সোনালি আঁশের বন্ধুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বিকেলে ফ্র্যাঙ্কো–জার্মান দূতাবাসে পাটের তৈরি চেয়ার–টেবিল দেখছেন (বাঁ থেকে) ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ l প্রথম আলো
গতকাল বিকেলে ফ্র্যাঙ্কো–জার্মান দূতাবাসে পাটের তৈরি চেয়ার–টেবিল দেখছেন (বাঁ থেকে) ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ l প্রথম আলো

এক আঙিনায় কাজ শুরু করল বাংলাদেশের ফরাসি ও জার্মান দূতাবাস। অনেক দিন ধরেই পরিকল্পনাটি করে আসছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ দুই শত্রুদেশ। অতীতের সব বৈরিতাকে বন্ধুতায় রূপ দিয়ে প্রথমবারের মতো তারা একত্র হলো বাংলাদেশে। এ লক্ষ্যে দুটি দেশের সংস্কৃতিকেন্দ্র মিলে একটি প্রকল্প বাস্তবায়ন করল বাংলাদেশের পাট নিয়ে। ‘পাট, সমন্বিত ঐতিহ্য এবং উদ্ভাবন’ নামের এক প্রকল্পের মাধ্যমে বাংলার সোনালি আঁশ দিয়ে তৈরি হলো পাটের চমকপ্রদ চেয়ার ও টেবিল।

সৃজনশীল উপায়ে পাটের ব্যবহার উত্সাহিত করতে গত বছরের নভেম্বর মাসে যৌথভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা এবং গ্যেটে ইনস্টিটিউট, অটবি ও গোল্ড অব বেঙ্গল। প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় আটজন তরুণ বাঙালি নকশাকার ও স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীকে। এরপর ফরাসি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে তাঁদের শেখানো হয় কীভাবে পাট ও রেজিনের সঙ্গে আরও নানা উপকরণ যোগ করে তৈরি করা যায় শক্ত কাঠামো ও আসবাবপত্র।

গতকাল সোমবার বিকেলে ঢাকার ফ্র্যাঙ্কো-জার্মান দূতাবাসে ছিল এই প্রশিক্ষণার্থীদের সনদ তুলে দেওয়া ও পাটের চেয়ার-টেবিলের প্রদর্শনী। দূতাবাসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘বর্তমান সরকার পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে। বাংলার পাট শিগগির বিশ্ববাজারে নতুন করে তার জায়গা করে নেবে। এই প্রকল্পের সঙ্গে যাঁরা কাজ করেছেন তাঁদের অভিনন্দন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবের ও জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ। সোফি অবের বলেন, আধুনিক সময়ের চাহিদা পূরণে পাটকে নতুন আদলে কাজে লাগানো সম্ভব। পাটশিল্পের সম্ভাবনা আরও সম্প্রসারিত করতে বাংলাদেশের উদ্যোগ নেওয়া প্রয়োজন। থমাস প্রিঞ্জ বলেন, পাটের আঁশ থেকে তৈরি পণ্য দারুণ আকর্ষণীয় ও সাশ্রয়ী। সব থেকে বড় কথা, এটি পরিবেশবান্ধব। ইউরোপের বাজারে এর চাহিদা আছে। বিশেষ করে গাড়ির ড্যাশবোর্ড, প্যানেলসহ গাড়ির বিভিন্ন অংশের জন্য এটি বেশ কাজের।

প্রকল্পের আওতায় কর্মশালায় অংশ নেন তাহসিনুল কবির, আনিসুল ইসলাম খান, জাকির আহমেদ, আনিলিয়া গৌরব, রেজওয়ানা রাকা সিদ্দিকা, ফারহাত জেরিন, রাকিবুজ্জামান ও ফাহিম হাসিন শাহান। রেজওয়ানা রাকা সিদ্দিকা বলেন, এই কর্মশালা থেকে শেখা কৌশলগুলো কাজে লাগিয়ে পাট দিয়ে আরও নানা জিনিস তৈরির পরিকল্পনা করছেন তাঁরা।