সৈয়দ শামসুল হককে নিয়ে জলেশ্বরীর জাদুকর

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ৮০ পেরিয়ে ৮১ ছুঁলেন গতকাল রোববার। তাঁর ৮০তম বছরপূর্তির আনন্দময় মুহূর্তটি স্মরণীয় করে রাখতে প্রকাশিত হলো সম্মাননা সংকলন ‘জলেশ্বরীর জাদুকর’। আজ সোমবার বিকেলে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মাননা গ্রন্থের সম্পাদকমণ্ডলীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেন কথাপ্রকাশের প্রকাশক জসিম উদ্দিন। এ ছাড়াও সৈয়দ হককে নিবেদিত আলোচনায় অংশ নেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, নাট্যজন আতাউর রহমান, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, লেখক-সাংবাদিক আনিসুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সৈয়দ শামসুল হককে জানানো হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষÿথেকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা। প্রদর্শিত হয় তাঁর জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। এ সব্যসাচী লেখককে উপহার দেওয়া হয় তাঁকে নিয়ে আঁকা একটি প্রতিকৃতি।
প্রধান অতিথির বক্তব্যে স্মৃতিচারণা করে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সৈয়দ শামসুল হকের সঙ্গে আমার পরিচয় হয়। তখন আমাদের জমজমাট আড্ডা হতো মধুর ক্যানটিনে। আমার মতে ওর বড় কৃতিত্ব হলো, এ দেশের নাট্য আন্দোলন ও চর্চা তিনি প্রতিষ্ঠা করেছেন। ৭০-এর দশকে নাট্যচর্চার বিস্তার ঘটলেও সেটা মহিলা সমিতির ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আমরা নাট্যচর্চার পরিসর বড় করছি, এই বড় পরিসরের শুরুটার কৃতিত্ব সৈয়দ হককেই দিতে হবে। তার লেখনী অনন্তকাল পর্যন্ত চলবে। ৮০ বছর বয়সেও সে অনেক তরুণ। এটা তার চলাফেরা এবং লেখনী দুটোতেই। আমার মতো সমবয়সীদের কাছে সেটা আরও তরুণ হয়ে ধরা দেয়। তার সৃজনশীলতার দিন এখনো শেষ হয়ে যায়নি। যত শুভেচ্ছা একসঙ্গে নিবেদন করা যায়, তার সবটুকু আমি তার কাছে সমর্পণ করলাম।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘১৯৭৩ সালে আমার সঙ্গে প্রথম পরিচয় হয় সৈয়দ শামসুল হকের। আমি একটা মঞ্চনাটকে অভিনয় করেছিলাম। ওই নাটকটি দেখতে গিয়েছিলেন তিনি। প্রশংসা করেছিলেন আমার অভিনয়ের।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘তাঁর সঙ্গে পরিচয় অনেক পরে হলেও তার লেখনীর সঙ্গে পরিচয় ঘটেছিল বহু আগেই। তাঁর সবচেয়ে অসাধারণ নাটক “নুরলদীনের সারাজীবন”-এ আমি অভিনয় করেছি। সেই নাটকের প্রারম্ভিক অংশটুকু আবৃত্তি এবং আব্বাস চরিত্রে অভিনয় করেছিলাম। বাংলাদেশের প্রতিটি প্রান্তে অন্তত এক লাখ বার আমি এটা আবৃত্তি ও অভিনয় করেছি। যতবারই নাটকটির সঙ্গে গিয়েছি, ততবারই নিজেকে, নিজের চরিত্রকে ও লেখককে নতুনভাবে আবিষ্কার করেছি। যার ভাব একদিনে বোঝা সম্ভব নয়।”
নাটকের ‘আকালের এই সময়ে’ বেশি পরিমাণে নাটক লিখতে সৈয়দ হকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নাটকের মানুষ হিসাবে বলছি, ‘রবীন্দ্রনাথের পর এত বড় নাট্যকার বাংলা ভাষায় জন্মেছে কি-না, সন্দেহ আছে।’
সংবর্ধনার জবাবে সৈয়দ শামসুল হক বলেন, ‘যাঁরা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন তাঁদের ভালোবাসায় আমি প্লাবিত ও অভিভূত।’ রাজনৈতিক কবি গোলাম কুদ্দুসের লেখা একটি কবিতার ‘তোমাদের জন্ম হয়, তোমাদের জন্মদিন আসে, আমাদের জন্ম নেই, জন্মদিন আসে না’ পঙ্ক্তি দু’টি উচ্চারণ করে তিনি বলেন, ‘যাদের জন্মদিন নেই, সারা জীবন তাদের কথা বলার চেষ্টা করেছি। সামান্য ও সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করেছি। আমার জন্মভূমিকে ভিত্তি ধরে তার সঙ্গে অন্য অনেক বিষয়কে যোগ করেছি। ৮০ বছর পার করেছি, এখনো দাঁড়িয়ে আছি, এটা আমার এক ধরনের অহংকার। সেটা লেখায় এবং নিজের অস্তিত্বে। এখনো অনেক লেখার বীজ মাথায় আসে। কিছু শেষ করলে নতুনভাবে এসে হাজির হয়।’
অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলা সাহিত্যকে তিনি অনেক দিয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বলতে পারব না। তবে এই “জলেশ্বরীর জাদুকর” গ্রন্থের পেছনে তাঁর বইয়ের যে তালিকা দেওয়া হয়েছে, তা দিয়েই একটি গ্রন্থ হয়ে যায়। সাহিত্যের এমন কোনো দিক নেই যা তিনি স্পর্শ করেননি। কবিতা, গল্প, নাটক, উপন্যাস, স্মৃতিকথা সবকিছু লিখেছেন। এবং প্রতিটি ক্ষেত্রেই তাঁর মৌলিকতা ভাস্বর।’
আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘তিনি ১১৬ বছর বাঁচতে চান, কিন্তু এত বছর বাঁচলে তাকে চা-কফি বানিয়ে দেবে কে, ডাক্তার দেখাবে কে? তিনি ১১৬ বছর বাঁচলে তো আমাকেও বাঁচতে হবে। তাঁর মাথায় যা আছে, তা ৫০০ বছরেও শেষ হবে না। সুতরাং তাড়াতাড়ি যা করা সম্ভব তা করে গুড বাই বলে চলে যেতে হবে।’