সোয়াট সদস্যরাও শুটিং করতে এসেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোক স্টুডিওতে ঢাকা অ্যাটাক ছবির শুটিংয়ে পরিচালক ও শিল্পীরা l ছবি: প্রথম আলো
কোক স্টুডিওতে ঢাকা অ্যাটাক ছবির শুটিংয়ে পরিচালক ও শিল্পীরা l ছবি: প্রথম আলো

বৃহস্পতিবার বিকেল। রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওর প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল, পুলিশের বিশেষ বাহিনী স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট)–এর ডজন খানেক সদস্য অস্ত্রশস্ত্রসহ ঘুরছেন।
পরিস্থিতি এমন—এখানে ঢুকেই ভয় পেয়ে যাবেন যে কেউই। কিন্তু একটু পরই সোয়াট সদস্যদের সঙ্গে সাধারণ পোশাকে অন্যরা যেভাবে ঘুরছেন, তা দেখে বুঝতে বাকি রইল না এখানে শুটিং হচ্ছে। সোয়াট সদস্য যাঁরা ঘোরাঘুরি করছেন, তাঁরা কোনো বিশেষ ‘অপারেশনে’ নন, এসেছেন শুটিং করতে।
সুজন কুমার কুণ্ডু নামে সোয়াটের এক সদস্য জানালেন, এখানে তাঁরা ঢাকা অ্যাটাক ছবির শুটিং করছেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকে বেশ কিছুক্ষণ কথা হয় তাঁর সঙ্গে। কথায় কথায় তিনি বলেন, এর আগে আরও দুটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। গুলশানের হলি আর্টিজান দুর্ঘটনায় হয়েছিলেন গুরুতর আহত।
সেদিন সুজনের শরীরে অর্ধশতাধিক স্প্রিন্টার বিঁধেছিল। এখনো সেই ব্যথা বয়ে বেড়াচ্ছেন তিনি। তারপরও সিনেমার শুটিংয়ে আসতে পেরে নাকি খুবই ভালো লাগছে তাঁর। তিনি বললেন, ‘অভিনয়টাকে খুব ভালোবাসি। এ কাজ করে তাই আনন্দ পাই।’
আট মাস বিরতির পর গত সপ্তাহে ঢাকা অ্যাটাক ছবির শুটিং শুরু হলো আবার। বৃহস্পতিবার শুটিং হচ্ছিল এই ছবির সাইকো কিলার চরিত্রের শিল্পীকে নিয়ে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা তাসকিন। শুটিং করতে তিনি অস্ট্রেলিয়া থেকে উড়ে এসেছেন।
দেখা মিলল সানি ছানোয়ারের সঙ্গে, তিনি এই ছবির চিত্রনাট্যকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (কাউন্টার টেররিজম) সানি বললেন, সোয়াট সদস্যদের পরনে যেসব পোশাক তার নকশা তিনি করেছেন। পোশাকগুলো শুধু এই ছবিতেই ব্যবহৃত হবে। শুটিংয়ের জন্য যা কিছু দরকার, কোনো কিছুরই কমতি রাখেননি তাঁরা।
ততক্ষণে সেটে এসে পৌঁছে গেছেন পরিচালক দীপঙ্কর দীপন। সেটে হঠাৎ জানতে পারলেন তাঁর স্ত্রী অসুস্থ। তাই তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে ঘণ্টা দু-একের জন্য দীপনকে ছুটি নিতে হয়েছিল।
দীপন বললেন, ‘আমরা এখন এই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের শুটিং করছি। টানা কাজ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পুরো ছবির শুটিং শেষ হবে।’
ঢাকা অ্যাটাক ছবির এই লটের শুটিংয়ের জন্য সেটে একটি বিশেষ আস্তানা বানানো হয়েছে। সেই আস্তানা থেকে কার্যক্রম চালান ‘সাইকো কিলার’ তাসকিন। একটু পর এখানে অভিযান চালাবেন অভিনেতা এ বি এম সুমন। তিনিও ততক্ষণে সোয়াটের পোশাক পরে পুরোপুরি প্রস্তুত।
এরপর কী হবে জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে হবে। পরিচালক বলেন, ‘কী কারণে এত আয়োজন, বাকিটা ছবি মুক্তির পর দর্শকেরা জানতে পারবেন।’
এদিকে ২২ নভেম্বর ঢাকা অ্যাটাক ছবির প্রথম ঝলক ইউটিউবে প্রকাশ করবেন বলে জানান দীপন। এই ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহি।