সোনালি গানের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল ‘চোখ যে মনের কথা বলে’ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও সৈয়দ আব্দুল হাদী l ছবি: প্রথম আলো
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল ‘চোখ যে মনের কথা বলে’ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও সৈয়দ আব্দুল হাদী l ছবি: প্রথম আলো

আমন্ত্রণপত্রেই লেখা ছিল সোনালি দিনের বাংলা গান শোনা যাবে। সেটাই প্রথম থেকে দেখা গেল এইচএসবিসি ব্যাংক আয়োজিত ‘চোখ যে মনের কথা বলে’ অনুষ্ঠানে।

গতকাল সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থাপক আফজাল হোসেন ও মিথিলা ফারজানা প্রথমেই ডেকে নিলেন তিন শিল্পীকে। অদিতি মহসিন গাইলেন রবীন্দ্রনাথের দুটি গান—‘চোখের আলোয় দেখেছিলেম’, ‘সার্থক জনম আমার’। প্রিয়াংকা গোপ গাইলেন নজরুল সংগীত—‘নয়নভরা জল গো তোমার’। আরও গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ‘চঞ্চল ময়ূরী এ রাত’ ও সলিল চৌধুরীর ‘পা মা গা রে সা, তার চোখের জটিল ভাষা’ গানগুলো। শিল্পী বশীর আহমেদের ছেলে রাজা বশীর গাইলেন বাবার গান—‘অনেক সাধের ময়না আমার’।

গানের ফাঁকে ফাঁকে কথা বলেন অতিথিরা। এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঁসোয়া দ্য মারিকো ফেব্রুয়ারি মাসে স্মরণ করলেন ভাষাশহীদদের। কিছু কথা বললেন উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব-উর-রহমানও।

এরপর ছিল ‘মুক্তির মন্দির সোপানতলে’ গানটির অর্কেস্ট্রা। পুরো অনুষ্ঠানের সংগীত আয়োজন করছিলেন সুরকার সুজেয় শ্যাম। সৈয়দ আব্দুল হাদী গাইলেন ‘চক্ষের নজর এমনি কইর‍্যা’, ‘এমনও তো প্রেম হয়’ গানগুলো। সামিনা চৌধুরী গাইলেন তিনটি গান—‘আমার দুই চোখে দুই নদী’, ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’। এ ছাড়া ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘আমি বৃষ্টির কাছ থেকে’ গাইলেন সুবীর নন্দী। গাইলেন মান্না দের গান ‘আবার হবে তো দেখা’। শেষ করলেন ‘চোখ যে মনের কথা বলে’ গেয়ে। গানটির দৃশ্যে অভিনয় করেছিলেন নায়িকা সুচন্দা। তিনি মঞ্চে এসে গানটি দৃশ্যায়নের মুহূর্তের স্মৃতিচারণা করেন।

এরপর একে একে মঞ্চে এলেন খুরশীদ আলম, পার্থ বড়ুয়া, বাদশা বুলবুল, দিনাত জাহান। সবশেষ আকর্ষণ ছিল কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীনের গান।

‘নতুন কথোপকথনের গঠন’ আলোচনায় অংশগ্রহণকারীরা l ছবি: প্রথম আলো
‘নতুন কথোপকথনের গঠন’ আলোচনায় অংশগ্রহণকারীরা l ছবি: প্রথম আলো

এশিয়ান কিউরেটরিয়াল ফোরাম চলছে

সমকালীন কিউরেটিং চর্চার ওপর আলোচনা অনুষ্ঠান ‘এশিয়ান কিউরেটরিয়াল ফোরাম ২০১৭’ শুরু হয়েছে গত বৃহস্পতিবার। তিন দিনব্যাপী এই আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশের শিল্পী ও কিউরেটর আলোচনায় অংশ নিচ্ছেন। আজ শেষ হবে এই আয়োজন।

বেঙ্গল ফাউন্ডেশন, বৃত্ত আর্টস ট্রাস্ট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে তাইওয়ানের কুয়ান্দু চারুকলা জাদুঘর এবং জাতীয় সংস্কৃতি ও শিল্পকলা ফাউন্ডেশনের আয়োজনে এই এশিয়ান কিউরেটরিয়াল ফোরাম হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে আলোচকেরা এশিয়া মহাদেশে শিল্পকলা কিউরেটিং বিষয়ে বিভিন্ন ধারণা ও চর্চার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং কুয়ান্দু চারুকলা জাদুঘরের পরিচালক তেহ আই চু।

বেঙ্গল ফাউন্ডেশন সূত্র জানায়, শিল্পী, শিল্পকর্ম, প্রদর্শনী ও শিল্পকর্ম রক্ষণাবেক্ষণ ক্ষেত্রকে শিল্পের ভাষায় ‘আর্ট ইকোসিস্টেম’ বলা হয়। এখানে কিউরেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এশিয়া মহাদেশের শিল্পের ক্ষেত্রেও ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছে বিষয়টি। ‘এশিয়ান কিউরেটরিয়াল ফোরাম ২০১৭’ এই আর্ট ইকোসিস্টেমে একটি সময়োচিত অবদান রাখার লক্ষ্যে আয়োজিত।

গতকাল প্রথম অধিবেশনে ঢাকা আর্ট সামিট নিয়ে উপস্থাপনা পরিবেশন করেন সামদানি আর্ট ফাউন্ডেশনের ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স এমিলি ডোলান ও কিউরেটরিয়াল অ্যাসিস্ট্যান্ট রুক্মিণী চৌধুরী। এই অধিবেশনে আলোচনার বিষয় ছিল নতুন কথোপকথনের গঠন। ভিয়েতনামের ন্যু হুই গ্যেন, তাইওয়ানের নিয়েন পু এলিস কো, শ্রীলঙ্কার শারমিনি পেরেইরা ও ভারতের বিদ্যা শিভাদাস আলোচনায় অংশ নেন। এরপর দ্বিতীয় অধিবেশনে ছিল ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিংকট, বৃত্ত আর্টস ট্রাস্ট ও পাঠশালা পরিদর্শন। আজ থাকছে বিভিন্ন বিষয়ের ওপর কয়েকটি উপস্থাপনা ও আলোচনা পর্ব ও সমাপনী অনুষ্ঠান।

জয়নুল গ্যালারিতে ‘কালারস’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে দলীয় চিত্র প্রদর্শনী ‘কালারস’। গত বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন হয়। এতে অংশগ্রহণ করেন ফারহানা আফরোজ, ফারজানা ইসলাম, কানিজ ইসলাম, মনিদীপা দাশগুপ্ত, মুক্তি ভৌমিক, মর্জিয়া সুমি, মনিরা সুলতানা, শায়লা আক্তার, মোরশেদা হক, নিশাত চৌধুরী, রেহানা ইয়েসমিন, রেবেকা সুলতানা, রিফাত জাহান ও সুকন্যা আইন। প্রদর্শনী চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘ছাপাইছবি৩’-এরসময়বাড়ল

গ্যালারি কায়ায় চলমান দলীয় চিত্র প্রদর্শনী ‘ছাপাই ছবি ৩’-এর সময় বাড়ল। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। এতে অংশ নিয়েছেন ১০ জন শিল্পী। তাঁরা হলেন মুর্তজা বশীর, মনিরুল ইসলাম, রফিকুন নবী, রতন মজুমদার, রোকেয়া সুলতানা, ওয়াকিলুর রহমান, অতীন বসাক, রাবেয়া আহমেদ, মোয়াজ্জেম হোসেন ও রাশিদা আক্তার।