সৈকতের আকাশে উড়ছে হাঙর ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের নির্মল আকাশে শীতের হাওয়ায় উড়ছে হাঙর, ডলফিন, অক্টোপাস, জেলিফিশ, মৎস্যকন্যা আর গহিন বনের বাঘ, অজগর, রঙিন প্রজাপতি। এ ছাড়াও তাদের সঙ্গী হয়ে উড়ছে মিকিমাউস, স্পাইডারম্যানসহ আরও কত কী। সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার বিকেলে সৈকতভ্রমণে আসা বিপুলসংখ্যক পর্যটক বালুচরে দাঁড়িয়ে আকাশে ডানা মেলে ঘুরে বেড়ানো রং-বেরঙের এসব বিচিত্র প্রাণী ও আকৃতির ঘুড়ির ওড়াউড়ির দৃশ্য উপভোগ করেন। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে দুই দিনব্যাপী এই জাতীয় ঘুড়ি উৎসবের আয়োজন করেছে। আজ শনিবার সকাল ১০টা থেকে উৎসবের দ্বিতীয় দিনে ঘুড়িও ওড়ানো শুরু হবে। গতকাল বিকেল সাড়ে চারটায় সৈকতের লাবণী পয়েন্টে উৎসবের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সহসভাপতি ম হামিদ, সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ।শাহজাহান মৃধা বলেন, ‘ঘুড়ি ওড়ানোর দুটি পূর্বশর্ত হচ্ছে বাতাস আর শুকনো আবহাওয়া। এই সৈকতে দুটোই রয়েছে। আমরা এই সৈকতের নির্মল আকাশ ও বাতাস রক্ষার দাবিতে এই ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই ঘুড়ি ওড়ানোর উৎসব সবার মনে গেঁথে গেলে এর উদ্দেশ্য সফল হবে।’