সোমার দুই স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা না, দুটো স্বপ্ন! এক. নোবেল-মৌদের মতো পর্দায় ভেসে উঠবেন, দুই. বাবার পথ ধরে আইন পেশায় নামবেন। আর এই স্বপ্ন দেখার শুরু সেই ছোটবেলা থেকেই। বয়স হবে তখন ১২ কি ১৩ বছর, স্কুলে পড়ার সময়। স্বপ্নচারিণী এই মেয়েটির নাম সোমা। পুরো নাম সোমা আফরোজ। প্রথম স্বপ্নের পথে পাড়ি জমিয়েছেন ২০০৫ সালে। সে বছর লাক্স চ্যানেল আই সুপারস্টারের চতুর্থ স্থান নিয়ে মডেল হিসেবে পর্দায় ভেসে ওঠেন তিনি। প্রথম বিজ্ঞাপন ফেয়ার অ্যান্ড লাভলি বডি লোশন। ‘ও লিটু আনাম...,’ ‘অভিনয় করবে...’—বিজ্ঞাপনের সংলাপ দুটি জনপ্রিয় হয়েছিল খুব। এ ব্যাপারে কী বলেন সোমা? ‘সত্যিই আমি খুশি হয়েছিলাম। প্রথম বিজ্ঞাপনে এত সাড়া পাব, বুঝতে পারিনি। তবে বিজ্ঞাপনটির প্রচার যখন শুরু হয়, সে সময় আমি শারজায় চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। ওখানে বসেই অনেকের মুখ থেকে প্রশংসা শুনতে পাই।’ছোটবেলায় মৌ, রিয়া, নোবেলদের বিজ্ঞাপন দেখার জন্য টেলিভিশনের পদার্য় বুঁদ হয়ে থাকতেন সোমা। মনে মনে ভাবতেন, ইশ্! ওভাবে যদি পর্দায় ভেসে ওঠা যেত! পরিবারের কেউ-ই মিডিয়ার সঙ্গে জড়িত ছিল না। তাই ওপথ ছিল বন্ধুর। কিন্তু রাত পোহালেই তো স্বপ্ন শেষ হয়ে যায় না। আবার নতুনভাবে, নতুন পথে স্বপ্ন দেখা শুরু তাঁর। ধরাও দেয়। কীভাবে? শুনি সোমার মুখ থেকে।‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৫-এর আবেদন নেওয়া শুরু হয়েছে। বাসা থেকে কারোর আগ্রহ নেই। খালাতো ভাই সম্রাটের সহযোগিতা নিয়ে ছবিসহ আবেদন জমা দিই। একদিন ডাক আসে। শুরু হয় ১২০ জনের দল নিয়ে প্রতিযোগিতা। মফস্বল শহরের মেয়ে। নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করত—পারব তো? আমার আত্মবিশ্বাস ছিল। একটা সময় সুপার টুয়েলভে টিকে গেলাম। চূড়ান্ত পর্বে চতুর্থ স্থান।’সোমার স্বপ্ন ধরা দিল। শুরু হলো নতুন জীবন। সামনে এগিয়ে যাওয়ার পালা। সুপারস্টার হওয়ার পর এক বছরের মাথায় বিজ্ঞাপন, নাটক—দু জায়গায় স্থান করে নিলেন সোমা। লাক্স বিউটি সোপ, সিটি সেন্টার, ক্লোজআপ ওয়ান, ওয়ানটেল ফোনসহ একাধিক বিজ্ঞাপনে মডেল হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে।নাটকে সুযোগ হলো কীভাবে?‘সেটাও ওই লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার প্লাটফর্ম থেকেই,’ বললেন সোমা। ‘ওই বছরই চ্যানেল আই থেকে বলা হলো নাটকে অভিনয়ের জন্য। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায়। নাটকটির নাম ছিল কঙ্কাবতী। এতে নাম ভূমিকায় অভিনয় করতে হবে। আমি তো রীতিমতো নার্ভাস। আগে কখনো অভিনয় করিনি। কাজটি সহজ ছিল না। নাটকটিতে আমাকে ২৬ বছরের মেয়ের চরিত্রে অভিনয় করতে হয়েছিল। সবার সহযোগিতায় কাজটি আমি করতে পেরেছি। প্রচার হওয়ার পর বেশ প্রশংসা পাই।’প্রথম বিজ্ঞাপনের মতো প্রথম নাটকেও বাজিমাত! এরপর একে একে করলেন ঈশিতার প্রথম পরিচালনায় এক নিঝুম অরণ্যে, তাহের শিপনের অপরবেলা, আমজাদ মাসুদের শেষের রাত্রিসহ একাধিক নাটক। তখন থেকে বিজ্ঞাপন ও নাটক নিয়ে ব্যস্ততার পাল্লা ভারী হতে থাকে। বিজ্ঞাপন ও নাটক—দুটো নিয়েই ব্যস্ততা যাচ্ছে তাঁর।প্রথম স্বপ্ন তো পূরণ হলো, দ্বিতীয় স্বপ্নের কী হবে?‘ওই জায়গাটা আমার আরেকটি স্বপ্নের জায়গা। বাবার আদর্শের পথে আমিও হাঁটতে চাই। সবেমাত্র এইচএসসি পাস করলাম। মিডিয়ায় কাজের পাশাপাশি আইন বিষয়ে পড়ার ইচ্ছা আছে।’ বললেন সোমা।