সোনারগাঁয় ‘ঈশা খাঁ’ যাত্রাপালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় গতকাল বুধবার সন্ধ্যায় সোনারগাঁয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে মঞ্চস্থ হয় যাত্রাপালা ঈশা খাঁ।ভৈরব নাথ গঙ্গোপাধ্যায়ের রচিত পালাটি নির্দেশনা দিয়েছেন মিলন কান্তি দে। যাত্রাপালায় দেখা যায় ঈশা খাঁ বসতি স্থাপন করেন নারায়ণগঞ্জের অদূরে খিজিরপুরে। কর্মনৈপুণ্যে তিনি এক বিশাল ভূখণ্ডের অধিকারী হন। বাংলার বার ভূঁইয়াদের মধ্যে তিনি ছিলেন অন্যতম প্রধান শক্তিশালী পুরুষ। ঈশা খাঁ যখন নিজেকে খিজিরপুরের স্বাধীন নবাব বলে ঘোষণা করলেন, সেই সময় দিল্লির মোগল সম্রাট আকবর রাজস্ব আদায়ের জন্য বাংলায় সুবেদার করে পাঠান সেনাপতি শাহ্বাজ খাঁকে। ঈশা খাঁ সাম্রাজ্যবাদী চক্রের মোকাবিলায় গড়ে তোলেন দেশরক্ষার এক বিশাল বাহিনী। শত্রু সংহারে উদ্যত তলোয়ার হাতে ছুটে যায় সোনারগাঁর হাজার হাজার মানুষ। শাহ্বাজ খাঁ নিহত হন। এরপর সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহ আসেন বাংলা অভিযানে। ব্রহ্মপুত্র নদের পারে লড়াইয়ে নামেন বাংলার ঈশা খাঁ এবং দিল্লির মানসিংহ। হঠাৎ তলোয়ার মাটিতে পড়ে গেল মানসিংহের হাত থেকে। বিজয়ী ঈশা খাঁ বললেন, ‘আরও যুদ্ধের সাধ আছে আপনার?’ নিজের তলোয়ার মানসিংহের হাতে তুলে দিয়ে বললেন, ‘নিন, যুদ্ধ করুন।’ বিস্মিত হতবাক মানসিংহ শ্রদ্ধা জানালেন ঈশা খাঁকে। শাহানশাহ আকবরও ছুটে আসেন বাংলায়। ঈশা খাঁকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে বাংলার মুক্তি সেনানি, সেলাম।রামপ্রসাদী গানের অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘রামপ্রসাদী গান’-এর আসরের আয়োজন করেছে সৃজনশীল গানের দল নিবেদন। আগামী শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে হবে এই গানের আসর। কবি রামপ্রসাদ সেনের গান নিয়ে এটি নিবেদনের দ্বিতীয় অনুষ্ঠান।দর্শনীর বিনিময়ে এই আসরের আয়োজন করা হয়েছে। প্রবেশপত্রের মূল্য ৫০ টাকা ও ৩০ টাকা। এখন থেকে নিবেদনের গানের আসরগুলো হবে দর্শনীর বিনিময়ে।চারুবাকের আবৃত্তি কর্মশালা চারুবাকের আবৃত্তি কর্মশালা সাংগঠনিক আবৃত্তিচর্চায় আগ্রহীদের জন্য চারুবাকের উচ্চারণ-বাচনভঙ্গি-মননের ওপর ছয় মাসব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু হচ্ছে। পাঠদান হবে প্রতি শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পাঠদান করবেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষকেরা। ফরম গ্রহণ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৪ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে। পাঠদান শুরু হবে ১৬ নভেম্বর শুক্রবার। আবেদনপত্র পাওয়া যাবে টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত), লাল সাদা নীল হলুদ, ৮৫-৮৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা (নিচতলা), (মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত)। যোগাযোগ: ০১৮১৯৩৩৪৫৩১। বিজ্ঞপ্তি।মন ছুটে যায় আখড়াবাড়িকুষ্টিয়া অফিস জানায়, বিকেলের পর শহরে আর কারও থাকতে ইচ্ছে করে না। মন ছুটে চলে আখড়াবাড়ি, একটু প্রশান্তির আশায়। যেমনটি মনে করেন বাউলেরা, তেমনটিই ভাবেন সাঁইজির অনুসারী ও দর্শনার্থীরা। নানা বয়সী হাজারও মানুষ বেলা গড়ালেই ছুটে চলেছেন আখড়াবাড়ির দিকে। গতকাল বুধবার কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে আয়োজিত লালন উৎসবের ছিল দ্বিতীয় দিন। অনুসারী-ভক্তরা সাঁইজিকে শ্রদ্ধা নিবেদন করছেন। আর গেয়েছেন ‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন’। মানবতার জন্য এই ধামে আসা। লালন শাহ যে মানবতা আদর্শ ছড়িয়ে গেছেন, তা যদি ধারণ করা হতো, রামুতে হামলার মতো কোনো ঘটনা কখনোই হতো না। এমনটিই মনে করছেন সাধু বাউলেরা। বাউলদের মতে, এই আখড়াবাড়িতে কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ নেই। সবাই একই মনে লালনকে স্মরণ করছে। এ জন্যই লালন সারা বিশ্বে আজ ছড়িয়ে যাচ্ছে।সন্ধ্যায় কালী নদীর পাড়ে মূল মঞ্চে লালন দর্শন নিয়ে ছিল আলোচনা। এরপর লালন একাডেমির শিল্পীরা মধ্যরাত পর্যন্ত গান পরিবেশন করেন। এ ছাড়া খণ্ড খণ্ড আসরে বসা বাউলেরা গান গেয়ে সাঁইজিকে স্মরণ করেন। অনুষ্ঠানটি স্থানীয় কেব্ল চ্যানেলের মাধ্যমে রাজবাড়ী, কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় সম্প্রচার করা হচ্ছে।সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।