সোলায়মান প্রণোদনা বৃত্তি ও স্মরণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের জন্য একটু বেশি মাত্রায় উৎসাহী ছিলেন বলে নিজের রচিত খ্যাপা পাগলার প্যাঁচাল নাটকের মতো বন্ধু সুহূদরা এস এম সোলায়মানের নামও দিয়েছিলেন ‘খ্যাপা পাগলা’। দেশের নাট্যাঙ্গন ২০০১ সালের ২২ সেপ্টেম্বর হারিয়েছিল খ্যাপা সোলায়মানকে। সোলায়মানের স্মৃতি রক্ষার্থে ও তরুণ নাট্যকর্মীদের সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য ২০০৫ সালে থিয়েটার আর্ট ইউনিট প্রণোদনা বৃত্তি প্রবর্তন করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে খ্যাপা পাগলার স্মরণে প্রদান করা হয় ‘এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি’। সৃজনশীল তরুণ নাট্যকর্মী হিসেবে ২০১১ সালে এ বৃত্তির জন্য মনোনীত ত্রপা মজুমদারের হাতে পদক তুলে দেওয়া হয়। তাঁর হাতে সম্মাননা স্মারক ও বৃত্তি তুলে দেন সৈয়দ শামসুল হক। থিয়েটার আর্ট ইউনিটের প্রধান রোকেয়া রফিক বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে এস এম সোলায়মান স্মারক বক্তৃতা করেন মান্নান হীরা। আলোচনা করেন মামুনুর রশীদ।পুরস্কার বিতরণী শেষে থিয়েটার আর্ট ইউনিট মঞ্চায়ন করে এস এম সোলায়মান রচিত ও রোকেয়া রফিক নির্দেশিত নাটক আমিনা সুন্দরী। প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’ অবলম্বনে গড়ে উঠেছে আমিনা সুন্দরী। পুরুষশাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনাকে উপজীব্য করে রচিত হয়েছে নাটকটি। লোককাহিনি অবলম্বনে রচিত হলেও তাতে কালোত্তীর্ণভাবে নারীর বৈষম্য বঞ্চনাকে তুলে ধরা হয়েছে। পতিভক্ত আমিনা সুন্দরীর স্বামী নছর পেশায় জাহাজের একজন মালুম। ব্যবসার উদ্দেশে পাড়ি জমায় ভিনদেশে। স্বামীর এই বিচ্ছেদে আমিনার জীবনে নেমে আসে বিভীষিকা। স্বামী নছর ভিনদেশি নারীকে বিয়ে করে সংসার বাঁধে। আমিনা নানা ঘাত-প্রতিঘাতের পরে বন্দী হয় এক সওদাগরের ঘরে। আমিনা সুন্দরী থিয়েটার আর্টের ১২তম প্রযোজনা। উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে স্মৃতিচারণা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে সন্ধ্যা সাতটায় থিয়েটার আর্ট মঞ্চস্থ করবে কোর্ট মার্শাল। এস এম সোলায়মানের মৃত্যুকাল ২০০১ সাল। এখনো তাঁকে ভুলতে পারেননি তাঁর বন্ধু-স্বজনেরা। তাঁদের কাছে ব্যক্তি সোলায়মান মরে গেছেন, কিন্তু তাঁর শিল্পদেহে পচন ধরেনি। এই প্রণোদনা বৃত্তি দিয়ে নাট্যকর্মীদের উৎসাহিত করে আরও খ্যাপা সোলায়মান সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছেন তাঁরা।মণিপুরি থিয়েটারের ১৫ বছর পূর্তি২৬ সেপ্টেম্বর মণিপুরি থিয়েটারের ১৫ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে আজ শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এরপর শুরু হবে বিশেষ নাট্যমূলক পরিবেশনা নটপালা। মণিপুরিদের ঐতিহ্যবাহী এই পালাটি রাধা-কৃষ্ণের বৈষ্ণব রসাশ্রয়ী লীলা-আখ্যান, দেহতত্ত্বের গান এসব নিয়ে গ্রন্থিত। মৃদঙ্গ, ঢোল, করতাল সহযোগে গান, নৃত্যভঙ্গি ও অভিনয়ের এক অনবদ্য প্রকাশ ঘটে এই পরিবেশনায়। বিধানচন্দ্র সিংহের পরিচালনায় এই পরিবেশনায় অংশ নেবেন ‘মণিপুরি নটপালা শিল্পী সংস্থা’র প্রখ্যাত ১১ জন পালাশিল্পী। এই পর্বটি সব দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শনির বিনিময়ে পরিবেশিত হবে মণিপুরি থিয়েটারের নাটক কহে বীরাঙ্গনার ২৫তম প্রদর্শনী। চট্টগ্রামে বই উৎসব নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বই উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি আবু সুফিয়ান। উদ্বোধনের পরপর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বই উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। উৎসব উপলক্ষে গতকাল বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান করেন প্রেসক্লাব সদস্য বিশ্বজিৎ বড়ুয়া, আমন্ত্রিত শিল্পী কল্পনা লালা ও সামা দাশ। আজ উৎসবের শেষ দিনের কর্মসূচিতে রয়েছে, সকাল ১০টায় কবিতা পাঠের আসর এবং বিকেল চারটায় আলোচনা। ‘সাহিত্য ও সাংবাদিকতা: প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক দুলালচন্দ্র বিশ্বাস। বই উৎসব চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।