সোনালি দিনের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধার যাচাই পরে; বলিউডে টিকে থাকার প্রথম শর্ত ঝুলিতে হিট ছবি থাকতে হবে। এই অঙ্ক কষে বলা যায়, অল্প কিছু দিনের মধ্যেই সোনাক্ষী সিনহার সোনালি দিন শুরু হতে যাচ্ছে। অনুভব কশ্যাপের দাবাং ছবির প্রাক-মুক্তি রিপোর্ট দুর্দান্ত। ছবির বিজ্ঞাপনচিত্র দেখে অনেকেই গাই রিচির ছবিগুলোর সঙ্গে তুলনা করছেন। চড়া দামে টিভি চ্যানেল কালারস ছবির স্বত্ব কিনে নিয়েছে। বলা হচ্ছে, সালমান খানের জীবনের সবচেয়ে বড় হিট ছবি হতে যাচ্ছে দাবাং। এমনকি সোনাক্ষীও বাজি ধরেছেন, ‘আমার প্রথম ছবি হিট হবেই হবে!’ কজন অভিনেত্রী অভিনয়ে অভিষেকের আগেই এতটা আত্মবিশ্বাসী হতে পারেন? ফোড়ন কেটে অবশ্য অনেকে বলছেন, রাজনীতিবিদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে হয়েছেন তো কী হয়েছে? শত্রুঘ্ন-পুনম সিনহার সুপুত্র লব সিনহার প্রথম ছবিসাদিয়ার তো এ বছর ভরাডুবি হয়েছে। মেয়ে কী কারণে সফল হবেন? যুক্তিগুলো খণ্ডন করলেন স্বয়ং সোনাক্ষী, ‘সাদিয়ার গল্প ভালো ছিল। কিন্তু চিত্রনাট্য ও পরিচালনা জুতসই ছিল না। তা ছাড়া ছবিতে হেমা আন্টি, রেখা আন্টি, ঋষি কাপুর আঙ্কেল ছিলেন। কিন্তু ছবি টেনে নিয়ে যাওয়ার জন্য একজন সুপারস্টার প্রয়োজন। আমার ছবিতে সুপারস্টার সালমান খান আছেন। নইলে আমাকেও হয়তো কাঠখড় পোড়াতে হতো।’সাত বছর আগে নাকি সালমান খানই ভবিষ্যদ্বাণী করেছিলেন, সোনাক্ষী একসময় নায়িকা হবেন। স্মরণ করেন খোদ খান সাহেব, ‘তখন সোনম কলেজে পড়ত। হেলে-দুলে বিশাল শরীর নিয়ে ঘরোয়া পার্টিতে নাচত। নাচের সময় ওর অভিব্যক্তি দেখেই বুঝে নিয়েছিলাম, ও একদিন নায়িকা হবে।দাবাং ছবির জন্য গত বছর থেকে আরবাজ ও আমি একজন নতুন নায়িকা খুঁজছিলাম। হঠাৎ করে এক বন্ধুর বিয়েতে সোনাক্ষীকে ভারতীয় পোশাকে দেখে মুহূর্তের মধ্যে মনে হয়, আমরা ওর জন্যই এত দিন অপেক্ষা করছিলাম। তিন বছর আগে সোনাক্ষীর মধ্যে নায়িকা হওয়ার আগ্রহ না থাকলেও দাবাংয়ের গল্প, চরিত্র পড়ে ও সঙ্গে সঙ্গে আমাদের সম্মতি জানিয়ে দেয়।’স্মৃতির ঝাঁপি খুলে বসেন সোনাক্ষী নিজেও, ‘কখনোই অভিনয় করব ভাবিনি। বাবার শুটিংয়ে আমার দুই ভাই লব ও কুশ সব সময় আগ্রহ নিয়ে বসে থাকত। আর আমি সব সময় শুটিং দেখে বিরক্ত হতাম। বলিউড কখনোই আমাকে টানত না। আমার সব আগ্রহ ছিল ফ্যাশন ডিজাইনিং নিয়ে। এটা নিয়েই একসময় পড়াশোনা শুরু করেছিলাম। সব সময় ভাবতাম, আমি কখনো অন্যের তৈরি পোশাক পরব না। নিজের পোশাকে নিজেই ডিজাইন করব। একটা সময় ফ্যাশন ডিজাইনার থেকে হয়ে গেলাম র‌্যাম্প মডেল। সেখান থেকে অভিনেত্রী। সালমান আঙ্কেল প্রস্তাব না দিলে হয়তো কখনোই অভিনয় করতাম না। সালমান আঙ্কেলের ওপর ভরসা রেখেই দাবাংয়ের জন্য ৩০ কিলো ওজন কমিয়েছি। তাও আট মাসে!’‘দর্শক সব সময়ই ছবিতে নায়ক-নায়িকার রসায়ন খোঁজে। সালমান আঙ্কেলের সঙ্গে ২৩ বছরের ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার সোনাক্ষীর রসায়ন কী করে জমবে? হিন্দি ছবিতে সব সম্ভব। শাহরুখের সঙ্গে আনুশকা, দীপিকার জুটি হিট হয়নি? কিংবা আমিরের সঙ্গে অসিন? সালমানের সঙ্গে ক্যাটরিনা, আয়শা টাকিয়া? গল্প, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা ঠিক হলে জুটি এমনিতেই দাঁড়িয়ে যায়। আবার অনেক মানানসই জুটিও দুর্বল গল্প, পরিচালনার কাছে হার মেনে যায়।’ তা ঠিক আছে। কিন্তু নায়িকার সঙ্গে নায়কের প্রেমের গুজব না থাকলে নাকি আজকাল ছবি হিট হয় না? অথচ সোনাক্ষী নাকি সালমান, আরবাজ, সোহেল—তিন খান ভাইকেই ‘আঙ্কেল-আঙ্কেল’ ডেকে সেটে অস্থির করে ফেলতেন? ‘ঠিক তাই। দাবাং দেখিয়ে দেবে, ছবি চলে ছবির গুণে। নায়ক-নায়িকার প্রেমের কারণে নয়। অনেকেই প্রথম ছবি হিসেবে বেছে নেয়, পুুতুপুতু প্রেমের ছবি। অথচ দাবাংয়ে আমি গ্রামের দুঃসাহসী মেয়ের চরিত্রে অভিনয় করেছি। নায়ক আমার চেয়ে ২২ বছরের বড়। ছবিতে আমার কোনো আইটেম গান নেই। তার পরও ছবি হিট হবে। লিখে রাখুন।’ আত্মবিশ্বাসটা কি একটু বেশি হয়ে গেল? ঠিক আছে, পরখ করে দেখা যাবে। আর তো মাত্র দুটি সপ্তাহ!  রুম্মান রশীদ খান, তথ্যসূত্র: ওয়েবসাইট