মেটালপ্রেমীদের কাছে সেপলতুরা নামটি খুবই পরিচিত। ম্যাক্স ক্যাভালেরা ছিলেন সেই দলের অন্যতম সদস্য। ১৯৯৬ সালে তিনি বিশ্ববিখ্যাত সেই থ্রাশ মেটাল দল ত্যাগ করেন ব্যক্তিগত কিছু কারণে। তবে তিনি থেমে যাননি। পরবর্তী সময়ে গড়ে তোলেন সোলফ্লাই, যা নিয়েই তিনি তাঁর সংগীতজীবন চালিয়ে যাচ্ছেন। আজ ‘আনন্দ’-এর পাঠকদের কাছে সোলফ্লাই সম্পর্কে কিছু কথা তুলে ধরা হচ্ছে। ১৯৯৭ সালে ম্যাক্স ক্যাভালেরা তাঁর নিজের মতো করে একটি মেটাল দল গঠন করেন। তিনি তাঁর সঙ্গে গিটারিস্ট হিসেবে জ্যাকসন ব্যান্ডেইরা, বেইজিস্ট হিসেবে মারসেলো ‘চেলো’ ডায়াস এবং ড্রামার হিসেবে রয় মেয়োরগাকে নিয়েছিলেন। মেটাল গানের সঙ্গে আধ্যাত্মিকতার যোগাযোগ ঘটানোর লক্ষ্যেই তাঁরা গান শুরু করেন। তাই তাঁদের দলের নামটাও বেশ আধ্যাত্মিক হলো। তাঁরা সোলফ্লাই নামেই পথচলা শুরু করলেন। সোলফ্লাই গঠনের পর থেকে ম্যাক্স ক্যাভালেরা শব্দের সঙ্গে আধ্যাত্মিক বিশ্বাসকে যুক্ত করতে থাকেন। তবে শুরুতেই তিনি একটা ধাক্কা খান। সোলফ্লাই গঠনের পরপরই তাঁর সেছলে এবং খুবই কাছের বন্ধু ডানা ওয়েলস মৃত্যুবরণ করেন। সেই সময়ে সোলফ্লাইয়ের প্রথম অ্যালবামের রেকর্ডিং চলছিল। সোলফ্লাই শিরোনামেই সেই অ্যালবামটি ১৯৯৮ সালের এপ্রিল মাসে বের হয়ে বিলবোর্ড শীর্ষ ২০০-এর মধ্যে ৭৯তম স্থান করে নেয়। একটা থ্রাশ মেটাল দল হিসেবে এটা তাঁদের কাছে বেশ ভালো সংবাদ ছিল। সোলফ্লাইয়ের প্রথম অ্যালবাম থেকেই তাঁরা বহু অতিথিশিল্পীকে তাঁদের গানে কাজ করার আমন্ত্রণ জানিয়েছেন। ফিয়ার ফ্যাক্টরি দলের মারিও সি, বার্টন সি, বেল, ডিনো সেজারেস ও ক্রিশ্চিয়ান ওল্ড ওল্বারস; লিম্প বিজকিটের ফ্রেড ডার্স্ট ও ডি জে লিথাল; ডেফটোনসের চাইনো মোরেনো; স্কিনড্রেডের বেনি ওয়েবে, সাইপ্রেস হিলের এরিক বোবো এবং চিকো সায়েন্সের জর্জ ডো পেইকসি ও গিলমার বোলা ওইতো সোলফ্লাইয়ের প্রথম অ্যালবামে কাজ করেন। এরপর সোলফ্লাই আর থেমে থাকেনি। যদিও দলটির দলনেতা ম্যাক্স ক্যাভালেরা বাদে প্রতিষ্ঠাতা সদস্য কেউ আর নেই। অনেকবার সদস্য বদল হওয়ার মধ্য দিয়েই সোলফ্লাই আটটি স্টুডিও অ্যালবাম ও একটি ট্যুর ইপি বের করেছে। আর প্রতিটি অ্যালবামেই অতিথিশিল্পীদের জন্য জায়গা রেখেছে। শুরুর দিকে সোলফ্লাইয়ের গানের মূল কথা ছিল আধ্যাত্মিকতা ও ধর্মীয় বিশ্বাস। তবে পরের দিকে সেখানে যুক্ত হয়েছে যুদ্ধ, আগ্রাসন, নির্যাতন, ক্রোধ, ঘৃণাসহ এমন নানা বিষয়। তাদের গানের ধারায় উঠে আসে মেটালের বহুমাত্রিক ঘরানার সঙ্গে ব্রাজিলের আদিবাসীদের সংগীতের এক অনন্য মিশ্রণ। তবে তারা মূলত মেটালের মধ্যে ন্যু মেটাল, থ্রাশ মেটাল, গ্রুভ মেটাল ও ডেথ মেটাল নিয়ে কাজ করে। তাদের আটটি অ্যালবামের মধ্যে ছয়টি বিলবোর্ড শীর্ষ ২০০-এর মধ্যে অবস্থানের ভেতর দিয়েই বের হয়েছিল। তাদের সর্বশেষ অ্যালবামটি এনস্লেইভড ২০১২ সালের ১৩ মার্চ বের হয়। এই অ্যালবামের গানগুলোর বিষয়বস্তু হলো ‘দাসত্ব’। এখানেও অনেক অতিথি সোলফ্লাইয়ের সঙ্গে কাজ করেন। তবে সবচেয়ে মজার বিষয় হলো, এই অ্যালবামের ‘রিভেঞ্জেনস’ শীর্ষক গানটিতে ম্যাক্স ক্যাভালেরার তিন ছেলে (জায়ন, রিচি ও ইগুার) কাজ করে। আর ২০১২ সালের পর জায়ন ক্যাভালেরা সোলফ্লাইয়ের স্থায়ী ড্রামার হিসেবে যোগ দেন।এখন বাপ-ছেলে এক দলেই গান করছেন। ২০১৩ সালের এপ্রিলে সোলফ্লাই তাদের নতুন অ্যালবাম শুরু করার কথা জানায় এবং মে মাসের ৩ তারিখে তারা নিশ্চিত করে যে নতুন অ্যালবামের ড্রামসের কাজ করবেন জায়ন ক্যাভালেরা। সোলফ্লাইয়ের যত অ্যালবাম সোলফ্লাই (১৯৯৮) প্রিমিটিভ (২০০০) থ্রি (২০০২) প্রোসেফি (২০০৪) ডার্ক এজেস (২০০৫) কংকোয়্যার (২০০৮) ওমেন (২০১০) এনস্লেইভড (২০১২)সোলফ্লাইয়ের সদস্যরা ম্যাক্স ক্যাভালেরা—ভোকালস, গিটার (১৯৯৭-বর্তমান) মার্ক রিজো—গিটার (২০০৩-বর্তমান) টনি ক্যাম্পোস—বেইজ, ব্যাকিং ভোকালস (২০১১-বর্তমান) জায়ন ক্যাভালেরা—ড্রামস (২০১২-বর্তমান)