সেলুলয়েডে ’৭১
মুক্তিযুদ্ধ নিয়ে ছবি নির্মাণের নানা গল্পই আমরা ‘আনন্দ’ পাতায় নানাভাবে তুলে ধরেছি। এবার আমরা কয়েকটি চলচ্চিত্র বেছে নিয়েছি, যে ছবিগুলো নির্মাণের সময় নির্মাতারা যুদ্ধের আবহ তুলে ধরেছেন। এই আবহ তৈরি করতে নির্মাতাকে নানা কৌশল অবলম্বন করতে হয়েছে। নির্মাতারা কীভাবে সেই যুদ্ধকে সেলুলয়েডে আবদ্ধ করেছিলেন, তা নিয়েই আমাদের এবারের প্রতিবেদন।স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে ওরা ১১ জন নামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণকাজ শুরু করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭২ সালের মার্চ-এপ্রিলের দিকে পরিচালক ছবির শুটিং শুরু করেন। ছবিতে তিনি তাঁদেরই নিলেন, যাঁরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। রণক্ষেত্রের শুটিং করতে হবে। লোকেশন খুঁজতে খুঁজতে তাঁরা রাজেন্দ্রপুর সেনানিবাসে গেলেন। বর্তমান ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী ছবি নির্মাণে সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করলেন।‘কথা ছিল, আমরা ছবিতে যুদ্ধের যে দৃশ্য দেখাব, সেখানে কোনো নকল গোলাবারুদ ব্যবহার করব না। তাই যুদ্ধক্ষেত্রে ব্যবহূত হয় এমন সব সরঞ্জাম এবং আমাদের মুক্তিযুদ্ধে ব্যবহূত রাইফেল ব্যবহার করলাম। সেই সব রাইফেল থেকে সত্যিকারের গুলিও ছোড়া হলো। আর ছবির দুই শিল্পী—খসরু ও মুরাদের হাতে সব সময় রাইফেল থাকত। এ কারণে ছবির অপর শিল্পী শাবানা তো রীতিমতো ভয়ে কাঁপতে থাকত। একদিন বলল, “চাষী, একটা গুলি যদি বের হয়ে আসে আমাদের দিকে, তখন কী হবে?” আমিও ভয় পেতাম। কিন্তু খসরু আমাকে অভয় দিয়ে বলত, “চাষী ভাই, হাতের নিশানা আমার খারাপ না। ভয় পাবেন না।” আমার মনে আছে, রাজেন্দ্রপুরে শেষ দিন প্রচণ্ড গোলাগুলির দৃশ্যায়ন করলাম। মনে হলো, আজ যেন সত্যিকারের যুদ্ধ করলাম এবং জয়ী হলাম।’ বলছিলেন ছবির নির্মাতা চাষী নজরুল ইসলাম।অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবি নির্মাণ করলেন সুভাষ দত্ত। একাত্তরের যুদ্ধের সময় সুভাষ দত্ত ওপার বাংলায় যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখেছিলেন, সেগুলোই মনে গেঁথে রেখেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ঠিক করলেন একটি ছবি বানাবেন। ছবির শিল্পী নির্বাচন করলেন। তারপর তিনি লোকেশন খুঁজলেন। বেছে নিলেন কুমিল্লা সেনানিবাস। সরকারের কাছে সহযোগিতা চাইলেন। সামরিক যানবাহন থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করলেন।তিনি সেনানিবাসে গিয়ে পরিত্যক্ত একটি ক্যাম্প খুঁজে পেলেন। জানতে পারলেন এই ক্যাম্পেই নারীদের ধরে আনা হতো। তারপর সেখানেই আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করা হতো। অনেকেই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।‘ছবির শিল্পী ববিতাকে বললাম, এই ঘরের মধ্যেই তোমার শুটিং করব। সেনানিবাসে আমাকে সহযোগিতা করলেন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। তাঁর স্ত্রী, পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, খালেদা জিয়া নিজেই আমাদের আপ্যায়ন করেছেন। আমি শুটিং শুরু করলাম। ববিতাকে বললাম, তোমাকে ধরে নিতে হবে, তুমি এই ঘরের মধ্যে আটকে আছ। তোমার মতো অনেকেই আটকে আছে। যুদ্ধ শেষ হয়েছে। তুমি মুক্ত হয়েছ। কিন্তু তত দিনে...। (সুভাষ দত্ত কিছুটা আবেগাপ্লুত)।‘ববিতা কথামতো শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াল। ক্যামেরা চলতে থাকল। ববিতাকে বললাম, তুমি আর্তনাদ করো। ববিতা কাঁদছে। কাঁদছে তো কাঁদছেই। ক্যামেরা থামিয়ে দিয়েছি। কিন্তু ববিতার কান্না আর থামে না। আমি ওর হাত ধরে বললাম, এই পপি (ববিতার ডাক নাম পপি), তুমি খুব সুন্দর করেছ। কান্না থামাও। ক্যামেরা থেমে গেছে, ববিতা যেন তখন হুঁশ ফিরে পেল। পরে যখন ছবিটি দেখলাম, আমি নিজেও আবেগ ধরে রাখতে পারিনি। আর এ কারণেই অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুক্তিযুদ্ধের একটি অগ্নিসাক্ষী হয়েই আমাদের কাছে ধরা দিয়েছে।’ বলছিলেন সুভাষ দত্ত।কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ নির্মাণ করেছিলেন আগুনের পরশমণি ছবিটি। এটি ছিল তাঁর নির্মিত প্রথম কাহিনিচিত্র। এই ছবিতেও তিনি মুক্তিযুদ্ধের সময়কার পরিবেশ ও পরিস্থিতি তুলে ধরেছিলেন। কিন্তু কীভাবে তিনি এই আবহ তৈরি করলেন?হুমায়ূন আহমেদ বললেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমি যুবক ছিলাম। নিজের চোখে দেখেছি সেই সময়ের অবস্থা। ভয়াবহ এক আতঙ্ক আর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। সেসব দেখা দৃশ্যই আসলে আমি ছবিতে তুলে ধরতে চেয়েছি। সুসজ্জিত পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের আমজনতা। মাঝেমধ্যেই সীমান্তের ওপার থেকে আমাদের মুক্তিসেনারা প্রশিক্ষণ নিয়ে এসে ঢাকায় হামলা চালিয়েছেন। আমি আমার ছবিতে এই বিষয়গুলো তুলে ধরেছিলাম। প্রথম পরিচালনা বলে হয়তো পুরো আবহটা ফুটিয়ে তুলতে পারিনি। এখন যদি ছবিটা বানাতাম, তাহলে হয়তো আরও ভালোভাবে ছবিটিতে মুক্তিযুদ্ধের আবহটা তুলে ধরতে পারতাম।’হুমায়ূন আহমেদ শ্যামল ছায়া নামেও একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। এই ছবিতে মুক্তিযুদ্ধের আবহ তুলে ধরার বিষয়ে তিনি বললেন, ‘ছবিটির শুটিং হয়েছিল শীতলক্ষ্যা নদীতে। প্রায় দেড় মাস শুটিং করেছি। প্রচণ্ড গরমের সময় কাজটা করতে হয়েছে। পানির ওপর আরও বেশি গরম অনুভূত হয়। এ জন্য মাঝেমধ্যে আমার ক্যামেরাম্যান আনোয়ার হোসেন পানিতে ঝাঁপ দিয়ে শরীর ভিজিয়ে নিতেন। ছবিটিতে দেখিয়েছিলাম, একটি নৌকায় করে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য অজানা গন্তব্যে ছুটতে থাকে। কিন্তু পথে তারা পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে পড়ে। সেই অবস্থা থেকে নিজেদের মুক্তির উপায় বের করে নেয় পরিবারগুলো। অসহনীয় কষ্ট সহ্য করে তারা। এখানে দেখানো হয় যে আমাদের এই পরিবারগুলোর সহায়তা নিয়ে একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ ধ্বংস করে দেয় মুক্তিসেনারা। যুদ্ধের সময় আমাদের মুক্তিসেনারা পাকিস্তানি জাহাজ ধ্বংস করেছিলেন যে কৌশলে, আমরাও সে রকম কিছু ঘটনার অবতারণা করলাম। একটি জাহাজ ধ্বংস করে পরিবারগুলোকে নিয়ে নৌকাটি নিরাপদ আশ্রয়ে চলে যায়।’মুক্তিযুদ্ধের সময় অনেক পাকিস্তানি সাঁজোয়া যান যেমন ধ্বংস হয়েছিল, আবার যুদ্ধের অনেক সরঞ্জাম দখলে নেয় মুক্তিবাহিনী। জয়যাত্রা ছবিতে সে রকম কয়েকটি গাড়ির দরকার হলো। কোথায় যাওয়া যায়? পরিচালক তৌকীর আহমেদ খোঁজ করতে করতে জানতে পারলেন, বগুড়া সেনানিবাসে পরিত্যক্ত অবস্থায় এ রকম কয়েকটি গাড়ি রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করলেন। তাদের বোঝাতে সক্ষম হলেন, মুক্তিযুদ্ধের একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণে যুদ্ধযানের যেমন প্রয়োজন, তেমনি পাকিস্তানি ওই গাড়িগুলোর ব্যবহার জরুরি। কাঠখড় পুড়িয়ে, সরকারের বিভিন্ন মহলের অনুমতি পাওয়ার পর তৌকীর শুটিং করলেন জয়যাত্রা ছবির। পাকিস্তানি গাড়িগুলো এমনই অচল ছিল যে মেরামত করার পরেও কিছুটা পথ চলার পরেই বন্ধ হয়ে যেত। তবে পরের দিকে তৌকীর সামরিক বহর নিয়েও শুটিং করলেন।‘আসলে এই সামরিক সরঞ্জামের ব্যবহার করা না গেলে হয়তো যুদ্ধের আবহটাকে তুলে ধরা যেত না। আমি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী—সবার কাছ থেকেই সহযোগিতা পেয়েছি। যেমন বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান উড়ে এসেছিল ঢাকা পর্যন্ত। নদীর ওপর যখন নৌকা চলছে, তখন বিমান থেকে বোমা বর্ষণের দৃশ্যায়ন দেখানোর জন্য এই শুটিংটা করতে হয়েছিল। প্রথম দিন তো আকাশ মেঘলা থাকার কারণে শুটিংই করা গেল না। পরদিন আবার বিমান আসে এবং শুটিং করা হয়। নৌবাহিনীর কাছে আমরা ’৭১ সালের একটি জাহাজ চাইলাম। জানা গেল, খুলনার দিকে একটি জাহাজ রয়েছে। ওই জাহাজের ক্যাপ্টেন পাকিস্তানি জাহাজের মতো করে সাজিয়ে জাহাজটি শুটিংয়ের জন্য ঢাকার কাছাকাছি নিয়ে এলেন। আসলে এসব আয়োজন নিয়েই যুদ্ধের আবহটাকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমরা।’ বলছিলেন তৌকীর আহমেদ।সরকারি অনুদান নিয়ে চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু নির্মাণ করেছেন গেরিলা ছবিটি। এটি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে। এই ছবি নির্মাণে নাসির উদ্দীন ইউসুফ সর্বপ্রথম জোর দিয়েছিলেন মুক্তিযুদ্ধের আবহ ফুটিয়ে তোলার দিকটিতে। যেমন—ছবির গল্পে ছিল ট্রেনের ব্যবহার। পাকিস্তান আমলের ট্রেন কোথাও পাওয়া যাচ্ছে না। পরিচালক খুঁজতে খুঁজতে পার্বতীপুরে চলে গেলেন। সেখানে পরিত্যক্ত অবস্থায় দেখতে পেলেন কতগুলো বগি। যেগুলোর ফ্লোর নেই, গাড়ির ভেতরে কোনো আসন নেই, জানালা নেই, দরজা নেই। রেল কর্তৃপক্ষকে বাচ্চু বললেন, ‘আমি এগুলো ব্যবহার করতে চাই।’ কিন্তু রেল কর্তৃপক্ষ জানাল, এগুলো ব্যবহার করার উপযোগী নয়। বাচ্চু অনড়। বললেন, ‘আমি মেরামত করাব। টাকা-পয়সা লাগলে আমি দেব।’ রেলওয়ের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন। এরপর ছয়টি বগি ঘষেমেজে মেরামত করা হলো। সৈয়দপুর থেকে ৭০, ৭৫ বছরের বিহারিদের নিয়ে আসা হলো, যারা একসময় রেলওয়েতে চাকরি করতেন। তাঁরা বললেন, গাড়ির রং হবে সবুজ। সেই রং করা হলো। এরপর সমস্যা দেখা দিল, ইঞ্জিন কোথায় পাওয়া যাবে। কেউ কেউ বললেন, কয়লাচালিত ইঞ্জিন ছিল সে সময়। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা গেল, ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানে স্টিম ইঞ্জিন ছিল। সেটির খোঁজ পাওয়া গেল। সেটিও একেবারেই অকেজো। রাত-দিন পরিশ্রম করে রেল কর্তৃপক্ষ সেই ইঞ্জিন ঠিকঠাক করে দিল। লাখ লাখ টাকা ব্যয় হলো। তারপর ছয়টি বগির গাড়ি দিয়ে দিনাজপুর থেকে পার্বতীপুর হয়ে রংপুর পর্যন্ত ট্রেনটা চালানো হয়। এই ট্রেনের জন্য অনেক যাত্রীবাহী ট্রেনকে থামিয়ে দেওয়া হয়েছিল। এত সব করেই মুক্তিযুদ্ধের আবহটাকে গেরিলাতে তুলে ধরা হয়েছ। বললেন বাচ্চু।এর বাইরেও কিছু ঘটনার মাধ্যমে মুক্তিযুদ্ধের আবহ তুলে ধরেছেন পরিচালক। যেমন পাকিস্তানি সাঁজোয়া যান পোড়ানোর ঘটনা দেখাতে গিয়ে সত্যিকারের গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিতে হয়েছে। এমনি করে গেরিলা তৈরি হয়েছে। ছবিটি আর কদিন বাদেই প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হবে।