সোমি আলীর মুখে সালমান স্তুতি!
সালমান খান সম্পর্কে মুখ খুললেন তাঁর সাবেক প্রেমিকা সোমি আলী। অবশ্য সালমানের পক্ষেই সাফাই গেয়েছেন সোমি। যদিও রগচটা, মারকুটে স্বভাবের জন্য বেশ কয়েকবারই খবরের শিরোনাম হয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান। কিন্তু সোমি জানিয়েছেন উল্টোটাই! তাঁর ভাষ্য, সালমান কখনোই তাঁর সঙ্গে রূঢ় আচরণ করেননি।সোমি আলীর উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘তিনি বলেছেন, আমি কখনোই সালমানের রগচটা এবং মারকুটে স্বভাবের প্রমাণ পাইনি। গায়ে হাত তোলা তো দূরের কথা, সে আমার সঙ্গে কখনো উচ্চবাচ্যও করেনি। আমার জানামতে, কারও সঙ্গেই এ ধরনের আচরণ সে করেনি।’প্রসঙ্গত, এর আগে সাবেক দুই প্রেমিকা ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল সালমানের বিরুদ্ধে। ২০০২ সালের দিকে একটি ছবির সেটে মাতাল অবস্থায় হাজির হয়ে ঐশ্বরিয়ার গায়ে হাত তোলেন সালমান—এমন খবর প্রকাশিত হয়েছিল। এ ছাড়া সংবাদকর্মীদের গায়ে হাত তোলার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ খবর চাউর হয়েছিল যে, ‘এক থা টাইগার’ ছবির সেটে সহ-অভিনেত্রী ক্যাটরিনার গায়ে নাকি হাত তুলেছেন সালমান!এত কিছুর পরও সোমি কেন সালমানের পক্ষে সাফাই গাইছেন, সেটা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, তবে কি সাবেক প্রেমিককে ফিরে পেতেই এমন মধুর বাণী দিচ্ছেন ৩৬ বছর বয়সী এই মডেল-সাংবাদিক ও বলিউডের সাবেক অভিনেত্রী!