
কবি পড়লেন নিজের কবিতা। এতে ছিল ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের কথা, বঙ্গবন্ধুর কথা, ছিল নিজের খুব কাছের কিশোরবেলার বন্ধুর কথা, এমনটি স্বৈরশাসকের কথাও। আবৃত্তির মাঝে কখনো কখনো আবেগাপ্লুত হয়ে পড়েন নিজের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে। তিনি সৈয়দ শামসুল হক।
গেল শুক্রবার সন্ধ্যায় তাঁর একক কবিতাপাঠের আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। কবিতাপাঠ শুরুর আগে কবি বললেন, ‘শ্রোতা কম, তাতে কিছু আসে যায় না, বাঙালিরা একাই এক শ। কাজেই আমি মনে করি এখানে এক হাজার শ্রোতা আছে।’ শুরুটা ছিল একাত্তরের ২৫ মার্চের বেদনাতুর রাতের কথা দিয়ে। শোনালেন সে সময়ে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত লেখা তাঁর কিছু কবিতা, যেগুলো তিনি লিখেছেন যুদ্ধকালীন ঢাকার দৃশ্যপট নিয়ে। কবিতা রচনার প্রেক্ষাপটও বর্ণনা করেন তিনি।
স্কুল সহপাঠী প্রিয় বন্ধু পরিমলকে নিয়ে ছিল একটি কবিতা। দেশভাগের সময় কবির বয়স ছিল ১২ বছর। ‘পরিমলদের বাড়ি’ শিরোনামে কবিতাটি ছিল দেশভাগের কথা নিয়ে। স্বাধীনতা-পরবর্তী কবির লেখা কিছু কবিতা পাঠ করে শোনালেন। সোয়া ঘণ্টায় তিনি অনেকগুলো কবিতা শোনান।