সোয়াত ভিড়ল চট্টগ্রামের মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়াত। একটি জাহাজের নাম। নোঙর ফেলেছে নাটকের মঞ্চে। একাত্তরে পাকিস্তানি হানাদারদের গণহত্যার সাক্ষী এই জলযান। বিস্মৃতির সমুদ্র থেকে এই জাহাজ ফিরে এসেছে আবার মঞ্চে। বিপুল অস্ত্রের ভান্ডার নিয়ে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসেছিল সোয়াত, একাত্তরের মার্চে। উদ্দেশ্য একটাই—বাঙালির স্বাধিকার আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া। পাকিস্তানিদের এই ষড়যন্ত্র গোপন থাকেনি। টের পেয়ে প্রতিরোধ গড়ে তোলেন বাঙালি শ্রমিক-জনতা। তাঁরা অস্ত্র খালাসে বাধা দেন। গুলি চালায় পাকিস্তানি বাহিনী। তাতে শহীদ হন তিন শতাধিক বাঙালি। ২৪ মার্চের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সূচনা হয়। জাহাজকে ঘিরে চট্টগ্রাম বন্দরে শ্রমিক ও জনতার প্রতিরোধের আখ্যান নিয়েই সোয়াত নাটকটি রচনা করলেন দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) নান্দনিক উপস্থাপনায় ৪২ বছর আগের সেই ঘটনা যেন মঞ্চে পুনরুজ্জীবন লাভ করল। সোয়াত প্রতিরোধ, গণহত্যা আমাদের ইতিহাসেরই একটি অংশ। কিন্তু এটি যখন কারও কারও ব্যক্তিগত করুণ স্মৃতির বিষয় কিংবা জীবনেরই কাহিনি হয়ে দাঁড়ায়, তখন তা আমাদের হূদয়ে এবং চেতনায় আঘাত করে। কাউকে কাঁদায়। জাহাজের ক্যাপ্টেন, খালাসি ও অন্য চরিত্রগুলোর ব্যক্তিগত জীবনযাপন নিয়ে এক ঘণ্টার শ্বাসরুদ্ধকর টানটান উত্তেজনাময় ঘটনাগুলো উঠে এসেছে নাটকে। কয়েকজন মানুষ দীর্ঘদিন লোনা হাওয়ার ভেতর সাগরে ভাসতে ভাসতে যখন নাড়ির টানে বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব, তখন বন্দরে জাহাজ ভিড়লে তাঁরা উল্লসিত হন। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হয় না। তাঁরা লাশ হয়ে ভাসেন সাগরে। নাটকের একপর্যায়ে দেখা যায়, সোয়াত সাগরের মাঝখানে কুয়াশাকবলিত হয়েছে। তখন মনে আসে আমাদের ইতিহাসও এ রকম বিস্মৃতির কুয়াশায় ঢাকা পড়ে। সোয়াত যেন তারই প্রতীক হয়ে দর্শকের সামনে উপস্থিত হয়েছে।সামগ্রিক বিচারে মুক্তিযুদ্ধ নিয়ে মঞ্চসফল নাটকের তালিকায় সোয়াতও নির্দ্বিধায় অন্তর্ভুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন এই নাটকের মুগ্ধ দর্শকেরা। নাটকে চট্টগ্রামের লোকগান ও ভাষার ব্যবহার দর্শককে স্মৃতিকাতর ও আবেগপ্রবণ করে তোলে। মঞ্চসজ্জার মুনশিয়ানা, যথাযথ আলো-ছায়া আর শব্দ নিয়ন্ত্রণের কৌশলে পুরো মঞ্চটাই মনে হয়েছে মাঝসমুদ্রে ভাসমান একটি জাহাজ। নির্দেশক আহমেদ ইকবাল হায়দার যেমন নিজে অসাধারণ অভিনয় করেছেন তেমনি তাঁর সতীর্থদের কাছ থেকেও তা আদায় করে নিয়েছেন। নাটকে নানা চরিত্রে অভিনয় করেছেন রমিজ আহমেদ, প্রিয়ংকর দেবনাথ, মোহাম্মদ আলী, আবদুল হাদী, এম শাহীন চৌধুরী, মাহবুবুল ইসলাম, রিপন বড়ুয়া, অলিউর রহমান, জুয়েল চাকমা, অমিত চক্রবর্তী, শান্তনু দাশ, শ্যামল বড়ুয়া। মঞ্চ, আলো, আবহ ও কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন নির্দেশক নিজেই। পোশাক তৈরি করেছেন নায়লা আজাদ, নাট্যরূপে সহযোগিতা করেছেন দীপক সুমন ও প্রদীপ খাস্তগীর, মঞ্চ নির্মাণে সহযোগিতা করেছেন রেজাউল করিম, আলোক প্রক্ষেপণে ছিলেন মো. নুরুন্নবী, আবহ নিয়ন্ত্রণ করেছেন মানিক মিঞা এবং প্রযোজনাটির সমন্বয়কারী হিসেবে ছিলেন রমিজ আহমেদ।গত ২৪ থেকে ২৬ মার্চ টিআইসি মিলনায়তনে তিন দিনব্যাপী প্রদর্শনী হলো সোয়াত-এর। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও চট্টগ্রাম সিটি করপোরেশন সহায়তায় প্রযোজিত এই নাটকের তিন দিনের প্রদর্শনীতে ছিল হলভর্তি দর্শক। তাদের বেশির ভাগই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ। সোয়াত সেই চেতনাকে আরও শাণিত করবে।