সোশ্যাল মিডিয়ায় রাজত্বের কৌশল জানালেন কেটি পেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

সবচেয়ে বেশি অনুসারী নিয়ে নয় মাস ধরে টুইটারে রাজত্ব করছিলেন ‘টিন সেনসেশন’খ্যাত কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার। কিন্তু সম্প্রতি তাঁর রাজত্বে হানা দিয়েছেন মার্কিন গায়িকা কেটি পেরি। সবচেয়ে বেশি অনুসারী জুটিয়ে টুইটারে জনপ্রিয় তারকার শীর্ষ আসনটি দখল করেছেন ২৯ বছর বয়সী এ পপ গায়িকা। শুধু তাই নয়, ফেসবুকেও বিবারের চেয়ে বেশি অনুসারী জুটিয়েছেন পেরি। সোশ্যাল মিডিয়ায় রাজত্বের কৌশল সম্পর্কেও জানিয়েছেন তিনি।  
অবশ্য পেরি ও বিবারের টুইটার অনুসারীর সংখ্যার তারতম্যটা খুব সামান্য। বিবারের বর্তমান টুইটার অনুসারীর সংখ্যা ৪৬.৪৭ মিলিয়ন। আর পেরির টুইটার অনুসারীর সংখ্যাটি গিয়ে ঠেকেছে ৪৬.৪৮ মিলিয়নে।
এ ছাড়া ফেসবুকেও বিবারের চেয়ে বেশি অনুসারী পেয়ে গেছেন পেরি। বিবারের ফেসবুক অনুসারীর সংখ্যা ৫৭.২৮ মিলিয়ন। আর ফেসবুকে পেরিকে অনুসরণ করছেন তাঁর ৫৯.২৬ মিলিয়ন ভক্ত। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইঅনলাইন।
কেটি পেরি জানিয়েছেন, ‘কম্পিউটারের কিবোর্ডে টাইপ করার সময় ছোটখাটো অনেক ভুল করি আমি। বিশেষ করে “দেয়ার” কিংবা “ইওর”-এর মতো শব্দগুলো লেখার সময় ব্যাকরণগত ভুল হয়ে যায় আমার। তারপরও আমার মনে হয়, সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করার কৌশল আমি শিখে ফেলেছি।’

সোশ্যাল মিডিয়ায় রাজত্বের কৌশল সম্পর্কে পেরির ভাষ্য, ‘আমি মনে করি, সোশ্যাল মিডিয়ায় সবার মন রক্ষা করা সম্ভব নয়। সবার প্রতি সমান মনোযোগ দেওয়া অসম্ভব একটি ব্যাপার। কেউ যদি ভুলেও এ চেষ্টা করেন তবে তাঁর স্বকীয়তা বলে কিছু থাকবে না। আপনি যেমন, সোশ্যাল মিডিয়ায় ঠিক সেভাবেই নিজেকে মেলে ধরুন।’         

কেটি পেরি মনে করেন, বিখ্যাত মানুষদের নিয়ে অনেক গুজব রটলেও তার সত্যতা নেই জানানোর জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নেওয়া উচিত নয় তাঁদের। পেরির মতে, ‘বেশির ভাগ মানুষই এসব গুজব সম্পর্কে জানে না। গুজবটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে সেই গুজবের আগুনে ঘি ঢালার কোনো মানে নেই। অবস্থা খুব বেশি বেগতিক না হলে আমাকে ঘিরে রটানো গুজব নিয়ে ঘাঁটাঘাঁটি করি না আমি।’

এদিকে অলটুইটার নিউজ ব্লগ মনে করছে, কেটি পেরি টুইটারে যে হারে জনপ্রিয়তা পাচ্ছেন তা অব্যাহত থাকলে ৫০ মিলিয়ন টুইটার অনুসারীর মাইলফলক প্রথম স্পর্শ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাঁর।