সোফিয়া লোরেনের চোখে জল

ইতালির সিনেমার সোনালি সময়ের মানুষ তাঁরা দুজনই৷ একসঙ্গে কত ছবি, কত স্মৃতি৷ একজন পা রেখেছেন আশির ঘরে৷ আরেকজন বিদায় নিয়েছেন বহু আগেই৷ কান উৎসবে এসে ইতালির প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা মার্সেলো মাস্ত্রোয়ানির কথা ভেবে সোফিয়া লোরেন তো একটু আবেগতাড়িত হতেই পারেন৷ সেই আবেগ অশ্রু হয়ে নামল গত বুধবার৷ বুনুয়েল হলে পরিচালিত তাঁর মাস্টার ক্লাসে মার্সেলো মাস্ত্রোয়ানির প্রসঙ্গ ওঠার পর এমন দৃশ্যের অবতারণা হয়৷ অশ্রু মুছে নিজেকে সামলে নিতে সময় লেগেছে সোফিয়ার৷ এই জুটির উল্লেখযোগ্য ছবিগুলো হলো সানফ্লাওয়ার, ম্যারেজ–ইতালিয়ান স্টাইল, ইয়েস্টারডে টুডে অ্যান্ড টুমরো, এ স্পেশাল ডে৷ এই কান উৎসবে কতবার একসঙ্গে আসা হয়েছে তাঁদের৷ বলতে গেলে কান চলচ্চিত্র উৎসব থেকেই তো সোফিয়ার বিশ্বখ্যাতির শুরু৷ মার্সেলো মাস্ত্রোয়ানির কথা ভেবে চোখে পানি তো আসতেই পারে সোফিয়ার৷ এবার কান উৎসবের ‘গেস্ট অব অনার’ ইতালির এই কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী৷