সোনার চান মোর যাও দেখিয়া
গানপাগল সরদার আমীর আলী চিশতীর বয়স এখন ৯৭ বছর। ঢাকাতেই আদি নিবাস। ছেলে গান গায় এবং গান শিখছে—এটা জানতে পেরে শৈশবে তাঁর বাবা সরদার আলাউদ্দিন একবার বাড়ি থেকেই তাড়িয়ে দিয়েছিলেন তাঁকে। তবুও গানকে ছাড়তে পারেননি চিশতী। বন্ধ হয়নি তাঁর গান গাওয়া। গানের সঙ্গে প্রাণের টানেই নবতিপর বয়সেও লাঠিতে ভর দিয়ে গতকাল বুধবার তিনি এসেছিলেন কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। সরদার আমীর আলী চিশতীসহ দেশের আরও ছয় বিভাগের প্রবীণ সাত শিল্পী মোড়ক উন্মোচন করলেন উপমহাদেশের অমর কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদকে নিয়ে লেখা কালজয়ী আব্বাসউদ্দীন গ্রন্থের।আব্বাসউদ্দীনের ১১০তম জন্মদিন উপলক্ষে কালজয়ী আব্বাসউদ্দীন গ্রন্থের মোড়ক উন্মোচন ও নির্বাচিত গানের আয়োজন করে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটায়। ঠিক সময় দর্শকেরা উপস্থিত থাকলেও ছিলেন না অতিথিরা। দুই ঘণ্টা পর ছয়টায় আয়োজকেরা শুরু করেছিলেন অনুষ্ঠান। শুরুতেই ছিল গ্রন্থের মোড়ক উন্মোচন। আব্বাসউদ্দীন ও তাঁর গান যেন সারা দেশে ছড়িয়ে পড়ে, সে জন্য দেশের সাত বিভাগের প্রবীণ সাতজন শিল্পী মোড়ক উন্মোচন করতে আসেন মঞ্চে। তাঁদের সবাই অশীতিপর। মিলনায়তন ভর্তি দর্শক এই প্রবীণ শিল্পীদের প্রতি দাঁড়িয়ে সম্মান দেখালেন। শিল্পীরা হলেন ঢাকার সরদার আমীর আলী চিশতী, চট্টগ্রামের কল্যাণী ঘোষ, রাজশাহীর লোকমান আলী শাহ, খুলনার মনোরঞ্জন সরকার, সিলেটের বিদিতলাল দাস, বরিশালের মতিউর রহমান ও রংপুরের সিরাজউদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, কবি আসাদ চৌধুরী ও আব্বাসউদ্দীনের পরিবারের পক্ষে তাঁর ছেলে শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। বাংলাদেশ লোকসংগীত পরিষদ থেকে প্রকাশিত কালজয়ী আব্বাসউদ্দীন গ্রন্থটির সম্পাদনা করেছেন ইন্দ্রমোহন রাজবংশী। মোড়ক উন্মোচন ও আলোচনা শেষে ছিল আব্বাসউদ্দীনের নির্বাচিত গান।শুরুতে পরিষদের শিল্পীরা সমবেতভাবে পরিবেশন করেন ‘দিন আর দিন দিন ফুরাইল’, ‘নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে’ গান দুটি। এরপর একক কণ্ঠে শিল্পীরা গেয়ে শোনালেন সেই গানগুলো, যা আজও মানুষের মনকে নাড়া দিয়ে যায়। এর মধ্যে ছিল ‘বৈঠা জোর বাও রে বন্ধু’, ‘ও সুখের ময়না রে’, ‘ওকি একবার আসিয়া’, ‘আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে’, ‘আমি ভাবি যারে পাই নাগো তারে’, ‘ময়ূরপঙ্খী নৌকা আমার’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘জলের ঘাটে কদম তলে’, ‘নদীর কূল নাই কিনার নাই’, ‘ও ঢেউ খেলে রে ঝিলমিল’সহ আরও অনেক গান।মুস্তাফা জামান আব্বাসীও গেয়ে শোনান ‘ও কি একবার আসিয়া সোনার চান মোর যাও দেখিয়া।’ আব্বাসউদ্দীন তাঁর ১১০তম জন্মদিনে সশরীরে উপস্থিত নেই ঠিকই, তবে গানগুলোতেই শ্রোতারা অনুভব করেছেন তাঁর উপস্থিতি।বেঙ্গলে সুরের খেলাবেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত সংগীত আয়োজন ‘প্রাণের খেলা’ ছিল গতকাল। প্রাণের খেলায় সাধারণত কণ্ঠশিল্পীরা অংশ নিলেও কালকের দিনটি ছিল শুধুই যন্ত্রশিল্পীদের। সেতার আর বাঁশির সুরে তাঁরা মুগ্ধ করে রেখেছিলেন বেঙ্গল গ্যালারির শ্রোতাদের। সেতারবাদনের মধ্য দিয়ে সন্ধ্যায় অনুষ্ঠান শুরু করেছিলেন ফিরোজ খান। এরপর ছিল গাজী আবদুল হাকিমের বাঁশিতে সুরের মায়াজাল বিস্তারের পর্ব। সেতারের মূর্ছনা ও বাঁশির লহরীতে দুই যন্ত্রশিল্পী ভারিয়ে তুলেছিলেন হেমন্তের সন্ধ্যা।জন্মস্থানঢাকার আমেরিকান দূতাবাস আয়োজন করেছিল চিত্রকলা নিয়ে ভিন্ন ধরনের একটি কার্যক্রম। আমেরিকা ও বাংলাদেশি বিভিন্ন বয়সের শিল্পীরা এতে অংশ নিয়ে ছবি এঁকেছেন, আলোচনা করেছেন। ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। এর আওতায় ঢাকা ও ময়মনসিংহে হয়েছে কর্মশালা। আমেরিকান শিল্পী এন্ড্রু স্যাফেল ও হুইটনি বেকার এবং বাংলাদেশের খ্যাতিমান শিল্পী, চারুকলার ছাত্র ও স্কুলছাত্ররা এতে অংশ নেয়। ‘নেটিভ ল্যান্ড’ বা ‘জন্মস্থান’ এই বিষয় নিয়ে নিজেদের মতো করে শিল্পীরা ছবি এঁকেছেন। তিন সপ্তাহের এই আয়োজনের শেষ অংশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনের এক বিশেষ প্রদর্শনী। ‘জন্মস্থান’ শিরোনামে ঢাকা আর্ট সেন্টারে আজ সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করবেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস।বিয়ের ছবি এবার বিয়ের ছবি নিয়ে প্রদর্শনী হচ্ছে দৃক গ্যালারিতে। ‘ওয়েডিং ডায়েরি’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হবে আজ থেকে। প্রীত রেজার তোলা বিয়ের ছবির এই প্রদর্শনীর উদ্বোধন বিকেল তিনটায়। চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ প্রদর্শনীর উদ্বোধন করবেন। নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত প্রদর্শনী চলবে।