সৈয়দ হককে পড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন ছিল গত মঙ্গলবার। ডেইলি স্টার বুকস-এর আয়োজনে সব্যসাচী লেখকের জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার হয়ে গেল ‘সব্যসাচী সন্ধ্যা’।
ডেইলি স্টার ভবনের এস মাহমুদ সেমিনার মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতি ছিলেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। আলোচনায় কবির স্ত্রী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, তিনি যখন জীবিত ছিলেন তখন বুঝতে পারেননি। এখন মনে হয়েছে, তিনি একজন মানুষের সঙ্গে ঘর করেননি। সৈয়দ শামসুল হক ছিলেন অনেকগুলো মানুষ। একসঙ্গে তিনি অনেকগুলো সৈয়দ শামসুল হকের সঙ্গে ঘর করেছিলেন। তাঁর জীবনের এত বিচিত্র দিক ছিল।
সভাপতির কথায় উঠে আসে, এখন শোক করার সময় নয়। তাঁকে পড়তে হবে। তাঁকে জানার মধ্য দিয়েই নিজেদের জানা যাবে।
কবির সাহিত্য নিয়ে আলোচনায় কবি সাজ্জাদ শরিফ বলেন, ‘আমাদের শিল্প-সাহিত্যে যে সকল চেনা সীমানা ছিল, সৈয়দ শামসুল হক সেটা অতিক্রম করে যেতে চেয়েছেন। তিনি কোনো ছকের মধ্যে তাঁর সাহিত্য আটকে রাখতে চাননি।’
আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, কবি মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যিক মোহিত কামাল, কথাসাহিত্যিক হামীম কামরুল হক ও কবিপুত্র দ্বিতীয় সৈয়দ-হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইমরান মাহফুজ।