সোনার ভালুক পেল ‘চাইল্ড’স পোজ’
৬৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সেরা ছবি হিসেবে গোল্ডেন বিয়ার পুরস্কার পেয়েছে রোমানিয়ান চলচ্চিত্র ‘চাইল্ড’স পোজ’। ১৬ ফেব্রুয়ারি শনিবার বার্লিন চলচ্চিত্র উত্সবের আসরে এ পুরস্কার তুলে দেওয়া হয় ছবিটির পরিচালক কলিন পিটার নেটজারের হাতে।পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় কলিন বলেন, ‘পুরস্কারটি পাওয়ার পর আমার বিস্ময়ের ঘোর এখনও কাটেনি। পুরোপুরি ধাতস্থ হতে সম্ভবত আরও বেশ কয়েকটি দিন লেগে যাবে। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘চাইল্ড’স পোজ’ ছবির কাহিনিতে দেখা যাবে, ৬০ বছর বয়সী ধনাঢ্য নারী কর্নেলিয়া তাঁর সামাজিক অবস্থাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের ছেলেকে কারাগারে যাওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করেন। তাঁর সন্তানের কারণে সড়ক দুর্ঘটনায় নিহত হয় দরিদ্র পরিবারের একটি ছেলে। কর্নেলিয়া টাকা দিয়ে নিহত ছেলেটির পরিবারের সদস্যদের কিনে নেওয়ার চেষ্টা করেন।