সেলেনার মুজরা নাচ!
মার্কিন পপ গায়িকা ও জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সেলেনা গোমেজ সম্প্রতি এমটিভি মুভি অ্যাওয়ার্ডস আসরে মুজরা নেচে সবাইকে অবাক করে দিলেন। গাঢ় লাল রঙের পোশাক পরে মঞ্চে ওঠেন সেলেনা। কপালে বড় লাল টিপসহ তাঁর সাজসজ্জায় ছিল ভারতীয় ছোঁয়া। সেলেনার এমন ভারতীয় রূপ দেখে উপস্থিত দর্শকেরা বেশ অবাক হন। সবার বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যায় তাঁকে মুজরা নাচতে দেখে। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ। ‘কাম অ্যান্ড গেট ইট’ গানের সঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেন সেলেনা। তাঁর নতুন এ গানে রয়েছে ভারতীয় সংগীতের ছোঁয়া। সম্ভবত এ কারণেই ভারতীয় সাজে মঞ্চ পরিবেশনায় অংশ নেন এই ২০ বছর বয়সী গায়িকা ও অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এমটিভি মুভি অ্যাওয়ার্ডসের আসরটি বসেছিল ১৪ এপ্রিল রোববার। এ বছর সেরা ছবির পুরস্কার ঘরে তুলেছে ‘দ্য অ্যাভেঞ্জারস’। এ ছাড়া, ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ব্র্যাডলি কুপার ও জেনিফার লরেন্স।