সৈয়দ শামসুল হকের নাটক নিয়ে
‘আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,/ আবার নূরলদীন একদিন কালপূর্ণিমায় এসে দিবে ডাক—/জাগো বাহে, কোনঠে সবায়...।’ সৈয়দ শামসুল হকের অসাধারণ কাব্যনাটক নূরলদীনের সারা জীবন-এর সংলাপ এটি। ছোটবেলায় বাবার হাত ধরে যাত্রা দেখতে যাওয়া সেদিনের ছোট্ট বালক বাদশা, আজ যাঁকে আমরা সৈয়দ শামসুল হক নামে চিনি, আমাদের কাছে যিনি সব্যসাচী লেখক হিসেবে পরিচিত, কে জানত শৈশবের এই যাত্রা দেখার অভিজ্ঞতাই পরবর্তী সময় নাটক লিখতে উৎসাহ জোগাবে তাঁকে! শুধু কি তা-ই, তিনি কি কখনো ভেবেছিলেন, তাঁর নাটকগুলো নিয়ে আস্ত একটা নাট্যোৎসব হবে?সৈয়দ শামসুল হকের অকপট উত্তর, ‘না।’ তবে বিনীত কণ্ঠে বললেন, ‘ আমি তো নানা রকম ধারায় নাটক লিখেছি—কাব্যনাটক, গদ্যনাটক, রবীন্দ্রনাথকে নিয়ে নাটক। এর মধ্যে বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ হবে এখানে। সবাই আমার লেখনীর বৈচিত্র্যকে জানা-বোঝার সুযোগ পাবেন—এটা ভেবে ভালো লাগছে।’ব্যাপারটা এবার খুলেই বলি: এই সব্যসাচী লেখকের অসংখ্য নাটকের মধ্য থেকে কয়েকটি বেছে নিয়ে নাটকের দল প্রাঙ্গণেমোর আয়োজন করেছে আট দিনব্যাপী নাট্যোৎসবের। উৎসবের নাম ‘সৈয়দ শামসুল হক নাট্যোৎসব।’ ‘জাগো বাহে, কোনঠে সবায়’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আট দিনব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধন করা হবে আগামীকাল ১৯ এপ্রিল সন্ধ্যা ছয়টায়।উদ্বোধনী অনুষ্ঠানেও রয়েছে চমক—উৎসব উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হকের নাটকের সাত নির্দেশক—আতাউর রহমান, আলী যাকের, সারা যাকের, নিখিল সেন, তারিক আনাম খান, গোলাম সারোয়ার ও সুদীপ চক্রবর্তী। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে থিয়েটারের প্রযোজনা পায়ের আওয়াজ পাওয়া যায়। এ ছাড়া বাকি দিনগুলোতে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের ম্যাকবেথ, কণ্ঠশীলনের উত্তর বংশ, পালাকারের বাংলার মাটি বাংলার জল, নাগরিক নাট্য সম্প্রদায়ের অপেক্ষমাণ, প্রাঙ্গণেমোরের ঈর্ষা ও পালাকারের প্রযোজনা নারীগণ।নাটকের প্রদর্শনী ছাড়াও আট দিনের এই উৎসবে থাকছে নানা আয়োজন। ২৫ এপ্রিল বিকেল চারটায় নাট্যশালার সেমিনার কক্ষে রয়েছে ‘কালের যাত্রায় সৈয়দ শামসুল হকের নাটক’ শীর্ষক সেমিনার। এখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক। একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাট্যশালার মূল মিলনায়তনে থাকছে আরেকটি আয়োজন ‘নাট্যকার সান্নিধ্য’। সৈয়দ শামসুল হকের উপস্থিতিতে এই আয়োজনে তাঁরই সৃষ্ট চরিত্রগুলোতে অভিনয় করবেন আলী যাকের, আসাদুজ্জামান নূর, ফেরদৌসী মজুমদার, আতাউর রহমান, সারা যাকের, আবুল হায়াত, নিমা রহমান, জামালউদ্দিন হোসেন, তারিক আনাম খান, লাকী ইনাম, খায়রুল আলম সবুজ, শান্তা ইসলাম, বিপাশা হায়াত, আফসানা মিমি ও ত্রপা মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নাট্যজন মামুনুর রশীদ। এ ছাড়া থাকবে শিমুল মুস্তাফা, আহকামউল্লাহ, হাসান আরিফ, ইশরাত নিশাত ও মাইদুল ইসলামের কণ্ঠে আবৃত্তি পরিবেশনা। সৈয়দ শামসুল হক পাঠ করবেন তাঁর নির্বাচিত রচনা থেকে।যাঁকে নিয়ে এ রকম বর্ণাঢ্য আয়োজন, সেই সৈয়দ হক প্রথম নাটক লিখেছেন ১৯৭৫ সালের মে মাসে—পায়ের আওয়াজ পাওয়া যায়। প্রবাসে বসে লেখা এই নাটক মঞ্চস্থ হয়েছে ১৯৭৬-এর নভেম্বরে। আর এখন পর্যন্ত তাঁর শেষ নাটক নারীগণ। সব মিলিয়ে এ নাট্যকারের লেখা নাটকের সংখ্যা ২৩। কথায় কথায় বললেন, ‘মাথার ভেতর এখনো ঘুরপাক খাচ্ছে নতুন আরও গোটা চারেক নাটক।’ তিনি আরও বললেন, ‘আমি খুব অভিভূত! এ যেন জীবদ্দশায় নিজের কর্মের স্বীকৃতি ও জয়মালা উপহার পাওয়া। বিষয়টি একই সঙ্গে অত্যন্ত আনন্দের ও গর্বের। নাট্যপ্রেমীদের এ রকম ভালোবাসায় আমি মুগ্ধ।’প্রাঙ্গণেমোরের দলপ্রধান অনন্ত হিরা বললেন, ‘বর্তমানে দেশে একটা দুঃসময় চলছে। নাট্যমঞ্চের লোকজনদের এখন সবার আগে সজাগ থাকা দরকার। “জাগো বাহে, কোনঠে সবায়” শিরোনামের মাধ্যমে আমরা সবাইকে জেগে থাকার আহ্বান জানাই; পাশাপাশি বাংলা নাটকের এই মহান পুরুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই।’