সোনাক্ষি আসছেন নতুন রূপে
দাবাং ছবিতে শান্তশিষ্ট এবং একটি গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করে ভক্ত দর্শকদের মন জয় করে নিয়েছেন সোনাক্ষী সিনহা। শুধু তা-ই নয়, ভারতে গত বছরের বেশ কয়েকটি নামকরা অনুষ্ঠানের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি। সোনাক্ষি এবার রোমান্টিক চরিত্রে অভিনয়ে আগ্রহী। নিজেকে ব্যতিক্রমী ও আধুনিকা হিসেবে দেখাতে এরই মধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আব্বাস মস্তান পরিচালিত ছবি রেসের সিক্যুয়েল রেস টুতে। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বাইরে আলাপকাল সোনাক্ষি বলেন, ‘আমার বিশ্বাস, একজন অভিনেত্রীর বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার ক্ষমতা থাকা উচিত। এমনকি আমি নিজেও চাই যে দাবাং ছবির রক্ষণশীল পরিবারের মেয়ে থেকে একেবারে রোমান্টিক ইমেজে নিজেকে উপস্থাপন করতে। আর তাই রেস ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।’এদিকে দুই পরিচালক আব্বাস মস্তানও চাইছেন রেস ছবিতে এক নতুন সোনাক্ষি সিনহাকে উপহার দিতে। এ জন্য সোনাক্ষিও তাঁর শরীরের বাড়তি ওজন কমাচ্ছেন। সোনাক্ষি আরও জানান, তিনি আগের চেয়ে অনেকখানি ওজন কমিয়েছেন। রেস টুতে সোনাক্ষিকে নেওয়া হয়েছে বলিউডের আরেক বোম্বশেল অভিনেত্রী খ্যাত বিপাশা বসুর স্থলে। ২৩ বছর বয়সী সোনাক্ষি আরও বলেন, ‘প্রথম ছবি দাবাং থেকে বর্তমানে আমি আরও অনেকখানি ওজন কমিয়েছি। বর্তমানে আমার শরীরের গঠন আগে চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। যা আমার ভক্ত-দর্শকেরা পরবর্তী দুটি ছবি জোকার এবং রেস টুতে দেখতে পাবেন।’ শিরিস কুন্দর পরিচালিত জোকার ছবিতে সোনাক্ষি অভিনয় করেছেন বলিউডের রাফ অ্যান্ড টাফ অভিনেতা বলে পরিচিত অক্ষয় কুমারের সঙ্গে। প্রসঙ্গত, সোনাক্ষি সিনহা বলিউডের দক্ষ অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে।