সোনারগাঁয়ে ঈশা খাঁ
ঢাকার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যমঞ্চে ও সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘরের প্রাঙ্গণে ঈশা খাঁর মঞ্চায়ন দেখতে যাত্রার দর্শক-শ্রোতার ঢল নামে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ঈশা খাঁ পালা পরিবেশিত হয় আদি ও অকৃত্রিম অবস্থায়। ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত ঈশা খাঁর জীবনঘনিষ্ঠ পালার মঞ্চায়ন দেখে এ সময় অনেকেই অতীত যাত্রার স্মৃতি রোমন্থন করেন। এটির নির্দেশনা ও নামভূমিকায় ছিলেন মিলন কান্তি দে। অজ্ঞাত কারণেই পেশাদার যাত্রাদল পালাটি মঞ্চায়ন থেকে বহুদিন বিরত থেকেছে।লোকশিল্প যাত্রাকে আদি ও অকৃত্রিমভাবে দর্শকের সামনে তুলে ধরাই শিল্পকলা একাডেমীর উদ্দেশ্য। তারই আওতায় ঈশা খাঁর মঞ্চায়ন। এ পালায় মানসিংহের বীরত্ব, সম্রাট আকবরের রাজ্যলিপ্সা আর ঈশা খাঁর দেশপ্রেম ফুটে উঠেছে। ঈশা খাঁর কাছে পরাজয় স্বীকার করে দিল্লির সম্রাট দিল্লিতে ফিরে যেতে বাধ্য হয়েছেন। আনন্দঘন এই পালার কুশীলবদের অন্যতম হলেন,বনশ্রী, তপতী বেগম, বাচ্চু খান, সুদর্শন, তাপস সরকার ও রেখা রানী গুণ। সোনারগাঁ লোক ও কারুশিল্প মেলায় যাত্রা দেখে আপন আহম্মেদ (৬৫) বলেন, ‘ বহুদিন পর আদি ঢঙে যাত্রা দেখে ভালো লেগেছে।’ শিল্পকলা একাডেমীর ঈশা খাঁ পালা প্রযোজনার পর পেশাদার কয়েকটি দল পালাটি মঞ্চে আনার উদ্যোগ নিয়েছে। আগামী মৌসুমে আনন্দ অপেরা, নিউ ভোলানাথ অপেরা, আদি বঙ্গশ্রী ও নিউরাজ মহলে ঈশা খাঁ পালাটি দেখা যাবে।