সেলেনা কি টুইট করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

সেলেনা গোমেজের প্রেমকাহিনি কলম দিয়ে লিখতে হলে ঠিকই কালি ফুরিয়ে যেত। যা হোক, বিশ্বগণমাধ্যম ভরসা রেখেছে কি-বোর্ডে। লিখছে তো লিখছেই। সেলেনাও প্রেম করছে, করেই চলেছে। নতুন গান করছে, নতুন গানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রকাশের জন্য অপেক্ষা করছে। ঠিক অপেক্ষা নয়। মেয়েটা আসলে অসুস্থ হয়ে পড়ে আছে।

গত মাসের মাঝামাঝি প্রকাশিত হয়েছে সেলেনার নতুন অডিও  ব্যাড লায়ার । ইউটিউবে ঢুকলে গানটা শোনা যাবে, দেখা যাবে তাঁর মলিন মুখের একটা ছবি। কবজিতে বাঁধা  রিস্ক  লেখা একটা কাগজের হলুদ ব্যান্ড। যদিও এ গান প্রস্তুত হয়ে ছিল বেশ কিছুদিন আগেই। প্রাণচঞ্চল সেলেনার দেখা নেই! ভক্তদের থেকেও তাঁকে বেশি মিস করছে পাপারাজ্জিরা। লুকিয়ে প্রেমিক দ্য উইকেন্ডের সঙ্গে সেলেনাকে ফ্রেমবন্দী করতে ওত পেতে বসে থাকতে থাকতে তারা ক্লান্ত। সেলেনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বেশিদিন অপেক্ষা করতে হবে না। শিগগির সেলেনা ফিরবে। তার নিজেরও তর সইছে না। নতুন গান, ভিডিও, কনসার্ট, হাজার হাজার ভক্ত-শ্রোতার সঙ্গ—এসব ছেড়ে কত দিন আর বিছানায় পড়ে থাকা যায়? লুপাস রোগের কারণে হতাশা-উদ্বেগে আচ্ছন্ন হয়ে আছেন এই তরুণ কণ্ঠশিল্পী। হয়তো প্রায়ই মনে পড়ছে সাবেক প্রেমিক বিবারকে। তাঁর সঙ্গেই সব থেকে রঙিন সময়গুলো কেটেছে সেলেনার। কোটি কোটি ভক্ত সে কথা ভুলতে পারেনি, সেলেনা কী করে পারবেন?

জীবনে চলার পথের ওপর সব সময় নতুন আশার বাতি জ্বলে থাকে। সেলেনার জীবন কিন্তু তাতে থেমে যায়নি। দ্য উইকেন্ড তাঁর জীবনে এসে শুধু শূন্যতাই দূর করেনি, তাঁকে ভীষণ অনুপ্রেরণা দিয়েছে। অসুস্থ হয়ে তিনি তখন গান-বাজনা থেকে বিরতি নিয়েছেন। এমনকি নতুন অ্যালবাম রিভাইভাল-এর ট্যুর বন্ধ রেখেছেন। যদিও অ্যালবামটি বেরিয়েছিল প্রায় দুই বছর আগে। এমন সময়ে পাশে ছিলেন দ্য উইকেন্ড। কাঁধে হাত রেখে বলেছেন, ভেবো না, সব ঠিক হয়ে যাবে।

সংগীতাঙ্গনের  ঘরের মানুষ দের থেকে হলিউডের গণমাধ্যমগুলো জেনেছে, বিরতি থেকে দ্রুত ফিরবেন সেলেনা। এক গাদা কাজ জমিয়ে ফেলেছেন। শরীরটা একটু ভালো লাগলেই সেগুলো নিয়ে ফিরে আসবেন তিনি। অপেক্ষা করতে কি তাঁরও ভালো লাগে? জীবন কি অন্ধকার বিছানায় পড়ে থাকার জন্য? সারা পৃথিবীর আলোকোজ্জ্বল গানের মঞ্চগুলো তাঁর জন্য অপেক্ষা করে আছে। লাখ লাখ ভক্ত চোখ রেখেছে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে—কবে মিলবে নতুন কনসার্টের টিকিট। একটা রোমাঞ্চকর আনন্দময় ভবিষ্যৎ, নতুন অ্যালবাম, নতুন গান, নতুন ভিডিও, নতুন সব অভিজ্ঞতা। আমরা জানি, যেকোনো সময় চট করে বিছানা থেকে উঠে পড়বেন সেলেনা। ফোন হাতে নিয়ে টুইট করে বলবেন,  এই তো আমি।  

রাসেল মাহ্‌মুদ, হলিউড লাইফ অবলম্বনে।