সোনিকার মৃত্যুরহস্যের উত্তর চলচ্চিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রাম সৌজন্যে
ইনস্টাগ্রাম সৌজন্যে

ভারতের মডেল ও অভিনেত্রী সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর ঘটনায় এখনো তদন্ত চলছে। গত ২৯ এপ্রিল লেক মলের কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় সোনিকা মারা যান। সেদিন চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গ্রেপ্তার হওয়ার পর আপাতত জামিনে আছেন তিনি।

সোনিকার মৃত্যুর ঘটনায় এখনো তদন্ত চলছে। তাঁর এই দুর্ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক শঙ্কুদেব পণ্ডা। তাঁর আগামী চলচ্চিত্র ‘গতি’র বিষয় সোনিকার মৃত্যুরহস্য।

পরিচালক শঙ্কুদেব বলছেন, ‘এই ঘটনায় কে দায়ী, তার উত্তর পাওয়া যাবে আমার ছবিতে। সাংবাদিকতায় যেমন তদন্তের জায়গা থাকে, সিনেমাতেও সেটা সম্ভব। আমরা এখানে শহরের নাইট লাইফটা ধরব।’

আর কয়েক দিনের মধ্যেই ‘গতি’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। সোনিকার চরিত্রে অভিনয় করতে পারেন পূজারিণী ঘোষ। এ বিষয়ে পরিচালক অবশ্য কোনো মন্তব্য করতে চাননি।

অভিনেতা সাহেব এ বিষয়ে বলেন, ‘আমার সঙ্গে এ ব্যাপারে কেউ যোগাযোগ করেননি। বিষয়টা আমি কিছুই জানি না। যদি যোগাযোগ করেন, স্ক্রিপ্ট পছন্দ হলে ভেবে দেখব।’

পূজারিণী বলেন, ‘এ ধরনের কোনো চলচ্চিত্রে আমি এখন পর্যন্ত সই করিনি। আমি কিছু জানিও না।’

বিচারাধীন একটি বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে আইনি সমস্যার আশঙ্কা রয়েছে কি না, তা জানতে চাইলে শঙ্কু বললেন, ‘ছবির আইনি পরামর্শক রয়েছেন। তা ছাড়া আমি আইন বিষয়ে স্নাতকোত্তর। ফলে আইনের বিষয় নিয়ে একেবারেই চিন্তিত নই। আমি আত্মবিশ্বাসী।’