সেলুলয়েড ম্যান
গালভরা গোঁফদাড়ি, তপস্বীর প্রায়। মুখে মোলায়েম হাসি। দুই মিনিট পাশে বসে গল্প করুন। তরুণ এই নির্মাতা সম্পর্কে ধারণা পাল্টাতে সময় লাগবে না আপনার। কারণ, কেবল তখনই আপনার চোখে পড়বে তাঁর চোখ-মুখের তারুণ্যের দীপ্তি। আর আপনি জানতে পারবেন, ইফতেখার আহমেদ ফাহমির এই তপস্বী বেশ নেওয়ার কারণ সিনেমা। তাঁর নির্মাণাধীন চলচ্চিত্র টু বি কন্টিনিউড নিয়ে ভীষণ ব্যস্ত ফাহমি। কেবল নির্মাতা নন, এই ছবিতে অভিনেতা হিসেবেও বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে তাঁর।অন্যসব মা-বাবার মতোই মা-বাবার ইচ্ছা ছিল ছেলেকে বড় চিকিৎসক বানানোর। নিদেনপক্ষে নামজাদা ‘ইঞ্জিনিয়ার’। কিন্তু সেসব হওয়ার জন্য বুয়েট-মেডিকেলে পড়তে হয়। ম্যালা দৌড়ঝাঁপ। অপেক্ষাকৃত সহজ রাস্তায় বৈতরণী পার হওয়ার রাস্তা খুঁজছিলেন ফাহমি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগে নাম লিখিয়েছিলেন সেই ফন্দিতে। মাথায় তখন জেঁকে বসেছে নির্মাতা হওয়ার ‘মহা পরিকল্পনা’। সেই পরিকল্পনা আরও বেগবান হলো একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধু রেদওয়ান রনির সঙ্গে দোস্তিটা পাকাপোক্ত হওয়ার পর। দুই বন্ধু মিলে সারা বিকেল জমজমাট সব গল্প ভাবেন। তারপর একসময় যে যার মতো বাড়ি ফিরে যান। ‘দুর্দান্ত-ফাটাফাটি’ গল্পটা অবশ্য পরের দিনই কোথায় যেন মিলিয়ে যায়। আবার মহা উৎসাহে চলে নতুন গল্প ভাবনা। এই করেই দিন চলছিল। এর মধ্যেই দৃশ্যপটে এলেন মোস্তফা সরয়ার ফারুকী। দুই বন্ধুই আকুল হয়ে উঠলেন তাঁর শিষ্যত্ব গ্রহণের জন্য। কিন্তু বিধি বাম। এর-ওর মারফত দেনদরবার। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা। অচেনা নম্বর থেকে ফোন করে ‘ভীতি প্রদর্শন’। সব ছেলেমানুষি চেষ্টা বৃথা গেল। চেষ্টা আর সাধনায় সবই হয়। ফাহমিরও তাই অচিরেই মোস্তফা সরয়ার ফারুকীর নির্ভরযোগ্য ‘দক্ষিণ হস্ত’দের একজন হয়ে উঠতে বিলম্ব হয়নি। তারপর? স্রেফ দক্ষিণ হস্ত থেকে নিজের পায়ে দাঁড়ানোর গল্প। এক পর্বের নাটক দিয়ে নাট্যনির্মাতা হিসেবে ভিত্তিটা তৈরি করেছিলেন আগেই। তারপর এল হাউসফুল। ফাহমি ও রনির যৌথ পরিচালনায় তৈরি এই ধারাবাহিক দারুণভাবে দর্শকপ্রিয়তা পেল। নির্মাতা হিসেবে পাকাপোক্ত হয়ে গেল তাঁর অবস্থান। হাউসফুল ফুরানোর পর ‘ফিফটি-ফিফটি’। ফাহমির একক পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক।তত দিনে মনের মধ্যে বিপুল বেগে ডানা ঝাপটাতে লাগল বড় পর্দার খোয়াব, মানে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন। তারই ফল টু বি কন্টিনিউড। ছবির গল্পটা কী? অতিশয় ঠাট্টা-রসিকতাপ্রিয় ফাহমি এই জায়গাটায় এসে একদম নিশ্চুপ। বেশ এক দফা খোঁচাখুঁচির পর শুধু এটুকুই কবুল করলেন, ‘টু বি কন্টিনিউড মানুষের পারস্পরিক সম্পর্ক আর সম্পর্কের নানামুখী টানাপোড়েনের গল্প। এই ছবিতে পূর্ণিমা-তাহসান অভিনয় করছেন।’ এবং ‘সেলুলয়েড ম্যান’খুব ভেবেচিন্তে কোনো কিছু করা একদম ধাঁতে নেই তাঁর। গেল ঈদের জন্য তৈরি করেছিলেন নাটকসেলুলয়েড ম্যান। সাত-পাঁচ না ভেবে চিত্রধারণের কাজটা নিয়েছিলেন নিজের কাঁধেই। আর করতে চেয়েছিলেন স্রেফ একটা ‘নতুন’ কিছু। সেই নতুন কিছুটাই গড়াল ‘মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার’ অবধি। সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য দুটি বিভাগেই মনোনয়ন পেয়েছিল জমজমাট এই থ্রিলার। অল্পের জন্য সেরা পরিচালকের পুরস্কার ফসকে গেছে। কিন্তু বাজিমাত করেছেন চিত্রনাট্য বিভাগে।সেলুলয়েড ম্যান নির্মাণের পর ফাহমি নিজেই এখন পুরোদস্তুর ‘সেলুলয়েড ম্যান’, মানে চলচ্চিত্রনির্মাতা হওয়ার দোরগোড়ায়। তাঁর জন্য শুভকামনা।