
দুটো মাত্র চোখ। এখন কোন দিক ফেলে কোন দিকে তাকাই৷ সামনের রুপালি পর্দায় কাঁদছেন সোফিয়া লোরেন। আর ঠিক পেছনের সারিতেই বসে আছেন তিনি স্বয়ং! এতটাই কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। সত্যিই কি তিনি? ঠিক বিশ্বাস হতে চায় না। লালচে ঢেউ-খেলানো চুলের স্টাইল আছে এখনো প্রায় আগেরই মতো। কানের সবুজ দামি পাথরের দুলজোড়া নজর কাড়ে বহুদূর থেকেই। চামড়ার ভাঁজ আর বলিরেখার ফাঁকে চোখ দুটো এখনো কী আশ্চর্য উজ্জ্বল! ২০ মে শেষবেলায় ইতালির কিংবদন্তি অভিনেত্রীর ঔজ্জ্বল্যে ফিকে হয়ে গেল গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের লালগালিচার জৌলুশও।
সালে দু সসানতিয়েম প্রেক্ষাগৃহে তিনি ঢুকতেই করতালিতে মুখর হয়ে উঠেছে চারপাশ। সেই করতালির দৈর্ঘ্যই বলে দেয়, তিনি সোফিয়া লোরেন। আগেই হাওয়ায় কথা উড়ছিল, তিনি আসছেন। জানা ছিল, এবারের উৎসবে ‘গেস্ট অব অনার’ হিসেবে সম্মাননা পাচ্ছেন তিনি। কিন্তু সত্যি সত্যি এই ইতালীয় কিংবদন্তির দেখা পাব, ভাবিনি!
কান সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সালে দু সসানতিয়েম প্রেক্ষাগৃহে তাঁর আসার কথা। সেই দুপুর থেকে ঘুরঘুর শুরু করেছি ওই এলাকায়। তিনি আসছেন, সেটা নিশ্চিত হওয়ার আশায়। বিকেল গড়িয়ে লালগালিচায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের পা রাখার সময় ততক্ষণে হয়ে গেছে!
একদিকে ঐশ্বরিয়া, অন্যদিকে সোফিয়া লোরেন—কাকে ফেলে কার কাছে যাই। শেষমেশ সোফিয়া লোরেনেরই জয়। বেঁচেবর্তে থাকলে ঐশ্বরিয়াকে দেখার সুযোগ হয়তো আবার আসবে জীবনে। কিন্তু সোফিয়া লোরেনের দেখা পাওয়া আর চাঁদে পৌঁছানো প্রায় সমান হয়ে যেতে পারে।
২০ মে রাতে কানের ‘চিরায়ত’ (ক্ল্যাসিকস) বিভাগে প্রদর্শিত হয়েছে সোফিয়া লোরেন অভিনীত চলচ্চিত্র মাত্রিমোনিয়ো আলিতালিয়ানা (ম্যারেজ ইতালিয়ান স্টাইল)। সে ছবির প্রদর্শনীতেই হাজির হয়েছিলেন তিনি। ভিত্তোরিও দে সিকা পরিচালিত এ ছবি ছাড়াও উৎসবে প্রদর্শিত হয়েছে তাঁর অভিনীত নতুন এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লা ভোচে উমানা (হিউম্যান ভয়েস)। এ ছবির নির্মাতা সোফিয়া লোরেনের পুত্র এদোয়ার্দো পন্তি। পন্তিও বসে ছিলেন মায়ের ঠিক পাশেই। এবারের কান উৎসবে একটি মাস্টার ক্লাসও পরিচালনা করেছেন সোফিয়া।
কত ছবি, কত আয়োজন
প্রায় নির্বাক ছবি দ্য আর্টিস্ট দিয়ে মাত করেছিলেন অস্কার আসর। কাল কান উৎসবে মহাসমারোহে হাজির হলেন আর্টিস্ট নির্মাতা মিশেল আজানাভিক্যুস। সঙ্গে ছিলেন অভিনেত্রী বেনিসিও বেজো। ফটোকলের পর সংবাদ সম্মেলনের আজানাভিক্যুস কথা বলেছেন তাঁর ছবি দ্য সার্চ সম্পর্কে। ছবির পটভূমি চেচনিয়া-যুদ্ধ। যুদ্ধের দামামার মধ্যে এক শিশু খঁুজছে তার মাকে। ওর পাশে এসে দাঁড়িয়েছে এক শান্তিকর্মী। এমন গল্প নিয়ে আজানাভিক্যুসের এবারের কান অভিযান।
সংবাদ সম্মেলনে মিশেল আজানাভিক্যুস বলেছেন, ‘আমি কখনোই খুব সহজ কোনো ছবি বানাতে চাইনি। এই ছবিতে আমি এমন একটা গল্প বলতে চেয়েছি, যা আগে কখনো কোনো ছবিতে বলা হয়নি। চেষ্টা করেছি খুব মানবিক একটা দিক থেকে ছবিটা বানাতে।’
এ ছাড়া বিশ্ব-চলচ্চিত্রের কিংবদন্তি ফরাসি চলচ্চিত্রকার জঁ লুক গদারের সাম্প্রতিক ছবি আদিউ অ ল্যাঙ্গুয়েজ (গুডবাই টু ল্যাঙ্গুয়েজ) প্রদর্শিত হয়েছে কাল। সেই সুবাদে সারা দিন তিনি আলোচনায় থাকলেও সংবাদ সম্মেলন বা অন্য কোনোখানেই বর্ষীয়ান এই নির্মাতার দেখা মিলল না। খুব সম্ভবত নিজেকে রহস্যাবৃতই রাখতে চান বর্ষীয়ান এই সিনেমাগুরু।
এ সময়ের বিশ্বনন্দিত চীনা চিত্রনির্মাতা ঝাং ইমুর ছবি গুই লাই (কামিং হোম) প্রদর্শিত হয়েছে উৎসবের ‘আউট অব কম্পিটিশন’ বিভাগে। তাঁর ছবির মার্কামারা অভিনেত্রী গং লিকে নিয়ে লালগালিচায় পা রেখেছেন এই চীনা নির্মাতা।
গতকাল বিশেষ প্রদর্শনী ছিল অফ ম্যান অ্যান্ড ওয়ার এবং মেইডেন ছবির।
ধ্রুপদি ছবির বিভাগে ছিল প্রখ্যাত জার্মান চলচ্চিত্রকার ভিম ভেন্ডার্সের প্যারিস, টেক্সাস।
‘সেমিনে দে লা ক্রিতিক’ বিভাগে প্রদর্শিত হয়েছে ফ্রান্সের হোপ ও ইউক্রেনের দ্য ট্রাইব।