সোলসের ১২.১২.১২
ঝুট ঝামেলার তিন বছর পর এসেছে জ্যাম। এরপর?‘এবার আর বেশি সময় নেব না। ঠিক এক বছর পর আসবে আমাদের পরবর্তী নতুন অ্যালবাম। আশা করছি, আগামী বছরের ১২ ডিসেম্বরই তা শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’১২ ডিসেম্বর কেন?‘কারণ আমাদের নতুন অ্যালবামটির শিরোনাম হবে ১২.১২.১২।’ এর আগে তো ০৮.০৮.০৮, ০৯.০৯.০৯. ১০.১০.১০, ১১.১১.১১—এমনি অনেক তারিখ চলে গেছে। এবার কেন ১২.১২.১২ তারিখটি একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হলো?‘২০১২ সাল নিয়ে অনেক আলোচনা।হলিউডে ছবিও তৈরি হয়েছে। আমরা আমাদের গানের মধ্য দিয়ে ব্যাপারটি তুলে ধরার চেষ্টা করব।’ বাজারে আসা নতুন অ্যালবাম জ্যাম নিয়ে কথা হচ্ছিল সোলসের সদস্য পার্থ বড়ুয়ার সঙ্গে। সোলসের জ্যাম অ্যালবামটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের মিউজিক রেডিওতে শ্রোতারা প্রথম শুনতে পান গত ১৭ আগস্ট থেকে। কথা ছিল, মুঠোফোনে প্রকাশের দুই মাস পর অ্যালবামটি অডিও সিডি আকারে বাজারে ছাড়া হবে।কিন্তু শ্রোতাদের অপেক্ষা করতে হলো আরও কিছুদিন। ১০ ডিসেম্বর জ্যাম-এর অডিও সিডি বাজারে এসেছে। অ্যালবামটি প্রকাশ করছে ডেডলাইন মিউজিক।একটি অ্যালবাম তৈরির জন্য তিন বছর সময় কেন লেগেছে? পার্থ বললেন, ‘একটা অ্যালবাম তৈরির জন্য কিন্তু মোটেও এতটা সময়ের প্রয়োজন হয় না। অনেক ভালো কিংবা খুব জনপ্রিয় গান তৈরি হয়েছে মাত্র আধঘণ্টায় বা তার চেয়ে কম সময়ে। আসলে নানা কারণে অ্যালবামের কাজ শেষ করা সম্ভব হয়নি। আমরা সবাই গানের বাইরেও বিভিন্ন কাজে ব্যস্ত আছি।’সোলসের সঙ্গে ২০ বছরেরও বেশি সময় ধরে জড়িত আছেন দুজন—নাসিম আলী (কণ্ঠ) ও পার্থ বড়ুয়া (কণ্ঠ ও গিটার)। পার্থ গানের পাশাপাশি অভিনয় করছেন আর নাসিম আলী জড়িত ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের সঙ্গে। রানা (বেস গিটার), তুষার (পারকেশন) ও মাসুম (কি-বোর্ড) তিনজনই গানের সুর ও সংগীত পরিচালনা করছেন। আর আশিক (ড্রামস) চাকরি করছেন অ্যাপোলো হাসপাতালে। পার্থ জানালেন, এ মাসে ১৭ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১০টি বড় কনসার্টে অংশ নিয়েছেন তাঁরা। নভেম্বর থেকে তাঁরা কেউ স্টুডিওতে যাচ্ছেন না। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা স্টুডিওতে নতুন কোনো কাজ করবেন না। সোলস আবার কাজ শুরু করবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। পার্থ গত মঙ্গলবার গান গাইতে অস্ট্রেলিয়া ও কানাডায় গেছেন। যাওয়ার আগে রোববার গিয়েছিলেন বগুড়ায়। সোমবার সারা দিনই নানা কাজে ব্যস্ত থাকবেন। তাই বগুড়া থেকে ফিরে আসার পর রোববার রাতেই কথা হলো পার্থ বড়ুয়ার সঙ্গে। সোলস এখন বিভিন্ন টিভি অনুষ্ঠান ও কনসার্টে নিজেদের খুব জনপ্রিয় হওয়া গানের পাশাপাশি জ্যাম থেকেও গান করছেন। পার্থ জানালেন, নতুন অ্যালবাম থেকে তাঁরা ‘জ্যাম’, ‘ছায়া’, ‘নির্মলেন্দু গুণ’ ও ‘মন খারাপ’ গানগুলো নিয়মিত করছেন। নতুন অ্যালবাম থেকে এই চারটি গান জনপ্রিয়তা পেয়েছে?পার্থ বলেন, ‘আমরা এখনো তা মনে করছি না। শ্রোতারা যে কোন গানটি কখন আর কেন পছন্দ করবেন—তা কিন্তু বলা খুবই কঠিন। তার পরও আমরা শ্রোতাদের নতুন অ্যালবামের গানগুলো শোনানোর চেষ্টা করছি। এখন চারটি গান বেশি করছি, পরে অন্য গানগুলো করব।’পার্থ জানান, এরই মধ্যে জ্যাম অ্যালবামের ‘জ্যাম’ গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। শিগগিরই ‘নির্মলেন্দু গুণ’ ও ‘স্বপ্ন এভিনিউ’ গান দুটির মিউজিক ভিডিও তৈরি করবেন তাঁরা। শুধু তা-ই নয়, সোলসের পুরোনো কিছু জনপ্রিয় গানের মিউজিক ভিডিও নিয়ে পুরো একটি মিউজিক ভিডিওর অ্যালবাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আর তা দর্শক হাতে পাবেন আগামী রোজার ঈদের আগে। শুরুতে মুঠোফোনে অ্যালবামের গানগুলো প্রকাশ করা প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। আধুনিক প্রযুক্তি, শ্রোতারাও নিশ্চয় তা পছন্দ করেছেন। তা ছাড়া এই অ্যালবামে দুজন উদীয়মান তারকাকে সঙ্গে পেয়েছি।’হ্যাঁ, সোলস এবার তাঁদের জ্যাম অ্যালবামে নতুনত্ব আনার জন্য ‘সোলস ফিচারিং ইউ’ নামে গ্রামীণফোনের সঙ্গে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার মাধ্যমে তাঁরা সংগীতজগতে একজন নতুন গীতিকার ও একজন যন্ত্রশিল্পী (বেহালাবাদক) উপহার দেন। নতুন এই গীতিকার মাহফুজ রহমান আর যন্ত্রশিল্পী জাহিদ আনোয়ার। ‘ছায়া’ গানটি লিখেছেন মাহফুজ রহমান। পার্থ বললেন, ‘আমরা আমাদের আগামী অ্যালবামেও নতুনদের অংশগ্রহণের ব্যাপারটি বিবেচনা করছি।’ জ্যাম অ্যালবামে গানের কথা লিখেছেন কবির বকুল, আশিক, আশরাফ বাবু, টি আই অন্তর, রানা, মাহফুজ রহমান ও রনি।আবারও প্রশ্ন সেই ১২.১২.১২ অ্যালবামটি নিয়ে। এই অ্যালবামের গানগুলো কেমন হবে? নতুন কী রাখার পরিকল্পনা করছেন তাঁরা? না, এখনই এ ব্যাপারে আর কিছু বলতে চাননি পার্থ। জানালেন, অ্যালবামের কাজটা আগে শুরু হোক, এরপর ধীরে ধীরে সব জানা যাবে।