>

শিল্পসাহিত্যের প্রায় সব ধারাতেই ছিল তাঁর যাতায়াত। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধের পাশাপাশি তিনি লিখেছেন মঞ্চনাটক, চলচ্চিত্রের চিত্রনাট্য, গান। তাঁর সৃষ্টিশীলতার এই তিনটি দিক নিয়ে লিখেছেন তাঁর সঙ্গ পাওয়া চার তারকা
১৯৬৪ সালে আমি সহকারী পরিচালক হিসেবে কামাল আহমেদের সঙ্গে কাজ করি। তখন থেকেই সৈয়দ শামসুল হকের সঙ্গে আমার পরিচয়। একটা সময় যখন নায়ক হিসেবে কাজ শুরু করি, তখন তাঁর চিত্রনাট্যে ১০টি সিনেমায় অভিনয় করেছি। তাঁর চিত্রনাট্যে আমি প্রথম কাজ করেছি ময়নামতি সিনেমায়। তাঁর স্ক্রিপ্টে কাজ করলেও আমাদের খুব একটা দেখা হতো না। তিনি তাঁর মতোই থাকতেন। তবে যখনই দেখা হতো, তখন খুব আন্তরিকতা থাকত। বড় ভাইয়ের মতো ছিলেন। আমি যখন একটা পর্যায়ে সিনেমা নির্মাণে আসি, তখনই ইচ্ছে হলো, সৈয়দ হক ভাইয়ের চিত্রনাট্যে কাজ করি। ১৯৮২ সালের দিকে আমি আমার সেই ইচ্ছার কথা তাঁকে জানালাম। সাহস করে বলেই ফেললাম, আমি তো আপনার স্ক্রিপ্টে কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। এখন আমার ইচ্ছা, আপনার কাছ থেকে গল্প নিয়ে একটি সিনেমা বানানোর। আমার কথা শোনার পর তিনি আমাকে বাসায় ডাকলেন।

বাসায় যাওয়ার পর আমার কাছে জানতে চাইলেন কেমন গল্প চাই। তাঁকে ধারণা দেওয়ার পর আমাকে জানিয়ে দিলেন, তিন মাস পর এসে গল্প নিয়ে যেতে। আমি ঠিক তিন মাস পর তাঁর গুলশানের বাসায় যাই। দারুণ একটা গল্প পেয়ে যাই। নদী নিয়ে ছিল সেই ছবির বিষয়বস্তু। অভিযান নামের সেই ছবি আমি বেশ যত্ন নিয়ে নির্মাণ করি। নির্মাণের পর ছবিটি দেখে হক ভাই খুব খুশিও হয়েছিলেন। উনি যা যা লিখেছিলেন, নির্মাণের সময় আমি কোনো কার্পণ্য করিনি। যেখানে যেখানে দরকার সেখানেই শুটিং করেছি।
আমরা তাঁদের মতো লেখকের গল্পে কাজ করে গণমানুষের কাছে নায়ক হয়েছি। আর সৈয়দ হক ভাই ছিলেন আমাদের নায়ক। আমাদের সময়ের সবাই হক ভাইকে অসম্ভব শ্রদ্ধাও করতেন।
বহুকাল পর গত রোববার হাসপাতালে হক ভাইয়ের সঙ্গে আমার শেষবারের মতো দেখা হয়। তাঁর অসুস্থতার খবর শুনে ছেলে সম্রাট আর তাঁর স্ত্রীসহ হাসপাতালে ছুটে যাই। আমাকে দেখেই তিনি বলে উঠলেন, ‘এই আমাকে একটু উঠাও।’
হঠাৎ করে বললেন, রাজ্জাক, একটা কবিতা শোনেন। কবিতা শেষে ময়নামতি সিনেমার গানও শোনালেন।
একটা পর্যায়ে সৈয়দ শামসুল হক বললেন, ‘শোনেন রাজ্জাক, আমি আবার ঘুরে দাঁড়াব। আমি আবার তোমাদের সঙ্গে কাজ করব।’ আমি চলে আসার সময় পেছন ফিরে দেখি, হক ভাই আবার ডাক দিলেন। দেখলাম, চোখ ছলছল করছিল। কাছে আসতেই বললেন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন। আমি তাঁর মাথায় কিছুক্ষণ হাত রাখলাম। বুঝতে পারিনি, এটাই শেষ।
আরও পড়ুন:
যার ছায়া পড়েছে, মনের আয়নাতে
বিশাল ক্ষতি হয়ে গেল
নাটকের নতুন উচ্চতা