সেলেনার জন্য গান লিখছেন বিবার
প্রেমিকা সেলেনা গোমেজের জন্য গান লিখেছেন ‘টিন সেনসেশন’ হিসেবে খ্যাত কানাডীয় পপগায়ক জাস্টিন বিবার। এর সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন র্যাপ সংগীতশিল্পী উইলিয়াম।লস অ্যাঞ্জেলেসের গিবসন অ্যাম্ফিথিয়েটারে ২২ জুলাই অনুষ্ঠিত টিন চয়েস পুরস্কার অনুষ্ঠান শেষে একই বিমানে করে ফিরছিলেন বিবার ও উইলিয়াম। সেলেনাকে নিয়ে লেখা গানটি তখন উইলিয়ামকে শোনান বিবার। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে এইস শোবিজ। উইলিয়াম বলেন, ‘বিবার আমার কাঁধে হাত রেখে বলল, “আমি আপনাকে একটি গান শোনাতে চাই। পুরো গানটি আমি নিজেই বেঁধেছি। ভেতরে ভেতরে খুব উত্তেজনা বোধ করছি। কারণ, এটিই আমার নিজের করা প্রথম গান, যা লিখেছি সেলেনার জন্য। আমার ধারণা, গানটি দারুণ হয়েছে।”’উইলিয়াম আরও বলেন, ‘সত্যিই, গানটি চমত্কার হয়েছে। অদ্ভুত একধরনের মাদকতা আছে এতে। আমি নিজেও গান বাঁধি। তাই কারও মধ্যে গান বাঁধার উত্সাহ দেখলে আমার খুবই ভালো লাগে। এ ক্ষেত্রে বিবারের মধ্যে যে বিপুল উত্সাহ আমি দেখেছি, নিঃসন্দেহে বলতে পারি, দীর্ঘদিন সংগীতভুবনে রাজত্ব করবে সে।’