
সোনাক্ষী শেষ কবে ছুটি কাটিয়েছেন বলতে পারেন? সেই জানুয়ারি মাসে, তাও আবার মাত্র তিন দিনের ছুটি। শুধু সোনাক্ষী নন, রুপালি পর্দার মানুষদের এই এক মহা সমস্যা। দিন-রাত বলে তাঁদের কিছু যেন নেই। শিডিউল মেলাতে মেলাতে কখনো দিন গড়িয়ে সন্ধ্যা, কখনো রাত পেরিয়ে ভোর। বাবা শত্রুঘ্ন সিনহা কিংবা মা পুনম সিনহা দুজনেই ফিল্মি পাড়ার মানুষ। এমন রুটিন দেখতে দেখতেই তো বেড়ে ওঠা সোনাক্ষীর। তবে ক্লান্তি যখন একেবারেই চেপে ধরে বসে, তখন মনের ভেতর ঠিকই উঁকি দেয়, হলিডেটা আসবে কবে? অবশেষে সোনাক্ষীর হলিডে এসেই গেল। শুধু নিজের জন্য নয়, সোনাক্ষী হলিডে নিয়ে এসেছেন দর্শক আর সোনাক্ষীফ্যানদের জন্যও। এই উইকএন্ড কাটাতে পারেন বলিউড অভিনেত্রী সোনাক্ষীর সঙ্গেই। সোনাক্ষী সিনহার নতুন ছবির নামই যে হলিডে।
ছবির নাম শুধু হলিডে বললে অবশ্য ভুল হবে। নামের সঙ্গে একটি লেজও জুড়ে দেওয়া আছে। হলিডে-অ্যা সোলজার ইজ নেভার অব ডিউটি। হুম, নামের সঙ্গে মিল আছে গল্পেও। গল্পটা বিরাট বকশি নামের এই ইন্ডিয়ান আর্মি অফিসারের। চাকরি থেকে লম্বা একটা ছুটি নিয়ে যিনি ফিরেছেন ব্যারাক থেকে নিজের শহর মুম্বাইয়ে। পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় একান্তে কাটাতে কার না ইচ্ছে করে বলুন। তবে এই সুযোগে পরিবারের সদস্যরা বিরাটের বিয়ে দিতে উঠেপড়ে লেগে গেলেন। বিরাটের সেই বিয়ের পাত্রী সাইবা রূপে সোনাক্ষী।

প্রথম দেখায় সাইবাকে আত্মকেন্দ্রিক আর বড্ড মুখচোরা মনে হলেও বিরাট পরে জানতে পারেন, সাইবা বেশ উচ্ছল একজন শৌখিন বক্সারও বটে। মুম্বাইয়ের এক পুলিশ বন্ধু আর হবু পত্নী সাইবার সঙ্গে নানান খুনসুটি নিয়ে বিরাটের ছুটিটা ভালোই কেটে যাচ্ছিল। এরই মধ্যে ভয়াবহ কিছু একটা ঘটানোর পরিকল্পনা নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে মুম্বাইয়ের একটা সন্ত্রাসবাদী সংগঠন। ঘটনাক্রমে বেরিয়ে আসে আরেকটা গোপন সত্যি কথা। বিরাট শুধুই একজন সাধারণ আর্মি জওয়ান নন, আসলে তাঁর কাজ ভারতীয় ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে। লম্বা ছুটি কাটানোটা ছিল একটা সাজানো নাটক মাত্র। আর্মি অফিসার বলে কথা, বিশ্রাম শব্দটাই তাঁদের অভিধানে থাকতে নেই। সন্ত্রাসীদের শায়েস্তা করতেই মুম্বাইয়ে আগমন বিরাট বকশির। সাইবাকে আদৌ কি বিয়ে করতে পারবেন বিরাট? নাকি রাষ্ট্রীয় শত্রুর হাতে পরাস্ত হবেন ক্যাপ্টেন বিরাট?
সোনাক্ষীর প্রথম প্রেম ছিলেন নাকি হৃতিক রোশন। যখন কহো না পেয়্যার হ্যায় মুক্তি পায়, তখন সোনাক্ষী পড়তেন সপ্তম স্টান্ডার্ডে। কখনো ডিজাইনার, কখনো টেনিস প্লেয়ার হতে চাওয়া মেয়েটি সেই সময় হৃতিকের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে বলিউডের নায়িকা বনে গেলেও বড় পর্দায় এখনো হৃতিককে নায়ক বানাতে পারেননি সোনাক্ষী। বলতে গেলে সোনাক্ষীর ফিল্মি ক্যারিয়ারের নায়ক হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সালমান খানের বিপরীতে দাবাং দিয়ে বলিউডে অভিষেক হলেও চার বছরের ক্যারিয়ারে নতুন ছবি হলিডেসহ মুক্তিপ্রাপ্ত ১০টি ছবির চারটিতে সোনাক্ষী জুটি বেঁধেছেন অক্ষয়ের সঙ্গেই। অবশ্য রাওডি রাঠোরে কাজ করার পর থেকে সোনাক্ষীর অভিনয়ের ফ্যান হয়ে উঠেছেন অক্ষয় নিজেও। তাই স্ত্রী টুইংকেল খান্না প্রযোজিত এই ছবিতে নায়িকা চরিত্রে অক্ষয়ের প্রথম পছন্দই ছিল সোনাক্ষী সিনহা। হলিডে ছবিতে ক্যাপ্টেন বিরাটের ভূমিকায় অভিনয় করেছেন খিলাড়িখ্যাত এই বলিউড তারকা। দীর্ঘ বিরতির পর ছবিটিতে দেখা যাবে অভিনেতা গোবিন্দকেও। ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম। এ আর মুরুগাদসের চিত্রনাট্য ও পরিচালনায় ২০১২ সালে নির্মিত তামিল ছবি থুপ্পাক্কির রিমেক এই ছবিটি মুক্তি পাবে আগামীকাল।
সাজিদুল হক
ফিল্মফেয়ার, বলিউড হাঙ্গামা, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইকিপেডিয়া অবলম্বনে