সৈয়দ হকের জন্মজয়ন্তীতে শিল্পকলা একাডেমি

আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মজয়ন্তী উদ্যাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। এতে সৈয়দ হকের লেখা কালজয়ী গানগুলো গাইবেন সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর। থাকবে আবৃত্তি, নাটক থেকে পাঠ ও বিশেষ কোরিওগ্রাফি। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে এই অনুষ্ঠান শুরু হবে।
জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সৈয়দ হকের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, যুদ্ধ এবং যুদ্ধ ও ঈর্ষা নাটক থেকে অংশবিশেষ পাঠ করা হবে। আবৃত্তি করবেন হাসান আরিফ, আহকামউল্লাহ ও গোলাম সারোয়ার।
সৈয়দ শামসুল হককে উৎসর্গ করে একটি বিশেষ নাচের কোরিওগ্রাফিও পরিবেশন করা হবে আজ। ‘আ ট্রিবিউট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ নামের এই পরিবেশনার ভাবনা ও পরিচালনা পূজা সেনগুপ্তের। এই কোরিওগ্রাফিটি ২০১৪ সালে সৈয়দ হকের সামনেও পরিবেশন করেছিলেন পূজা। এবার দ্বিতীয়বারের মতো তিনি এটি পরিবেশন করতে যাচ্ছেন।
অনুষ্ঠানের একটি অংশে আলোচনা পর্বও থাকছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, কবি ও সাহিত্যিক মুহম্মদ নুরুল হুদা, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, কথাসাহিত্যিক আনিসুল হক এবং অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্ম। গত ২৭ সেপ্টেম্বর এই লেখক ফুসফুসের ক্যানসারে ভুগে মৃত্যুবরণ করেন।