সৈয়দ আব্দুল হাদী পেলেন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী সৈয়দ আব্দুল হাদীর হাতে সম্মাননা চেক তুলে দিচ্ছেন সিটি ব্যাংক এনএর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ। সঙ্গে আছেন রোকেয়া আফজাল রহমান ও মুস্তাফা জামান আব্বাসী l প্রথম আলো
শিল্পী সৈয়দ আব্দুল হাদীর হাতে সম্মাননা চেক তুলে দিচ্ছেন সিটি ব্যাংক এনএর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ। সঙ্গে আছেন রোকেয়া আফজাল রহমান ও মুস্তাফা জামান আব্বাসী l প্রথম আলো

খালি গলায় গাইছিলেন সৈয়দ আব্দুল হাদী, ‘এ মণিহার আমায় নাহি সাজে’।
একটু আগেই তিনি সংবর্ধিত হলেন। অনুষ্ঠানের শেষ দিকে দর্শকেরা ধরলেন, গান শোনাতে হবে। মঞ্চে উঠে শিল্পী জানালেন, কোনো বিশেষ কারণে মানসিক সংকটে আছেন। এই পরিস্থিতিতে গান করা সম্ভব নয়। তবু নিরাশ করলেন না। শোনালেন রবীন্দ্রনাথেরই দুটি গান। ‘এই মণিহার আমায় নাহি সাজে’ এবং ‘তুমি কি কেবলই ছবি’। তাঁর দরাজ কণ্ঠে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে থাকলেন দর্শক।
সিটিব্যাংক এনএ ২০০৪ সাল থেকে নিয়মিত প্রতিবছর ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করে। সংগীতে বিশেষ অবদানের জন্য দেশের একজন বরেণ্য সংগীতব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সিটিব্যাংক এনএ সংগীত ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদীকে সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে গুণী এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক, সম্মানী চেক ও ক্যানভাসে আঁকা প্রতিকৃতি তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, বরেণ্য সংগীতব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী এবং সিটিব্যাংক এনএর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ।
অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত সংগীতব্যক্তিত্ব ফিরোজা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত ব্যক্তিরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সম্মাননা স্মারক দেওয়ার সময় মুস্তাফা জামান আব্বাসী সকৌতুকে জানান, তাঁর স্ত্রী আসমা আব্বাসী অনুষ্ঠানে আসতে চাইছিলেন না। কিন্তু যখন বলা হলো তাঁর (আসমা আব্বাসীর) বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বড় ধরনের সংবর্ধনা পাচ্ছেন, তখন সঙ্গে সঙ্গে নীল শাড়িটি পরে তৈরি হয়ে গেলেন। স্মৃতিচারণ, প্রশংসা আর প্রতিক্রিয়া জানাতে গিয়ে একসময় আবেগাপ্লুত হয়ে পড়লেন মুস্তাফা জামান আব্বাসী। বললেন, ‘হেমন্তের পর বাংলা গানের সবচেয়ে রোমান্টিক কণ্ঠের শিল্পী হাদী। ওকে আমি আপন ভাইয়ের মতোই ভালোবাসি।’ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সিটিব্যাংকের ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট শামস জামান।
সৈয়দ আব্দুল হাদী জানান, সংগীতে আসার পরিকল্পনা প্রথম জীবনে ছিল না তাঁর। একটা সময় শুধু ‘প্যাশন’ ছিল গান করা। কিন্তু কখন কীভাবে যে এটাই পেশা হয়ে গেল, তা তিনি নিজেও জানেন না। বললেন, ‘আমাদের সময়ে এমন কোনো পরিস্থিতি ছিল না যে গান নিয়ে জীবন ধারণ করা যাবে। কিন্তু জীবন চলার পথে সরকারি চাকরি, শিক্ষকতাসহ নানা পেশায় নিয়োজিত থাকলেও শেষ পর্যন্ত শুধু গানটাই রয়ে গেছে জীবনে।’
সংবর্ধনা দেওয়া, নেওয়ার পর মঞ্চে আসেন শিল্পী রুমানা ইসলাম। শুরুতে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি শোনান রুমানা। ‘হায় রে আমার মন মাতানো দেশ’, ‘তুমি চেয়েছিলে ওগো জানতে’, ‘কী করে বলিব আমি আমার মনে বড় জ্বালা’ গানগুলোও শোনা গেল রুমানার কণ্ঠে। এর পরই তিনি সৈয়দ হাদীকে আহ্বান জানান মঞ্চে। খালি গলায় দুটি রবীন্দ্রসংগীত করেন আব্দুল হাদী। তাঁর গানের রেশ কাটতে না কাটতেই মিলনায়তন থেকে এক দর্শক মুস্তাফা জামান আব্বাসীকে অনুরোধ করলেন গান শোনাতে। নিরাশ করলেন না তিনিও। দরাজ কণ্ঠে শোনালেন ‘ও কি ও বন্ধু কাজল ভ্রোমরা রে’ গানটি।
শেষে রুমানা ইসলাম ‘একি সোনার আলো’ ‘পথে পথে দিলাম ছড়াইয়া রে’ এবং ‘যদি আর দেখা না হয়’ শুনিয়ে সমাগতদের মুগ্ধ করেন।

‘পূর্বাচলে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে গান গাইছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
‘পূর্বাচলে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে গান গাইছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

‘পূর্বাচলে রবীন্দ্রনাথ’
গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে ‘পূর্বাচলে রবীন্দ্রনাথ’ শীর্ষক সংগীত অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথের গান। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সংগীত পরিবেশনায় অংশ নেন সুরের ধারার শিল্পীরা।
রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শোনান, ‘অমল ধবল পালে লেগেছে’। এরপর রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গান ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’ গানটি করেন তিনি। এ ছাড়াও তিনি গেয়ে শোনান, ‘আমি চিনি গো চিনি তোমারে’ ও ‘আমি মারের সাগর পাড়ি দেব’। অনুষ্ঠানে আজিজুর রহমান তুহিন গান করেন ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ ও ‘চিত্ত পিপাসিত রে’। শিল্পী সুমাইয়া ইমাম পরিবেশন করেন ‘আজি যে রজনী যায়’। স্বাতী সরকার গেয়ে শোনান ‘আজি ঝড়ের রাতে’ ও ‘যদি বারণ কর’।
অনুষ্ঠানে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম বলেন, ‘রেজওয়ানা চৌধুরী রবীন্দ্রচর্চাকে সমৃদ্ধ করেছেন।’