সোনাক্ষী সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেদ ভুঁড়ি, কী করি!’—স্থূল স্বাস্থ্য নিয়ে বেশ বিপাকেই পড়েছেন সোনাক্ষী সিনহা। ছিলেন ৯০ কেজি। সালমান খানের কড়া নির্দেশে ৩০ কেজি ওজন ঝরিয়েছিলেন। কিন্তু তাতেও সমালোচকেরা তুষ্ট নন। বিগত তিন বছর ধরেই ৬০ কেজি ওজনের পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার দীর্ঘাঙ্গী সোনাক্ষীর শরীরের ওপর অণুবীক্ষণযন্ত্র বসিয়েছেন তাঁরা। অ্যাওয়ার্ড শোতে সোনাক্ষী হচ্ছেন ‘হাসির পাত্রী’। এত দিন সব সমালোচনা মুখ বুজে সহ্য করে নিজের নীতিতেই চলছিলেন শত্রুঘ্ন সিনহা-কন্যা। তবে এবার সে রাস্তাটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সোনাক্ষী যেসব পণ্যের দূতিয়ালির কাজ করছেন, সেসব প্রতিষ্ঠান থেকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে—খুব শিগগিরই চর্বি না ঝরালে সোনাক্ষীকে তাঁরা বাদ দিতে বাধ্য হবেন। একটি কাপড়ের প্রতিষ্ঠান ইতিমধ্যে বাড়তি ওজনের কারণে দাবাং-কন্যাকে বাদও দিয়েছে। আরেকটি গয়নার প্রতিষ্ঠান দীপিকা পাড়ুকোনকে তাদের পণ্যের নতুন মুখপাত্র হওয়ার প্রস্তাব দিয়েছে। এসব খবরে সোনাক্ষীর নিন্দুকেরা বেশ খুশি। এ প্রসঙ্গে অভিযুক্ত নায়িকা বলেন, ‘দাবাং ছবিতে আমার চরিত্রের ব্যাপ্তি খুব বেশি ছিল না। কিন্তু প্রথম ছবিতেই আমি সবার নজর কাড়ব—এটা অনেকেরই ভালো লাগেনি। তা ছাড়া আমার এযাবৎ মুক্তি পাওয়া পাঁচ ছবির মধ্যে চারটিই ব্লকবাস্টার হিট (দাবাং, রাউডি রাঠোড়, সান অব সর্দার, দাবাং টু)। একটি আইটেম গানে কাজ করেছি, ও মাই গড ছবিতে। সে ছবিটিও সুপার হিট, গানটি তো অবশ্যই। এ রকম ট্র্যাক রেকর্ড এ সময়ের কোনো তন্বী নায়িকার আছে?’ সোনাক্ষী তাঁর বাড়তি ওজনকে কিছুতেই সীমাবদ্ধতা মানতে রাজি নন। তিনি বলেন, ‘আমি টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করার পরও জ্ঞান হারিয়ে সেটে পড়ে যাই না। ইদানীংকালের অনেক নায়িকাকেই দেখেছি, শুধু কমলালেবুর রস খেয়ে দিন কাটিয়ে দেন। এভাবে তাঁরা নিজের স্বাস্থ্যেরই ক্ষতি করছেন। আমি সব খাই। প্রয়োজনমতো ওজন ঝরাই। তবে তেমন কোনো অসাধারণ চরিত্রে যদি আমাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, যেখানে আমার স্লিম হওয়া জরুরি, কথা দিচ্ছি আমিও সাইজ জিরো হিসেবে পর্দায় হাজির হব।’সম্প্রতি সোনাক্ষী কাজ করেছেন হিম্মতওয়ালা ছবির ‘থ্যাংক গড ইটজ ফ্রাইডে’ আইটেম গানে। আশির দশকের স্টাইলে গানটি করা হয়েছে। এই গানটিও সোনাক্ষীর ক্যারিয়ারে বাড়তি পালক সংযোজন করেছে। জোকার ছবিতে কাজ না করলে সোনাক্ষী আজ ‘ষোলোআনা সফল’ নায়িকার স্বীকৃতি পেতেন! আফসোস হয় না? ‘একদমই না’—সোনাক্ষী তাঁর যুক্তির ঘোড়া ছোটালেন, ‘জোকার ছবির শুটিংয়েই আমার অক্ষয় কুমারের সঙ্গে পরিচয় হয়। তিনি আমাকে রাউডি রাঠোড় এবং ও মাই গড-এর মতো সফল ছবিতে কাজ করার প্রস্তাব দেন। অক্ষয়ের কাছ থেকে অজয় দেবগন আমার ফোন নম্বর নিয়ে সান অব সর্দার ছবিতে কাজ করার প্রস্তাব করেন। জীবনের কোনো অভিজ্ঞতাই ভুল নয়। ভালো-মন্দ সবকিছুই মানুষকে এগিয়ে নিয়ে যায়। জীবনকে অর্থবহ করে।’সোনাক্ষীর হাতে এখন আছে অর্ধডজন লোভনীয় ছবি বুলেট রাজা (সাইফ আলী খান), লুটেরে (রণবীর সিং), ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ২ (অক্ষয় কুমার, ইমরান খান), র‌্যাম্বো রাজকুমার (শহীদ কাপুর), তামিল হিট থুপ্পাক্কির রিমেক (অক্ষয় কুমার)। প্রথমবারের মতো তেলেগু ছবিতেও কাজ করতে যাচ্ছেন মিস সিনহা। ছবির নাম শিভাম (মহেশ বাবু)। শাহরুখ খানের বিপরীতে হ্যাপি নিউ ইয়ার, সালমান খানের বিপরীতে কিক ছবিতেও সোনাক্ষী কাজ করতে পারেন—এমন খবরে বলিউডের বাতাস ভারী। এসব খবরকে ‘গুজব’ আখ্যায়িত করে সোনাক্ষী বলেন, ‘মাত্র ২৫ বছর বয়সে আমাকে নিয়ে প্রতিদিন সত্য-মিথ্যা নানা মুখরোচক খবর পত্রিকায় দেখি। ভালোই লাগে। নিজেকে সফল মনে হয়।’ সফল তরুণ অভিনেতা-অভিনেত্রীরা নির্বিঘ্নে ক্যারিয়ার গোছানোর জন্য আকছার বাবা-মায়ের বাড়ি ছাড়ছেন। সোনাক্ষীও নাকি শত্রুঘ্ন সিনহা-পুনম সিনহাকে ছেড়ে একা হতে যাচ্ছেন? ‘অসম্ভব’—সোনাক্ষীর কণ্ঠে রাগের স্ফুরণ, ‘যে ক্যারিয়ার আমাকে আমার পরিবার, আমার বাবা-মাকে ছেড়ে যেতে বলবে, সেই ক্যারিয়ার আমি নির্দ্বিধায় ত্যাগ করব। পরিবারের কারণেই আমি “সোনাক্ষী সিনহা”। পরিবারই আমার সব।’  রুম্মান রশীদ খানরিয়েল বলিউড, বলিস্পাইস, ফিল্মিক্যাফে, ডিজিটাল স্পাই, বলিউড হাঙ্গামা, আইএমডিবি, মিড ডে, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ডট কম অবলম্বনে