
থিয়েটার মানে পাগলামি—অনেকেই এমনটা বলে থাকেন। নাটকের মানুষ এস এম সোলায়মান এই পাগলামিটাই করেছিলেন নিজের মতো করে। ঢাকায় মঞ্চে সবাই তাঁকে ‘খ্যাপা পাগলা সোলায়মান’ বলেই চেনেন। কোথায় ছিলেন না এই খ্যাপা পাগলা? মঞ্চ-রাজপথে ছিল তাঁর বীরদর্প বিচরণ।
কিন্তু একসময় এস এম সোলায়মান অন্তর্মুখী হয়ে পড়েছিলেন, নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সব কোলাহল থেকে, হয়ে পড়েছিলেন নিঃসঙ্গ। এরপর তিনি চলে গেলেন ২০০১ সালের ২২ সেপ্টেম্বরে। ঢাকার নাটকের এই সম্রাট বিদায় নিলেন জীবনেরই রঙ্গমঞ্চ থেকে। এ মাসেরই ২৯ তারিখ তাঁর জন্মদিন। গুণী এই নাটক-পাগলের পৃথিবীতে আসা ও চলে যাওয়ার দুটি দিনকে উপলক্ষ করে গতকাল রোববার তাঁকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন প্রিয়জনেরা। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বহুদিন পর গোলাপজান নাটকের মঞ্চে ফেরা। রোকেয়া রফিকের অভিনয়ধন্য এই নাটক মঞ্চে ফিরল নিদের্শক সোলায়মানকে স্মরণ-দিনে।
‘এস এম সোলায়মান স্মারক বক্তৃতা’ ও ‘এস এম সোলায়মান প্রণোদনা’ আর গোলাপজান নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মানের ১৩তম প্রয়াণ ও ৬১তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে থিয়েটার আর্ট ইউনিট। এ অনুষ্ঠানেই নাটকে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিভাবান ও সৃজনশীল তরুণ নাট্যকর্মী সামিনা লুৎফা নিত্রাকে প্রদান করা হয় এ বছরের এস এম সোলায়মান প্রণোদনা পুরস্কার। নিত্রার হাতে প্রণোদনা পুরস্কার প্রদান করেন ইনামুল হক।
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইনামুল হক। এস এম সোলায়মানের জীবন ও কর্মের ওপর বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য দেন আমিনুর রহমান। স্মারক বক্তৃতা দেন নাট্যজন মোহাম্মদ বারী।
স্মারক বক্তৃতায় মোহাম্মদ বারী বলেন, পাশ্চাত্যের দর্শন ও রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে বহুবার দিক পরিবর্তন করেছে বাংলা নাটক। স্বাধীনতার পর নাটকের মাধ্যমে গণমানুষের প্রতি শক্তিধর মানুষের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে মূর্ত হয়েছে বঞ্চিত মানুষের ক্ষোভ। ইতিহাসের ধূসর আবর্ত আর রূপকতার পরিবর্তে বাংলাদেশের নাটকের প্রধান বিষয় হয়ে ওঠে সমাজমানস।
বক্তৃতার আগে ‘মরণের ওপার থেকে’ গানটি পরিবেশন করেন আনিকা মাহিন।
স্মারক বক্তৃতা শেষে ছিল নাটকের প্রদর্শনী। কয়েক বছর বিরতির পর ঢাকার মঞ্চে আবারও ফিরল থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা গোলাপজান।
মুহাম্মদ আবু তাহেরের ‘গোলাপজানের অশ্বারোহণ গল্প’ অবলম্বনে এর নাট্যরূপ ও নিদের্শনা দিয়েছিলেন এস এম সোলায়মান।
পুরান ঢাকার গোলাপজান নামের এক নারীর জীবনসংগ্রামকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকের কাহিনি। বেঁচে থাকার জন্য নিরন্তর প্রতিকূলতার পথ অতিক্রম করতে হয় এই নারীকে। তাকে কেন্দ্র করে হাস্যরস আর নানা রটনা-ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে গল্প। প্রসঙ্গ ধরে উঠে আসে পুরান ঢাকার অলিগলি, ল্যাম্পপোস্ট, ঘরবাড়ি, কুট্টিভাষা, হিন্দি গান, ঘুমনি, বাকরখানি, ঘোড়ারগাড়ি, লালু, সালু আর সাকরাইন উৎসবসহ নানা অনুষঙ্গ। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রোকেয়া রফিক।
অন্যান্য চরিত্রে রূপ দিয়েছেন চন্দন রেজা, প্রশান্ত হালদার, সেলিম মাহবুব, সাইফ সুমন, রেজাউল সুজন, স্বর্ণা সরকার প্রমুখ।