সৈয়দ হককে উৎসর্গ করে 'সুইসাইড নোট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমন কল্যান
সুমন কল্যান

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে উৎসর্গ করে ‘সুইসাইড নোট’ নামের একটি গানের অ্যালবাম প্রকাশ করছেন গায়ক ও সংগীতপরিচালক সুমন কল্যান। তিন গানের এই অ্যালবামটি শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে প্রকাশ করা হচ্ছে। লেজার ভিশনের ব্যানারে প্রকাশিতব্য এই অ্যালবামের গানের শিরোনাম হচ্ছে ‘সুইসাইড নোট’, ‘আরও কিছু কবিতা’ এবং ‘আমি চলে গেলে’।
‘সুইসাইড নোট’ অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন ইমতিয়াজ ইকরাম, সেজুল হোসেন ও সোমেশ্বর অলি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলোর সুর-সংগীত করেছেন সুমন কল্যান নিজেই।
সুমন কল্যান বলেন, ‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে। কলেজজীবন থেকে তাঁর লেখার প্রতি ভালো লাগা তৈরি হয়। ঢাকায় আসার পর তাঁর লেখা ‘নুরলদীনের সারা জীবন’ ঢাকার মঞ্চে দেখা হয়। নাটকটি আমাকে এমনভাবে নাড়া দেয় যে, বেশ কয়েকবার দেখা হয়। তাঁর লেখা গানগুলো আমাকে যেন কোথায় হারিয়ে নিয়ে যায়, এ ভালো লাগার কথা বলে বোঝানো যাবে না। সবকিছু মিলিয়ে তিনি আমার অন্যরকম ভালোবাসার একজন মানুষ। তাঁর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতেই অ্যালবামটি তাঁকে উৎসর্গ করেছি।’
‘সুইসাইড নোট’ নাম দেওয়ার কারণ প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘আমাদের চারপাশে আত্মহত্যার বেশ কিছু ঘটনা ঘটে। বছর তিনেক আগে আমার খুব কাছের একজন ছোট ভাইও আত্মহত্যা করে। ওই ঘটনা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। এরপরই বিষয়টি নিয়ে গান করার পরিকল্পনা করি। গানগুলো তৈরি হওয়ার পর মনে হলো এই নামটি দেওয়াটাই যুক্তিসংগত।’
উল্লেখ্য, চলতি বছর সুমন কল্যানের সুর-সংগীতে কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়। বর্তমানে বেশ কিছু নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
অ্যালবামটি প্রসঙ্গে সুমন কল্যান বলেন, ‘এটা আমার তৃতীয় একক। আমার গানের নিজস্ব একটা ঘরানা আছে। সেই ঘরানার মধ্যে থেকেই গানগুলো করেছি।’