সোনারগাঁয়ে লোকজ মেলা নড়াইলে সুলতান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল শুক্রবার মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হয়েছে। নড়াইলে উদ্বোধন করা হয় দুদিনব্যাপী সুলতান উৎসবের।
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল, লোকজ মেলার জীবন্ত প্রদর্শনী ও লোকজ খেলা উপভোগ করেন।
এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য বিক্রির জন্য ১৮৪টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে ২০টি স্টলে ৪৪ জন কারুশিল্পীকে তাঁদের তৈরি কারুশিল্প প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ দেওয়া হয়েছে।
নড়াইলে গতকাল উদ্বোধন করা হয় দুদিনব্যাপী সুলতান উৎসব। নড়াইলবাসীর দীর্ঘদিনের দাবির মুখে রাষ্ট্রীয়ভাবে এবারই প্রথম বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের (১০ আগস্ট, ১৯২৩—১০ অক্টোবর, ১৯৯৪) জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে পৌরসভার চিত্রাপারের মাছিমদিয়া গ্রামে সুলতান কমপ্লেক্সে শিশু আর্ট ক্যাম্প হয়। এতে প্রায় ৩০০ শিশু অংশ নেয়।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে হয় আলোচনা সভা। এতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক আ. গাফফার খান, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান প্রমুখ। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) ও নড়াইল প্রতিনিধি।