সেলেনাকে বাগদানের আংটি দিচ্ছেন বিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকা সেলেনা গোমেজের ২১তম জন্মদিনে দামি একটি হীরার আংটি উপহার দিচ্ছেন কানাডিয়ান ‘টিন সেনসেশন’ জাস্টিন বিবার। জন্মদিনের উপহার হলেও অনেকের ধারণা, প্রেমিকাকে বাগদানের আংটিই দিতে যাচ্ছেন ১৯ বছর বয়সী এ পপ গায়ক। সম্প্রতি বেভারলি হিলসের নেইল লেন নামের একটি গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সেলেনার জন্য চমত্কার একটি আংটি নকশা করতে বলেছেন বিবার। বিশেষ এ উপহারের পেছনে বিবারের খরচ হয়েছে ছয় লাখ ৫০ হাজার পাউন্ড। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ পত্রিকা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আংটির নকশা সম্পর্কে ধারণা দিয়েছেন বিবার নিজেই। বড় একটি হীরাকে ঘিরে ক্ষুদ্রাকৃতির আরও কয়েকটি হীরা বসানো একটি আংটি চেয়েছেন তিনি। হীরাগুলো বসানো থাকবে সোনার ওপর। এর আগে ম্যাডোনা এবং ব্রিটনি স্পিয়ার্সের বাগদানের আংটিও সরবরাহ করেছিল গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেইল লেন। বিবারের প্রেমিকা মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনার ২১তম জন্মদিন আগামী ২২ জুলাই। বিশেষ দিনটি উপলক্ষে নতুন কোনো কাজেও হাত দিচ্ছেন না বিবার। বিবার-সেলেনার দুই বছরের প্রেম ভেঙে গিয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে। সম্পর্ক ভেঙে যাওয়ার তিন মাসের মাথায় এই এপ্রিলে আবারও একে-অন্যের জীবনে ফিরে এসেছেন জনপ্রিয় এ তারকা যুগল।