয়েকবার এভাবে বলেছেন। কাকে বকেছেন, কী বলেছেন, পরে অবশ্য ভুলেও যেতেন। ভীষণ অন্যমনস্ক ছিলেন তিনি। শেষ যেবার একসঙ্গে কলকাতা গেলাম, বিমানবন্দরে নেমে একটা ভারী লাগেজ টেনে আনলেন। জানতে চাইলাম এত ভারী কেন, ঢাকা থেকে ইট এনেছেন নাকি? তিনি বললেন, মাত্র দুটো জামা আর প্যান্ট এনেছিলাম। এত ভারী হলো কীভাবে কে জানে! পরে দেখা গেল, প্রায় একই রকম দেখতে আরেকটা লাগেজ টেনে নিয়ে এসেছেন।
সেলিম ভাই আমাদের প্রেরণা ছিলেন। তাঁর স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কালচারাল সেন্টার করবেন। বিদেশ থেকে পণ্ডিতেরা এসে সেখানে থাকবেন, লেকচার দেবেন। তিনি চলে যাওয়ায় সেটা আর হলো না। বাচ্চুকে প্রায়ই বলি, চলো কালচারাল সেন্টারটা করে ফেলি। সে আমাদের নিরাশ করে না। বলে, ‘এই তো, করব।’ কিন্তু বুঝি, বন্ধু চলে যাওয়ায় সে ভীষণ মুষড়ে পড়েছে। তাঁকে ফেলে চলে গেছে বলে বন্ধুর প্রতি একটা তীব্র অভিমান আছে বাচ্চুর। সেলিম ভাই বেঁচে থাকলে কবে সেন্টারটা হয়ে যেত! আমরাই করে ফেলতাম। সেলিম ভাই ধাক্কা দিয়ে কাজ করিয়ে নিতেন। আমরা ছিলাম তাঁর প্রেরণার কামলা।
মৃত্যুর আগে সেলিম ভাইকে খানিকটা হতাশ হতে দেখেছিলাম। রাজনৈতিক অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। তাঁর শঙ্কা ছিল, বাচ্চু রাজনৈতিকভাবে কখন কী ঝামেলায় পড়ে যায়। বিশ্বের গণহত্যা নিয়ে তখন তিনি লিখলেন নিমজ্জন নাটকটি। এ ছাড়া যখন লিখতে পারতেন না, তখন তাঁকে ভীষণ কাতর হতে দেখেছি।
খাওয়াদাওয়া খুব পছন্দের ছিল তাঁর। আমাকে টেলিফোনে বিভিন্ন খাবারের কথা বলতেন। বিশেষ করে, মাছ ছিল তাঁর বেশি পছন্দের। কোন সময়টাতে কোন মাছ বা সবজি খেতে হয়, কোনটি এড়িয়ে যেতে হয়, সেসব বলে দিতেন আমাদের। এমনকি আমাদের গ্রহ-নক্ষত্র চিনিয়েছিলেন সেলিম ভাই। পেটের যন্ত্রণায় ভুগে খাওয়া প্রায় ছেড়েই দিতে হয়েছিল তাঁকে। শুধু রুটি আর সবজি খেয়ে থাকতে হতো।